

বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ড পশ্চিম লাল্যাঘোনায় পাহাড় থেকে গাছের গুঁড়ি ধসে পড়ে লক্ষী বিলাশ চাকমা (৭০) নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে লাইল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পাহাড়ের নিকটে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, অতিরিক্ত বৃষ্টির কারণে গরুর খড়ের স্তূপে পানি জমে যায়। সেই পানি নিষ্কাশনের জন্য ড্রেন করার সময় হঠাৎ উপর থেকে একটি বড় গাছের গুঁড়ি উপড়ে এসে তার গায়ের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত লক্ষী বিলাশ চাকমা স্থানীয়ভাবে পরিচিত লক্ষ্মী ডাক্তারের ভাই বলে জানা গেছে।
নিহতের ছোট বোন মিনাক্ষী চাকমা বলেন, "অতিরিক্ত বৃষ্টির কারণে জমে থাকা পানি নিষ্কাশনের কাজ করা কালীন পাহাড় থেকে গাছের গুঁড়ি উপড়ে পড়ে আমার ভাই মারা যায়।"
বড় ভাই নির্মলেন্দু চাকমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার ছোট ভাই লক্ষী বিলাস চাকমা মায়া-মমতার বন্ধন ছিন্ন করে আজকে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। সে গরুর খড়ের স্তূপের পানি সরানোর জন্য ড্রেন করার সময় উপর থেকে গাছের গুঁড়া তার গায়ের উপর পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন "মূলত পাহাড় থেকে একটি গাছের গুঁড়ি ধসে পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে।"
তিনি পাহাড়ের পাদদেশে বসবাসরত সকলকে অতিরিক্ত বৃষ্টির কারণে সৃষ্ট ঝুঁকি এড়াতে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম