
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় শিক্ষা, মানবিক সহায়তা, প্রযুক্তি সচেতনতা, পরিবেশ সংরক্ষণ ও জনসেবামূলক কার্যক্রম জোরদারে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল চুনাখালী স্কুল অ্যান্ড কলেজে ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাবের উদ্বোধন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, সাইবার নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বিষয়ক আলোচনা, গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ, অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থের চেক, সেলাই মেশিন, বীজ ভাঙার মেশিন ও ঢেউটিন বিতরণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ও আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শিক্ষা, প্রযুক্তি, মানবিকতা ও পরিবেশের সমন্বয়ে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রযুক্তির নিরাপদ ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দিনব্যাপী এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, গ্রাম পুলিশ সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম