কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে বাংলাদেশ সীমান্তের কাছে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। আহত দুই ব্যক্তি বর্তমানে পুলিশি পাহারায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা হলেন ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মাঙ্কাচর জেলার সুখচর থানার বড়বালু এলাকার ইসমাইল হোসেন (৩৫) ও খাজা আব্দুল আলীম (৩৯)। তাদের দুজনের শরীরেই গুলির আঘাত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (৪ অক্টোবর) বিকেল থেকে মধ্যরাতের মধ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম দইখাওয়া চর সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। পরে স্থানীয় জেলে ও মাঝিরা আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ তাঁদের হেফাজতে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহতদের বরাত দিয়ে পুলিশ জানায়, তাঁরা ভারতের সীমান্তবর্তী এলাকায় গরু পারাপারের সময় বিএসএফ সদস্যদের হাতে আটক হন। তাঁদের বাংলাদেশি নাগরিক মনে করে আটক করার পর মারধর এবং গুলি করা হয় বলে তাঁরা অভিযোগ করেছেন। পরে তাঁদের মৃত ভেবে বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় ফেলে রেখে যাওয়া হয় বলেও তাঁরা দাবি করেন।
আহত ইসমাইল হোসেন ও আব্দুল আলীম নিজেদের ভারতের আসাম রাজ্যের বাসিন্দা দাবি করে তাঁদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেন, কোনো অপরাধ করে থাকলে নিজ দেশের আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, দুই ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, দুই ভারতীয় নাগরিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাঁদের শরীরে গুরুতর আঘাত রয়েছে এবং চিকিৎসা চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে।
তবে সীমান্তে গুলির ঘটনার কথা অস্বীকার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, সীমান্তে গুলির কোনো ঘটনা তাঁদের জানা নেই। সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার রয়েছে।
ঘটনাটি নিয়ে বিএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আহত দুই ভারতীয় নাগরিকের বক্তব্য, পুলিশের তদন্ত এবং সীমান্তরক্ষী বাহিনীর অবস্থানের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি আরও পরিষ্কার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম