নেত্রকোনা প্রতিনিধি
: নেত্রকোনার কেন্দুয়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে ডিএনসি। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।আটক মরিয়ম উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী।
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। ডিএনসি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কেন্দুয়াগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসছে। এমন গোপন সংবাদে আজ সকালে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহনে তল্লাশি করা হয়। একপর্যায়ে চট্রগ্রাম থেকে আসা ‘আশেকানে হাওলাপুরী’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাসে থাকা মরিয়ম বেগমের কাছ থেকে দুটি প্যাকেটে রাখা মোট ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এছাড়া একটি আইটেল বাটন মোবাইল ফোন ও মাদক বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে তাকে আটক করা হয়।
ডিএনসি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম ও তার স্বামী জুয়েল মিয়া কুখ্যাত মাদক কারবারি। মরিয়ম চট্টগ্রাম থেকে ইয়াবার বড় চালান নিয়ে আসতেন। পরে এসব ইয়াবা স্বামী-স্ত্রী মিলে এলাকায় বিক্রি করতেন। এ ঘটনায় আটক মরিয়ম বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী মাদক আইনে কেন্দুয়া থানায় মামলা করেছেন। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মরিয়মকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বদা তৎপর রয়েছে। মাদক অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম