সিরাজগঞ্জ উপজেলা সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় অত্র বিদ্যালয়ের প্রশাসনিক হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাজী মুদ্দীন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ দিক ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সেখ নজরুল ইসলাম।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সেখ নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন ধামাইনগর ইউপি সদস্য নিপেন্দ্র নাথ মাহাতো, গণমাধ্যম কর্মী হাজী মোঃ জাকি উল্লাহ, ৭নং ওয়ার্ড জামায়াতের আমির মোঃ আশরাফ উদ্দিন।
সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ ও বীরত্বগাথা স্মরণ করে বলেন, নতুন বাংলাদেশ গঠনে এই শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের স্বপ্ন বাস্তবায়ন এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে শিশু শ্রেণী হতে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা, স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক : সুমন আহমেদ, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল:
দৈনিক বাংলাদেশ ক্রাইম