টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত বিজিবির বিশেষ টহল দলের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে গত ১০ নভেম্বর রাতে তাদের আটক করা হয়। হামলায় এক বিজিবি সদস্য আহত হয়েছেন এবং টহল দলের ব্যবহৃত একটি পিকআপের তিনটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর রাত ১১টা ১০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার ওলিয়াবাদ মাদ্রাসা সংলগ্ন এলাকায় রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে দায়িত্ব পালন করছিল বিজিবির এক প্লাটুন বিশেষ টহল দল। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে টহল দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে এক বিজিবি সদস্য আহত হন। পাশাপাশি টহল দলের পিকআপের পেছনের দরজাসহ তিনটি গ্লাস ভেঙে যায়।
ঘটনার পরপরই বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। রাত ১১টা ৫৫ মিনিটের দিকে হামলায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার ফজল আহাম্মদের ছেলে খোরশেদ আলম, জাফর আলমের ছেলে আকিব ও মার্কিন মিয়ার ছেলে আব্দুল গফুর।
বিজিবি জানায়, হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে পুলিশ ও এসআরবির সঙ্গে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম