আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় পৃথক দুটি অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২০০ পুড়িয়া হেরোইনসহ সাদ্দাম হোসেন (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি শেরআলী মার্কেট এলাকার মৃত শাহ আলমের ছেলে।
এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে ইসলাম নগর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সেখান থেকে ৫০ পিস ইয়াবাসহ আতিকুর রহমান (৪২) নামে আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি আবুল কালাম আজাদের ছেলে।
পুলিশ জানায়, আটক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তিনটি এবং আতিকুর রহমানের বিরুদ্ধে অন্তত একটি মাদক মামলা রয়েছে।
ওসি সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম