Category: প্রচ্ছদ

  • করিডর ইস্যুতে একাট্টা প্রায় সব দলই

    করিডর ইস্যুতে একাট্টা প্রায় সব দলই

    নিউজ ডেস্ক::  দেশের রাজনীতিতে গেল কদিন ধরেই আলোচনা মানবিক করিডর ইস্যুতে। বলা হচ্ছে, রাখাইনে জাতিসংঘের ত্রাণ পাঠাতে দেশের ভূমি ব্যবহারে সম্মত সরকার।

    এ জায়গাতেই আপত্তি রাজনৈতিক দলগুলোর। আলাপ-আলোচনা ও ঐকমত্য ছাড়া তাড়াহুড়া করে করিডর দেয়ার সিদ্ধান্তে উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। নেতারা বলছেন, রাখাইনের বাস্তব পরিস্থিতি জেনেবুঝে করিডরের বহুমাত্রিক ঝুঁকি বিশ্লেষণ করে এমন সিদ্ধান্ত নেয়া জরুরি।

    বিষয়টি নিয়ে কথা বলে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, এই উপকার করতে গিয়ে অন্য কারও ক্ষতি করতে যাওয়া মোটেও ঠিক হবে না। এটা বাংলাদেশের জনগণও মানবে না। দেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঝুঁকিপূর্ণ এই বিষয়টি সুরাহা করা উচিত।

    আলোচিত এই করিডরের ধরণ, নিরাপত্তা কারা দেবে, এটি নিয়ে চীন-ভারতসহ এ অঞ্চলের দেশগুলোর মনোভাব অনেককিছুই স্পষ্ট নয় এখনও। সিদ্ধান্ত নেয়ার আগে তা নিয়ে জনগণের মনোভাব বোঝা আবশ্যক ছিল বলেও মনে করেন নেতারা।

    এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এটি ‘সামরিক করিডর’ হয়ে যায় কিনা, তা দেখতে হবে। তাই নিজেদের মধ্যে বোঝাপড়া ছাড়া এমন সিদ্ধান্ত কার্যকরের কোনো সুযোগ নেই।

    একইরকম শঙ্কা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নারও। তিনি প্রশ্ন করেন, অন্তর্বর্তীকালীন সরকার কার সাথে কথা বলে এমন সিদ্ধান্ত নিলো? এমন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত এত জলদি করে তারা নিলো কীভাবে?

    এই করিডর দেয়া হলে সেটি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ভূমিকা রাখতে পারে কিনা, সেটিও বুঝতে চান নেতারা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকার যে সিদ্ধান্তই নিক না কেন, তা জনগণের জানা থাকা দরকার। তাহলে জনগণ সে সব সিদ্ধান্তের সঙ্গে থাকবে।

    এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদও এমন সিদ্ধান্তের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতার ওপর গুরুত্ব দেন। বলেন, সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে সব স্টেকহোল্ডারদের সাথে কথা বলে।

    রাজনৈতিক নেতাদের মতে, এমন উদ্যোগের ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আরও ঝুলে যেতে পারে। কারণ বাংলাদেশে থাকা ১৫ লাখ রোহিঙ্গার কাউকেই ফেরত পাঠানো যায়নি গেল আট বছরে। বরং এখনও প্রায়ই শতশত রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে আসছে বাংলাদেশে।;

  • জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করতে হবে: এম সিরাজ উদ্দিন মিয়া

    জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করতে হবে: এম সিরাজ উদ্দিন মিয়া

    নিউজ ডেস্ক:  প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেছেন, জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করতে হবে। অন্যথায় জনসংখ্যা দেশের বোঝা হয়ে দাঁড়াবে।

    শনিবার (৩ মে) সকালে আগারগাঁওয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাথে বুয়েট, রুয়েট, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। সার্টিফিকেট অর্জনের সাথে জ্ঞান ও দক্ষতার সামঞ্জস্য না থাকায় শিক্ষার্থীরা হতাশায় ভুগেন। সরকারি ও বেসরকারি সেক্টরের সমন্বিত উদ্যোগ বাস্তবায়িত হলে এ সমস্যার সমাধান হবে।

    তিনি আরও বলেন, উন্নত বিশ্বে নার্সিং পেশার ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু দক্ষ লোকবল তৈরির অভাবে তাদের পাঠানো যাচ্ছে না। এছাড়া বিভিন্ন ভাষা ওপরও দক্ষতা অর্জন করতে হবে।;

  • ব্যবসায়ীদের হুট করে রাজনীতিতে আসা এবং ভোট করার পক্ষে নন শ্রম উপদেষ্টা

    ব্যবসায়ীদের হুট করে রাজনীতিতে আসা এবং ভোট করার পক্ষে নন শ্রম উপদেষ্টা

    নিউজ ডেস্ক:   টাকা দিয়ে দলীয় মনোনয়ন বিক্রির প্রবণতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বলেছেন, একজন ব্যবসায়ী রাজনীতিতে আসতে চাইলে অন্তত তিন বছর তাকে কোনো দলের সঙ্গে সংযুক্ত থাকা উচিত। নির্বাচন কমিশনেরও এমন নিয়ম থাকা বাঞ্ছনীয়।

    শনিবার (৩ মে) এফডিসিতে ‘শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক-মালিক সম্পর্ক’ বিষয়ক ছায়া সংসদ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

    উপদেষ্টা বলেন, বন্ধ কারখানাগুলোর যন্ত্রপাতি ও মালিকের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়ার কাজ চলছে।

    এ সময়, শ্রমিকদের পাওনা মিটিয়ে যদি কোনো নতুন মালিক বন্ধ হওয়া কারখানাগুলো নিতে চায় সে সুযোগও থাকছে বলেও মন্তব্য করেন তিনি।

    বিগত সরকারের সময় শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে উল্লেখ করে ২০১৩ সালের রানা প্লাজা ঘটনার কথা স্বরণ করেন উপদেষ্টা। বলেন, রানা প্লাজা ইস্যুতে আওয়ামী সরকারের পুরোপুরি ব্যর্থতা ছিল। দোষীদের শাস্তি না দিয়ে তৎকালীন সরকার রেশমা নাটক বানিয়েছিল।;

  • নারীদের অধিকার আদায় এবং নিশ্চিত করার লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ

    নারীদের অধিকার আদায় এবং নিশ্চিত করার লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ

    নিউজ ডেস্ক:   নারীদের অধিকার আদায় এবং নিশ্চিত করার লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (৩ মে) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

    তিনি বলেন, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে এবং ২৩ মে বাদ জুমা বিক্ষোভ মিছিলও আয়োজন করা হবে।

    এদিন আয়োজিত মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরী এবং পরিচালনা করেন আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি কেফায়েত উল্লাহ আজহারী।

    অনুষ্ঠানে সাজিদুর রহমান তার বক্তব্যে বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চলতি বছরের মধ্যে বিভাগের সম্মেলন করা হবে এবং ২৩ মে বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই আন্দোলনকে আরও তীব্র করা হবে। এছাড়া হেফাজতের পক্ষ থেকে চারটি দাবি আদায়ের লক্ষ্য নিয়েও কর্মসূচি ঘোষণা করা হয়।;

  • অন্তর্বর্তী সরকার গণতন্ত্রকে বিকশিত হওয়ার সুযোগ দেবে না : মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

    অন্তর্বর্তী সরকার গণতন্ত্রকে বিকশিত হওয়ার সুযোগ দেবে না : মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

    নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকার গণতন্ত্রকে বিকশিত হওয়ার সুযোগ দেবে না। তারা নির্বাচন চায় না। উপদেষ্টাদের কথায় বিষয়টি পরিস্কার— এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

    শনিবার (৩ মে) মতিঝিলে এক আলাচনা সভায় এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, দেশ এখনও মুক্ত হয়নি। আমরা ঝুলন্ত অবস্থায় রয়েছি। রাষ্ট্রকে নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। আগামী দিনে হয়তো আমাদের আরও সংগ্রাম করে যেতে হবে। এ সময় মানবিক করিডর নিয়ে জনগণ কিছুই জানে না বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনের জন্য রাজনীতিবিদরা তেমন কিছু করেনি। এর কারণ আওয়ামী লীগ খেলাধুলার অতীতের সকল সংস্কৃতি পাল্টে দিয়েছে। দলটির মধ্যে ক্রীড়াসুলভ মনোভাব নেই। দলটি অনেক খেলোয়াড়কেও বিপদে ফেলেছে। অনেকে খেলা চলাকালীন অবস্থাতেই রাজনীতিতে যোগ দিয়েছে। সাকিব আল হাসনকে আওয়ামী লীগে যোগ না দেয়ার পরামর্শ দিয়েছিলাম।;

  • রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার আহ্বান : সমাজকল্যাণ উপদেষ্টা

    রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার আহ্বান : সমাজকল্যাণ উপদেষ্টা

    নিউজ ডেস্ক:   রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানে ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এবং ১৫শ’ মানুষ মারা গেছে। এটাকে কোনোভাবেই মুছে দেয়া যাবে না।

    শনিবার (৩ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হোটেলে ওয়াটার কিপার্স বাংলাদেশ আয়োজিত ‘পিএফএস: পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, পরিবেশ ধ্বংস হয়ে গেলে মানুষের সুরক্ষা হয় না। তাই সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে এ নিয়ে কাজ করতে হবে। তবেই রাসায়নিক দূষণ থেকে আমাদের নদী ও মানুষকে বাঁচানো সম্ভব।

    এই আলোচনায় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক বন্দোবস্তের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও নতুন বন্দোবস্ত প্রয়োজন।

    এতে আরও উপস্থিত ছিলেন গবেষক, রাজনৈতিক ব্যক্তি ও পরিবেশ আন্দোলনের কর্মীরা।;

  • কুয়েটের উপাচার্য  হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. হযরত আলী

    কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. হযরত আলী

     নিউজ ডেস্ক:   খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. হযরত আলী।

    বৃহস্পতিবার (১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম।

    এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ও ১০ (৩) ধারা অনুসারে উক্ত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেয়া হলো।

    অন্তবর্তীকালীন এই উপাচার্য তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন।

    উল্লেখ্য, গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।;

  • আলিয়া-র সঙ্গে কাজ করতে আগ্রহী ইমরান

    আলিয়া-র সঙ্গে কাজ করতে আগ্রহী ইমরান

    বিনোদন ডেস্ক:  আত্মীয়তার দিক থেকে অনেক বলিউড তারকা বা তারকা পরিবার একে অপরের সঙ্গে সম্পৃক্ত। বলিউডের বর্তমান সময়ের প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট এবং ইমরান হাশমিও দূর সম্পর্কের ভাই-বোন। তবে এতবছর ইন্ড্রাসি্ট্রতে থাকলেও এবং দু’জনেরই ব্যক্তিগত সাফল্য সত্ত্বেও কখনও একসাথে পর্দায় কাজ করেননি ইমরান-আলিয়া।

    ভক্তরা প্রায়ই এই দুই ভাই-বোনকে একসঙ্গে কাজ করতে দেখার আশা অকপটে ব্যক্ত করেছে। এবার বোধহয় নেটিজেনদের ইচ্ছা পূরণের আভাস মিললো। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমরান আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, পর্দায় ওর কাজ দেখে চোখ ফেরানো যায় না।

    এসময় ইমরান একথাও বলেন, যদি সঠিক চিত্রনাট্য এবং একজন দক্ষ চলচ্চিত্র নির্মাতা পাওয়া যায়, তাহলে তিনি আলিয়ার সাথে কাজ করতে আগ্রহী।

    ইমরান বোনের প্রশংসা করে বলেন, আলিয়া একজন দুর্দান্ত অভিনয়শিল্পী হয়ে উঠেছে।

    আলিয়ার ছোট থেকে বেড়ে ওঠা এবং কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রশংসা করেন ইমরান। একই সাথে আলিয়ার ক্যারিয়ার এবং নিজের ক্যারিয়ারে আলিয়ার বাবা মহেশ ভাটের ভূমিকার কথাও প্রকাশ করেন ইমরান।;

  • প্রবাসী শ্রমিকদের ভোট দেয়ার ব্যবস্থা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান হাসনাত আব্দুল্লাহর

    প্রবাসী শ্রমিকদের ভোট দেয়ার ব্যবস্থা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান হাসনাত আব্দুল্লাহর

    নিউজ ডেস্ক:   আগামী নির্বাচনে প্রবাসী শ্রমিকরা যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগতি পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

    বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর বাংলামটরে মহান মে দিবস উপলক্ষে এনসিপির শ্রমিক উইংয়ের আয়োজিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

    হাসনাত বলেন, শ্রমিকদের অধিকারের জায়গা আমরা এখনও প্রতিষ্ঠিত করতে পারিনি। ভোট সংস্কৃতির কারণে শ্রমিকরা সংখ্যায় খাতা কলমে থেকে গেছেন। আমরা চাই, প্রতিটা মানুষ এবং শ্রমিক নাগরিক হয়ে উঠবে। ক্ষমতায় যেই আসুক শ্রমিকদের অধিকার বুঝিয়ে দেয়া তাদের কর্তব্য বলেও মন্তব্য করেন হাসনাত।

    এ সময় প্রবাসী শ্রমিকদের ভোটের বিষয়ে গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের দেশ কী দিতে পেরেছে? তারা দেশে ফিরে আসার পর পরিবারের বোঝা হয়ে যায়। ক্ষমতা নির্ধারণে যাতে প্রবাসীদেরও ভোটের মূল্যায়ন হয়, সেটা আমরা চাই। তাদের বঞ্চিত করে নির্বাচন আরেকটি বৈষম্যের শামিল বলেও জানান তিনি।;

  • ভারতের সাম্প্রতিক সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগের বিরুদ্ধে বিক্ষোভ পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের

    ভারতের সাম্প্রতিক সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগের বিরুদ্ধে বিক্ষোভ পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের

    আন্তর্জাতিক ডেস্ক:  পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানায়।

    বুধবার (১ মে) দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আয়োজিত এই কর্মসূচিতে ভারতের ‘ভিত্তিহীন’ দাবি প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানানো হয়।

    বিক্ষোভের আয়োজন করেন বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সদস্য সঞ্জয় কুমার। তার নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভকারীরা কোয়েটা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। বিক্ষোভে নারী-পুরুষ নির্বিশেষে অংশ নেন। তাদের হাতে ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ও ভারতবিরোধী নানা ব্যানার-প্ল্যাকার্ড।

    সমাবেশে বক্তারা ভারতের অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত’ ও ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানান। এ সময় পেহেলগাম হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার দাবি সরাসরি নাকচ করে দেয়া হয়।

    সঞ্জয় কুমার বলেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একতাবদ্ধ। যদি ভারত আগ্রাসনের চেষ্টা করে, তবে পাকিস্তানের এক কোটি হিন্দু সেনাবাহিনীর পাশে দাঁড়াবে।

    তিনি আরও বলেন, আমরা বারবার বলেছি, পাকিস্তান সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। বরং এ ধরনের হামলার মাধ্যমে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে ভারত।

    বক্তৃতায় নারী নেত্রীরা ভারতের পানি চুক্তি স্থগিত করার ঘোষণাকেও মানবাধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করেন। তাদের দাবি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত চুক্তি লঙ্ঘন করে পানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্তও একধরনের আগ্রাসন এবং এটি সরাসরি পাকিস্তানের জনগণের মৌলিক অধিকারে হস্তক্ষেপ।

    সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে ভারতের ‘অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করা হবে।;