
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে শিল্প ও বানিজ্যমেলা স্থগিত চেয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর মেলার নির্ধারিত স্থান সংলগ্ন আল্লামা ফজলুল করীম (রহঃ) জামিয়া ইসলামীয়া মাদ্রাসা কর্তৃপক্ষ আবেদন জানিয়েছে।
গতকাল ৫ জুন উক্ত মাদ্রাসার সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান আলী জেলা প্রশাসকের কাছে উক্ত আবেদন পেশ করেন।
মেলা স্থগিত চাওয়ার কারণ হিসেবে আবেদনে বলা হয়, বাবস্যা-বানিজ্য উন্নয়নের নামে এ ভাবে আয়োজিত বানিজ্য মেলায় প্রকৃত শিল্প ও ব্যবসার চেয়ে সার্কাস, লটারী, অশালীন বিনোদন ও বিভিন্ন প্রকার অনৈতিক অনাঙ্খিত কর্মকান্ডই বেশি গুরুত্ব পেয়ে থাকে বলে এলাকাবাসীর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এবং উদ্বেগের অন্যতম কারণ হিসেবে বলা হয়, নির্ধারিত স্থানের বিপরীতে পূর্বপার্শ্বে মহাসড়ক সংলগ্ন আল্লামা ফজলুল করীম (রহঃ) জামিয়া ইসলামীয়া নামে একটি দ্বীনি প্রতিষ্ঠান কওমী মাদ্রাসা অবস্থান। মাদ্রাসায় প্রায় ৪শত আবাসিক ছাত্র অধ্যয়নরত আছে। স্থানীয় এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষের আশঙ্কা এ মেলা মাসাধিক কাল চলতে থাকলে মাদক দ্রব্যের বিস্তার, জুয়া, ছিনতাই, চুরি কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় অবশ্যই বৃদ্ধি পাবে। এতে মাদ্রাসায় পড়া লেখা ও পরিবেশ রক্ষা করা বিঘ্নিত হতে পারে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেন। এজন্য কর্তৃপক্ষ দ্বীনি প্রতিষ্ঠানের ভাবমুক্তি বজায় রাখতে এবং কোলাহল মুক্ত পরিবেশে ছাত্রদের লেখাপড়া সাবলীল গতিতে পরিচালনা স্বার্থে প্রস্তাবিত বানিজ্য মেলার অনুমতি অবিলম্বে বাতিল বা স্থাগিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান। ইতোমধ্যে গত ৩ জুন উক্ত মেলার অবকাঠামো নিরমাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, লটারির নামে জুয়া এবং মাদকের রমরমা ব্যবসাকে সামনে রেখে সস্তা বিনোদনের নাম করে কুড়িগ্রাম চেম্বার এন্ড কমার্স - এর আয়োজনে কুড়িগ্রামের ধরলা ব্রিজ সংলগ্ন প্রস্তাবিত ডিসি পার্কে আমামী ২০ জুন থেকে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা(অনুমোদিত) স্থগিত বা বাতিল করার দাবিতে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ গত ৪ জুন মাননীয়
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আবেদন করে। আবেদনের অনুলিপি স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়। মেলা স্থগিতের ওই আবেদনে বলা হয়, ৬০ লক্ষ টাকার অনৈতিক রফাদফায় এই মেলা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে আয়োজনের প্রক্রিয়া চুড়ান্ত করা হয়েছে। এছাড়া মেলাটি স্থগিত বা বাতিলের সঙ্গতঃ কারণ উল্লেখ করে আবেদনকারী বলেন, কুড়িগ্রাম দেশের অন্যতম দুর্যোগপ্রবণ ও পিছিয়ে থাকা জেলা। প্রতিবছর বন্যা, নদীভাঙন, দারিদ্র্য ও বেকারত্বের সঙ্গে লড়াই করে জেলার মানুষ জীবনযাপন করে। সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণ ও নদীভাঙনে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ বর্তমান চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় বাণিজ্য মেলার আয়োজনকে সময়োপযোগী নয় বলে উল্লেখ করা হয় এবং একই সঙ্গে কুড়িগ্রামে এধরণের মেলার অতীত অভিজ্ঞতা তুলে ধরে বলা হয়, এ ধরনের মেলায় স্থানীয় অর্থনীতির উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রত্যাশিত সুবিধা পান না। বরং কিছু ব্যক্তি বা গোষ্ঠী আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পায়। পাশাপাশি মেলার সময় মাদক, জুয়া, লটারি, কিশোর অপরাধ, চুরি ও ছিনতাইয়ের মতো সামাজিক সমস্যার বিস্তার ঘটতে পারে এধরণের আশঙ্কাও প্রকাশ করে উক্ত মেলা বাতিলের পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
নিরভরযোগ্য সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের আহ্বানে মেলার আয়োজক কমিটি, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে এক আলোচনায় মেলাটি আদৌ করা যাবে কী না- এ বিষয়ে মতবিনিময় করা হয়। তবে সর্বশেষ মেলাটি স্থগিত কিংবা বাতিলের ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়া হয়েছে তা প্রকাশ করা হয়নি। মেলা স্থগিত বা বাতিলের আবেদনকারীদের পক্ষে বলা হয়েছে সম্ভবত: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষা করা হচ্ছে। একই সঙ্গে এক আবেদেনকারীকে তার আবেদন তুলে নেয়ার চাপ সৃষ্টি করা হচ্ছে। আপরদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, কে কী করে করুক আমরা আমাদের ছাত্রদের কথা বিবেচনা করে প্রস্তাবিত জায়গায় মেলাটি হতে দেব না।
সম্পাদক ও প্রকাশক : আলমাস হোসাইন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: খান টাওয়ার নিচতলা বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল: ০১৭৭৫০৮০৬২০
দৈনিক বাংলাদেশ ক্রাইম