
আলমাস হোসাইন | স্টাফ রিপোর্টার
ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বারইপাড়া এলাকা থেকে প্রায় ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়া (NOAH) গাড়িও জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান র্যাব-৪ সিপিসি-২, নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।
এর আগে বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকেলে বারইপাড়া এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. জুয়েল মিয়া (২৩) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আবদার সালেহার বটতলা, ময়নাবাদ এলাকার ওমর আলী (কাজল)-এর ছেলে।
র্যাব জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নবীনগর এলাকায় চেকপোস্ট ডিউটির সময় সন্দেহজনক একটি নোয়া গাড়িকে থামানোর সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে আশুলিয়ার বারইপাড়া এলাকায় গাড়িটি থামাতে সক্ষম হয়।
গাড়ির চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় গাড়িটি তল্লাশি করা হলে চালকের আসনের নিচে ও পেছনের অংশে লুকিয়ে রাখা ১২টি প্যাকেট থেকে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের নোয়া গাড়িটি জব্দ করা হয়। পাশাপাশি তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা, গাজীপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম