আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি
আশুলিয়ার ভাদাইল এলাকায় ময়লা সংগ্রহের ব্যবসা কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে ভাঙচুর, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তাদের ব্যবসা দখলের উদ্দেশ্যে চাপ দিয়ে আসছিল আশুলিয়া থানা যুবদলের সহ-সভাপতি ইদ্রিস আলী। তার বাবাকে ময়লার ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন।
সোমবার (১৬ মার্চ) সকালে ঘটনার সূত্রপাত হয় বলে জানান ভুক্তভোগী এমতাজউদ্দিন ভুঁইয়া। এ ঘটনায় তার মেয়ে সাবিনা ইয়াসমিন আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত দুই থেকে তিন মাস ধরে অভিযুক্ত ব্যক্তি তাদের ময়লা সংগ্রহের কাজ ছেড়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন সকালে শ্রমিকরা কাজে গেলে তাদের বাধা দেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাদেরও ভয়ভীতি দেখানো হয়।
ভুক্তভোগীদের দাবি, কাজ শেষে বিকেলে গাড়িটি গ্যারেজে রাখার পর অভিযুক্তের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে এসে গাড়িতে ভাঙচুর চালায়। ঘটনার খবর পেয়ে তারা সেখানে পৌঁছানোর আগেই হামলাকারীরা সরে যায়।
অভিযোগে আরও বলা হয়, থানায় অভিযোগ দায়েরের পর পুলিশকে সঙ্গে নিয়ে অভিযুক্ত ইদ্রিস আলী কার্যালয়ে গেলে সেখানেও ভুক্তভোগীদের প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
পরিবারটি জানায়, তারা দীর্ঘদিন ধরে স্থানীয় বাসাবাড়ির উচ্ছিষ্ট ময়লা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন। এই ব্যবসা দখলের লক্ষ্যেই তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তাদের অভিযোগ। ঘটনার ভিডিওসহ বিভিন্ন প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও দাবি করা হয়েছে।
তবে অভিযুক্ত ইদ্রিস আলী এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : আলমাস হোসাইন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: খান টাওয়ার নিচতলা বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল: ০১৭৭৫০৮০৬২০
দৈনিক বাংলাদেশ ক্রাইম