
রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট (২৭)। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ১০টার দিকে নগরীর শাহমখদুম থানা এলাকার পল্লবী আবাসিক সংলগ্ন গাংপাড়া কবরস্থানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সহকর্মীর বাসায় যাওয়ার পথে একদল দুর্বৃত্ত সম্রাটের পথরোধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
ইব্রাহিম হোসেন সম্রাট বাংলাদেশ মেইল ২৪, দৈনিক সময়ের কাগজ, দৈনিক গণকণ্ঠ ও সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকায় কর্মরত রয়েছেন। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার বাসিন্দা। সংবাদ লেখা পর্যন্ত তিনি হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় সাংবাদিক আবির শেখ, তার ছোট ভাই আব্রাহাম (৯), বড় বোন কারিমা (১৯), মা আফরোজা বেগম (৪২) এবং দাদি সোনিয়া (৭০) আহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
সাংবাদিক আবির শেখ দাবি করেন, অবৈধ পুকুর খনন-সংক্রান্ত সংবাদ প্রকাশ এবং ছবি-ভিডিও ধারণের জেরে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, রাজশাহী সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা দুলাল ও হিরার নেতৃত্বে একদল ব্যক্তি এ হামলা চালায়।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকের ওপর এ হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম