গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুর মহানগরে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে পরিচালিত বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় গাজীপুর মহানগরের সদর থানার পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে তানজিম আহমেদ সোহেল ও মো. বাবুকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং নাম্বার প্লেটবিহীন একটি টিভিএস অ্যাপাচি ফোরভি ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ আলামত হিসেবে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশের দাবি, মহানগর এলাকায় অবৈধ অস্ত্রের বিস্তার রোধ, সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
এ বিষয়ে সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম