Author: DBC

  • কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, নির্যাতনের পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
    কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ২০২৬ (রোববার) বিকেল আনুমানিক ৫টা থেকে ৬টার মধ্যে কলাতলী ডলফিন মোড় থেকে নিজ বাড়িতে ফিরছিল কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মো. সাজ্জাত বিনতে ইমতিয়াজ। পথে কলাতলী উঠনি এলাকায় পৌঁছালে একটি অপরিচিত সিএনজি এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

    পরিবারের দাবি, সিএনজিটিতে চালকসহ মোট পাঁচজন ব্যক্তি ছিলেন। অপহরণের পর সাজ্জাতকে অজ্ঞাত স্থানে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতে আঘাত করে রক্তাক্ত করা হয়।

    পরবর্তীতে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অপহরণকারীরা তাকে হিমছড়ি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে রাত প্রায় ৩টার দিকে আহত অবস্থায় সে নিজ বাসায় পৌঁছায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

    এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা অপহরণকারীদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

  • নোয়াখালীর বেগমগঞ্জে ৮০ হাজার ৩৩৬ পিস ইয়াবাসহ আটক-২,জব্দ করা হয়েছে ব্যবহৃত গাড়ি


    নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
    নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে একটি জিপ গাড়িতে লুকিয়ে রাখা ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সে এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমুনি হেতালিয়া পাড়ার মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে মো. পারভেজ (৪২) ও একই গ্রামের শেখ চাঁন মিয়ার ছেলে মো.বিপ্লব (৪৮)।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালানো হয়। এ সময় আসামিদের ব্যবহৃত কালো রঙের হার্ডজিপ গাড়িতে তল্লাশি চালিয়ে পেছনের ডান পাশের দরজায় বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। সাদা স্কচটেপে মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটের মধ্যে ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলি ব্যাগে এসব ইয়াবা রাখা ছিল।

    নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে।

    উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। মাদক করাবরি পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে।

  • গাজীপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

    গাজীপুর প্রতিনিধি :
    গাজীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর শিববাড়ী মোড়ে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার এবং জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিনসহ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

    এরপর পর্যায়ক্রমে জেলা মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড এবং জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে জুলাই চত্বরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এছাড়া গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে শওকত হোসেন সরকারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা আলাদাভাবে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

    কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) বেলায়েত হোসেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) তানিয়া তাবাসসুম, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।

    পুষ্পস্তবক অর্পণ শেষে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, পুলিশ সুপার শরিফ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তাগণ।

  • জুলাই শহীদ দিবসে অষ্টগ্রামে আলোচনা সভা, শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস ইউএনওর


    ‎
    ‎মোঃ আল-আমিন,বিশেষ প্রতিনিধি :
    ‎

    ‎কিশোরগঞ্জের অষ্টগ্রামে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    ‎
    ‎বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা-র সভাপতিত্বে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।
    ‎
    ‎আলোচনা সভায় ২০২৪ সালের ছাত্র-নাগরিক অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে শহীদদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
    ‎
    ‎সভায় আরও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিত সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ মিয়া, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।
    ‎
    ‎অনুষ্ঠানে ২০২৪ সালের ছাত্র-নাগরিক অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত অষ্টগ্রামের দুই যুবক তনয় দাস ও ইমন এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহীদ দুই যুবকের মায়েরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
    ‎
    ‎শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা বলেন,জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। সরকারি নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী আপনাদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে আমার পক্ষ থেকে যা যা করা সম্ভব,আমি তা করে যাব। আপনাদের যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।
    ‎
    ‎এ সময় উপস্থিত সবাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা ও সম্মান জানান।
    ‎
    ‎সভা শেষে বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

  • গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযান: কৃষি জমিতে ভরাটের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা, ৪ মাদকসেবীর কারাদণ্ড

    গাজীপুর জেলা প্রতিনিধি:
    গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) এক বিশেষ অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৫টি মামলা দায়ের করেছে। অভিযানকালে ১ লক্ষ টাকা নগদ অর্থদণ্ড আদায় করা হয় এবং ৪ জন আসামিকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ ১৫ জুলাই ২০২৬ খ্রি. উপজেলার তিরিয়া, নাগরী এবং মোক্তারপুর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
    আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।

    আদালত সূত্রে জানা যায়, উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে রিয়াজুল ইসলাম মোকলেছ (৩৮) অনুমতি ব্যতীত অবৈধভাবে বালু ভরাট করে কৃষি জমির শ্রেণি পরিবর্তন করছিলেন। এই অপরাধে তাকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারায় ১টি মামলায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

    একই অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে মাদক সেবন ও কেনাবেচার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর ৩৬(৫) ধারায় ৪টি পৃথক মামলা দায়ের করা হয়। উক্ত মামলাসমূহে ৪ জন আসামিকে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ০১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    সাজাপ্রাপ্তরা হলেন: ১। মেহেদী হাসান (১৮), পিতা- মহিউদ্দিন, সাং- দক্ষিণ খলাপাড়া, দক্ষিণভাগ, বাহাদুরসাদী, কালীগঞ্জ, গাজীপুর।
    আশরাফ হোসেন সেতু (২৭), পিতা- মোশারফ হোসেন, সাং+ইউপি- মোক্তারপুর, পো: সাওরাইদ, কালীগঞ্জ, গাজীপুর।

    ৩. রাকিব হাওলাদার (২৪), পিতা- গিয়াস হাওলাদার, সাং- সাতপাড়ি, পো: সাতপাড়ি, থানা- রামপাল, জেলা- বাগেরহাট।
    ৪. মো: ইসমাইল (২২), পিতা- জয়লাল আবেদীন, সাং- সোনাপাতা, ধনিয়া পাড়া, থানা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড়।

    অভিযান পরিচালনা ও আইনগত প্রক্রিয়া নিশ্চিতকরণে প্রসিকিউটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হায়াত্তুর রহমান। এছাড়াও আদালতকে সার্বিক সহায়তা প্রদান করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল।
    বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এবং উপজেলার পরিবেশ ও কৃষিজমি রক্ষায় স্থানীয় প্রশাসনের এ ধরনের আইনগত ও শাস্তিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

  • বীমা কোম্পানির আড়ালে প্রতারণা করে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
    সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া ইউনিয়নে বীমা কোম্পানির আড়ালে প্রতারণা করে ১০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

    তথ্য সূত্রে জানা যায়, ধানগড়ার ক্ষুদ্র সাদ্রা গ্রামের মৃত: নওশের আলী সেখের ছেলে হাফেজ সদর আলী। এই প্রতারণা শিকার ভুক্তভোগীদের পক্ষে আশরাফ আলী ১৬ জুলাই রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড নামে ভুয়া মানি রিসিভ প্যাড ছাপায় যেখানে ঠিকানা ব্যবহার করা হয়েছে প্রধান কার্যালয় সুরমা টাওয়ার (১২ তম তলা), ৫৯/২ পুরানা পল্টন ঢাকা- ১০০০।

    গ্রামের খেটে খাওয়া বিধবা দিনমুজুরদের কাছ থেকে কৌশলে ফুসলিয়ে মাসে জনপ্রতি ১০০ টাকা থেকে ৩০০ টাকা মানি রিসিভের মাধ্যমে জীবন বীমা নামে কিস্তি আদায় করেছেন। ক্ষুদ্র সাদ্রা গ্রামের ৪২ জন সদস্যদের নিকট থেকে ১০ বছরে দ্বিগুণ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০০৯ সাল থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। ময়নাল সেখ,আশরাফ আলী মীর,আসাদুল ইসলাম, আজিজ সেখ, রফিকুল ইসলাম সহ ৪২ জন সদস্যের নিকট থেকে পাস বই ও মানি রিসিভ দিয়ে প্রতি মাসে টাকা আদায় করেন। টাকার নেওয়ার প্রমাণস্বরূপ পাস বই মানি রিসিভ প্রদান করেছেন।

    ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, মেয়াদপূর্তির পর টাকা ফেরত চাইলে অর্থ ফেরতের কথা বলে কিছু গ্রাহকের কাছ থেকে যাবতীয় ডকুমেন্টস নিলেও টাকা ফেরত দেন নাই। এ বিষয় নিয়ে এলাকায় একাধিক বার শালিস হয়েছে। শালিসে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলে কাজের কাজ কিছুই হয়নি। এ বিষয়ে প্রতারক সদর আলী জানান,সময় হলেই টাকা ফেরত দিয়ে দিব।

    রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আহসানুজ্জামান বলেন,অভিযোগের বিষয়ে তদন্ত হবে, প্রমান পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারী বলেন, লিখিত অভিযোগ পেলে প্রতারক সদ

  • পত্নীতলা থানার অভিযানে ১৩.৭৫ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী আটক


    পত্নীতলা নওগাঁ প্রতিনিধি:
    নওগাঁর পত্নীতলা থানার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩.৭৫ লিটার চোলাই মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

    পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই ২০২৬) বিকেল ৪টার দিকে পরিচালিত অভিযানে উপজেলার উষ্টি হাটপুকুর গ্রামের বাসিন্দা শ্রীমতি লতা রানী (৪২), স্বামী ধনেশ্বর ওরফে ধনি-কে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৩.৭৫ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।

    এ ঘটনায় আটক লতা রানীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই” — ইউএনও জাহিদ বিন কাশেম

    বিশ্বনাথ প্রতিনিধি :

    “বর্তমান যুগে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন ছাড়া কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা কঠিন। তরুণ-তরুণীদের যুগোপযোগী দক্ষতা অর্জনে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    এ কথাগুলো বলেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের স্থানীয় উপদেষ্ঠা পরিষদের সভাপতি মোঃ জাহিদ বিন কাশেম।

    বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

    পরিদর্শনের সময় ইউএনও প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

    এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কম্পিউটার প্রশিক্ষ।

  • নাচোল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন, অংশ নিলেন পুলিশ সুপার


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় নাচোল থানা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
    কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এআইজি (ডেভেলপমেন্ট) মো. ইব্রাহিম খলিলও উপস্থিত ছিলেন। পুলিশ সুপারের কার্যালয়ে সরকারি কার্যক্রম শেষে তিনি নাচোল থানার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে একটি গাছের চারা রোপণ করেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও বৃক্ষরোপণে অংশ নেন। বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাচোল থানা প্রাঙ্গণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

  • ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

    ফরিদপুর প্রতিনিধি:
    ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের সার্ভিস ঘাট এলাকায় জেলের মাছ ধরার চায়না দোয়ারীতে আটকা পড়ে একটি মেছো বাঘের বাচ্চা ধরা পড়েছে। বিরল এ বন্যপ্রাণীকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) সকালে সার্ভিস ঘাট এলাকার জেলে একলাস বেপারী মাছ ধরার জন্য পেতে রাখা চায়না দোয়ারী তুলতে গেলে ভেতর থেকে জোরে গর্জনের শব্দ শুনতে পান। কাছে গিয়ে তিনি দেখতে পান, একটি পাখি খেতে গিয়ে বাঘের বাচ্চার মতো দেখতে একটি প্রাণী দোয়ারীর ভেতরে আটকা পড়েছে। প্রথমে ভয় পেলেও পরে তিনি স্থানীয় লুৎফরকে খবর দেন। পরে দুজনে মিলে প্রাণীটিকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসেন। এ সময় প্রাণীটির থাবার আঁচড়ে তারা দুজনই আহত হন। পরে তারা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ করেন।

    প্রথমে অনেকেই প্রাণীটিকে বন্য বিড়াল বলে ধারণা করলেও পরে অভিজ্ঞ ব্যক্তিরা এটিকে মেছো বাঘের বাচ্চা হিসেবে শনাক্ত করেন। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা প্রাণীটিকে দেখতে ভিড় করেন। স্থানীয় সচেতন ব্যক্তিরা প্রাণীটিকে বিরক্ত না করে নিরাপদে রাখার আহ্বান জানান এবং বিষয়টি বন বিভাগকে অবহিত করেন।

    খবর পেয়ে চরভদ্রাসন বন বিভাগের কর্মকর্তা ফজলে করিম ঘটনাস্থলে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি মেছো বাঘের বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যান। তিনি জানান, প্রাণীটিকে প্রথমে চরভদ্রাসন প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। এরপর জেলা বন বিভাগের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক সময়ে নদী ও জলাভূমি এলাকায় খাদ্যের সন্ধানে এসে অসাবধানতাবশত প্রাণীটি জেলের দোয়ারীতে আটকা পড়ে।

    বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, মেছো বাঘ বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ প্রাণী সাধারণত মাছ, ব্যাঙ ও অন্যান্য জলজ প্রাণী শিকার করে এবং নদী, খাল, বিল ও জলাভূমি সংলগ্ন এলাকায় বসবাস করে। তাই এ ধরনের প্রাণী দেখা গেলে সেটিকে আটক বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে জানানো উচিত।

    এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে, যাতে বিরল প্রাণীগুলো নিরাপদে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরে যেতে পারে।