
বিশেষ প্রতিনিধি :
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির সহযোগিতায় সামাজিক বনায়ন কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ব্র্যাক আঞ্চলিক অফিসে ১৮টি ব্র্যাক প্রাইমারী স্কুল এবং ১৭টি ব্র্যাক প্রি-প্রাইমারী স্কুলের শিক্ষকগণের হাতে ৯৭১টি চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে নিকটবর্তী দিগর পানখালী ব্র্যাক প্রাথমিক স্কুলের শিক্ষার্থীগণও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার সমাজসেবা কর্মকর্তা জনাব মোহাম্মদ তৈয়ব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির এলাকা ব্যবস্থাপক নন্দন তালুকদার, ব্র্যাক চকরিয়া শাখার ম্যানেজার সুমন শর্মা (দাবি), ব্র্যাক শিক্ষা কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক মো: শাহীনুর ইসলাম ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ তৈয়ব আলী বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে প্রকৃতিপ্রেম, পরিবেশ সচেতনতা এবং দায়িত্ববোধ গড়ে উঠবে। আজকের এই চারাগুলোই আগামী দিনের সবুজ বাংলাদেশের ভিত্তি রচনা করবে।”
বিশেষ অতিথি নন্দন তালুকদার বলেন, “শুধু চারা গ্রহণ করলেই হবে না, প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ চারাটি যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করতে হবে। একটি গাছ একটি প্রাণ—এই উপলব্ধি থেকেই আমাদের সবাইকে বৃক্ষরোপণ আন্দোলনে অংশ নিতে হবে।”
অনুষ্ঠানে ব্র্যাকের কর্মকর্তারা জানান, সামাজিক বনায়ন উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির আওতায় সারা দেশে ৩ লাখ ৩৫৩টি গাছের চারা বিতরণ করা হবে। এর মধ্যে কক্সবাজার জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলায় ১৮১৭ টি গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া আড়ংয়ের পরিবেশবান্ধব ব্যাগ বিক্রির মাধ্যমে অর্জিত অর্থায়নে পরিচালিত এ উদ্যোগ পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম