ভৈরব রেলওয়ে স্টেশনে প্রতি টিকিটে ৫ টাকা বেশি নেওয়ার অভিযোগ কর্তৃপক্ষ নীরব

Written by

in

শরিফ,ভৈরব উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রির সময় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত ৫ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

দীর্ঘদিন ধরে এ অনিয়ম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী যাত্রীরা।

অভিযোগ অনুযায়ী‌ টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয়ের সময় অনেক যাত্রীর কাছে ভাংতি টাকা না থাকার অজুহাত দেখিয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫ টাকা বেশি নেওয়া হচ্ছে। যাত্রীরা অতিরিক্ত টাকা ফেরত চাইলে বিভিন্ন ধরনের অজুহাত দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

একাধিক যাত্রী জানান, প্রতিদিন অসংখ্য মানুষ ভৈরব স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। টিকিট প্রতি ৫ টাকা করে অতিরিক্ত আদায় করা হলেও অধিকাংশ যাত্রী বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন না। ফলে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ অর্থ অতিরিক্ত আদায় হচ্ছে বলে তাদের দাবি।

স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

যাত্রীদের অভিযোগ, দ্রুত এ অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *