আওয়ামী লীগ নেতার বাগান নিয়ে ভাইরাল ভিডিও; প্রমাণ চাইল উপজেলা বিএনপি, না দিলে বহিষ্কারের সতর্কতা

Written by

in

লংগদু রাংগামাটি প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলায় আওয়ামী লীগ নেতার সেগুন বাগান থেকে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের গাছ কেটে বিক্রির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে উপজেলা বিএনপির সদস্য রাজ্জাককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

গত ১৭ জুলাই উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের যৌথ স্বাক্ষরে এ নোটিশ জারি করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উপজেলা বিএনপির সদস্য রাজ্জাক দাবি করেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা ফয়েজুল আজীম ফয়েজের একটি সেগুন বাগান থেকে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের গাছ কেটে বিক্রি করেছে উপজেলা বিএনপি। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

তবে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন। তিনি বলেন, “দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে।”

শোকজ নোটিশে রাজ্জাককে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার বক্তব্যের স্বপক্ষে তথ্য-প্রমাণসহ লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে না পারলে জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রাজ্জাকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *