আশুলিয়ায় জুয়ার বিস্তার: অপরাধ বাড়ছে, নীরবতায় প্রশ্নবিদ্ধ ভূমিকা

Written by

in

আশুলিয়া প্রতিনিধি:
ঢাকার আশুলিয়া এলাকায় জুয়ার আসরকে কেন্দ্র করে বাড়ছে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, এমনটাই অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিন ধরে চলা এসব কর্মকাণ্ডে জননিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ, আর একইসঙ্গে প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও।

স্থানীয় সূত্রে জানা যায়, বগাবাড়ি বাজার এলাকার শাজাহানের একটি বহুতল ভবনে নিয়মিত বসছে একটি বড় জুয়ার আসর। অভিযোগ রয়েছে, মেহেদী ও কাজল নামের দুই ব্যক্তি এই আসর পরিচালনা করছেন।
এলাকাবাসীর ভাষ্য, প্রভাবশালী পরিচয় ব্যবহার করে নির্বিঘ্নে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা।

আরও অভিযোগ রয়েছে, প্রতিদিন এই আসরে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়। এর প্রভাব পড়ছে আশেপাশের এলাকায়—বাড়ছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ। স্থানীয়দের দাবি, জুয়ার সঙ্গে জড়িত একটি চক্রই এসব অপরাধে সক্রিয় ভূমিকা রাখছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যায়। এরপরই আশেপাশে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে। আমরা আতঙ্কে থাকি, কিন্তু ভয়ে মুখ খুলতে পারি না।

এদিকে, দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও দৃশ্যমান কোনো অভিযান বা ব্যবস্থা না নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সচেতন মহল বলছে, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড চলতে থাকলে তা কেবল অপরাধ বাড়াবে না, সামাজিক স্থিতিশীলতাকেও ঝুঁকির মুখে ফেলবে।

বিশেষজ্ঞদের মতে, সহজে অর্থ উপার্জনের লোভে তরুণদের একটি অংশ জুয়ার মতো অবৈধ পথে ঝুঁকে পড়ছে, যা দীর্ঘমেয়াদে সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।

এ অবস্থায় দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, জুয়ার আসর বন্ধ করে দায়ীদের আইনের আওতায় আনা গেলে অপরাধ পরিস্থিতির উন্নতি সম্ভব এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *