সাঁথিয়া প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্বের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সাঁথিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান বাবুল এক ফেসবুক পোস্টে দাবি করেন, উপজেলা ছাত্রদলের দীর্ঘদিন কমিটি না থাকায় অনেক মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতা ছড়িয়ে-ছিটিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। ফলে তাদের মধ্যে সমন্বয় ও নেতৃত্বের ঘাটতি দেখা দিচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, যুবদলের কেন্দ্রীয় নেতা মাসুদুল হক মাসুদের সহযোগিতায় সাঁথিয়া উপজেলা যুবদল ছাত্রদলের নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ডে সহযোগিতা ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে। উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
তবে এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব শাখার গণমাধ্যম বিষয়ক সম্পাদক ও ছাত্রদল নেতা মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ছাত্রদলের উপজেলা ইউনিটকে সুসংগঠিত করা, নেতৃত্ব প্রদান এবং সাংগঠনিক তদারকি করার দায়িত্ব ছাত্রদলের জেলা কমিটির ওপর বর্তায়। এ ক্ষেত্রে যুবদলের সরাসরি মধ্যস্থতা বা নিয়ন্ত্রণমূলক ভূমিকা সংগঠনের সাংগঠনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি মত প্রকাশ করেন।
রাহাত আরও বলেন, “ছাত্রদল একটি স্বতন্ত্র সহযোগী সংগঠন। এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও ইউনিটসমূহকে সুসংগঠিত করার জন্য দলীয় কাঠামোর মধ্যেই দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ রয়েছেন। তাই এ দায়িত্ব ছাত্রদলের সংশ্লিষ্ট সাংগঠনিক স্তর থেকেই পালন হওয়া উচিত।”
এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি প্রয়োজন।
রাজনৈতিক মহলের মতে, উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন হলে এ ধরনের বিতর্কের অবসান ঘটতে পারে এবং সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : আলমাস হোসাইন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: খান টাওয়ার নিচতলা বাইপাইল মোড়া আশুলিয়া সাভার। মোবাইল: ০১৭৭৫০৮০৬২০
দৈনিক বাংলাদেশ ক্রাইম