Blog

  • ফুটবল জগতের অন্যতম এক লড়াই ‘এল ক্লাসিকো’

    ফুটবল জগতের অন্যতম এক লড়াই ‘এল ক্লাসিকো’

    খেলাধুলা ডেস্ক: ১১ মে, ২০২৫ ফুটবল জগতের অন্যতম এক লড়াই ‘এল ক্লাসিকো’। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই লড়াই হতে যাচ্ছে লা লিগা’র টাইটেল ডিসাইডার। কারণ এখন পর্যন্ত লা লিগায় হয়েছে ৩৪টি ম্যাচ। আগামীকাল ম্যাচ ডে ৩৫। ইতোমধ্যে, পয়েন্ট টেবিলে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।

    অন্যদিকে, রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৫ পয়েন্ট। মানে শীর্ষে থাকা বার্সেলোনা ৪ পয়েন্ট এগিয়ে রিয়ালের চেয়ে। কাল যদি রিয়াল হারে, তাহলে এরপর আর লিগ জয়ের আশা নেই বললেই চলে গ্যালাক্টিকোদের।

    এদিকে, এল ক্লাসিকোতে বারবার হারেই চলেছে রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত তিনবার এই মৌসুমে বার্সার কাছে হেরেছে রিয়াল। কখনো ৪-০, কখনো ৫-২, কখনো আবার ৩-২।

    অন্যদিকে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের কাছে সেমিফাইনালের দ্বিতীয় লেগে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে কাতালানরা। ফ্লিকের দলের কাছে ট্রেবল জেতার সুবর্ণ সুযোগ ছিল। তবে, এখন হিসাব ভিন্ন। চ্যাম্পিয়ন্স লিগে হেরে দলের প্লেয়ারদের মানুষিকভাবে কিছুটা বিপর্যস্ত দেখা গেলেও, দলটির কাছে লা লিগার শিরোপা জেতার সুযোগ রয়েছে। এর থেকে বড় কথা, পরিপক্ষ যদি হয় চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, তাহলে লড়াইটা হবে দুর্দান্ত; এমনটাই আশা করছে বার্সা সমর্থকরা।

    এছাড়াও মাদ্রিদের কাছে সুযোগ রয়েছে কোপা দেল রে’র হারের প্রতিশোধ নেয়ার। সেই সাথে লা লিগার পয়েন্ট টেবিলে গ্যাপ কমিয়ে আনার। সব মিলিয়ে বিশেষ এক ম্যাচ দেখার অপেক্ষায় ভক্তরা।;

  • ইজিবাইক-ট্রলির সংঘর্ষে ২ মাস বয়সী শিশু নিহত

    ইজিবাইক-ট্রলির সংঘর্ষে ২ মাস বয়সী শিশু নিহত

    স্টাফ রিপোর্ট :   ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ধান বোঝাই ট্রলির ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে রুহুল আমিন নামে দুই মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির মা সাথী খাতুন গুরুতর আহত হয়েছেন।

    শনিবার (১০ মে) দুপুরে উপজেলার চারাতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন উপজেলার ভালকি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

    নিহত শিশুর বাবা শাহাদাত হোসেন জানান, সাথী খাতুন শিশু সন্তানসহ তার বাবার বাড়ি থেকে ইজিবাইকে করে ফিরছিলেন। পথিমধ্যে চারাতলা বাজারে কাছাকাছি পৌঁছলে একটি ধান বোঝাই ট্রলি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে শিশু রুহুল আমিন সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।

    ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আইভি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

    হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রউফ খান বলেন, এখনও এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।;

  • যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান

    আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। শনিবার (১০ মে) বিকেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর, ভারত ও পাকিস্তান অবিলম্বে একটি পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ সময়, বিচক্ষণতা ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দনও জানান মার্কিন প্রেসিডেন্ট।

    পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছি। পাকিস্তান তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপস না করে, সবসময় এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

    অপরদিকে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ভারত ও পাকিস্তান উভয়ই স্থল, আকাশ ও সমুদ্রেপথে সকল ধরনের গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    এর আগে, কাশ্মিরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর জবাবে রাতেই পাল্টা হামলা চালানো শুরু করে পাকিস্তান।;

  • ইসলামে নারীর সম্মান ন্যায্য অধিকারেই নিশ্চিত করেছে

    ইসলামে নারীর সম্মান ন্যায্য অধিকারেই নিশ্চিত করেছে

    নিউজ ডেস্ক:  প্রায় দেড় হাজার বছর পূর্বের আরব… যখন কন্যা সন্তানের জন্ম মন খারাপের কারণ হতো পরিবারের। উৎসবের বদলে আয়োজন হতো জীবন্ত পুঁতে ফেলার। সেই আরবেই হযরত মুহাম্মদ (সঃ) এর ওপর নাজিল হয়েছে পবিত্র কোরআন। যাতে স্পষ্ট করা হয়েছে নারীর অধিকার ও মর্যাদা।

    তারপরও ইসলামে নারীর মর্যাদা কতটা এমন প্রশ্ন ঘুরেফিরে আসে নানা ঘটনায় ভর করে। এ যেমন এবার এসেছে নারীবিষয়ক সংস্কার কমিশন ঘিরে। তাদের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে ইসলামী সংগঠনগুলো। বিতর্কে না গিয়ে বরং ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে শোনা যাক একজন নারীর মুখে।

    শিক্ষাবিদ ও গবেষক ড. নাসিমা হাসান বলেন, সূরা বনী ইসরাঈলে আল্লাহতায়ালা বলেছেন, আমি নিশ্চিয়ই বনি আদমকে সম্মানিত করেছি। বনি আদম বলতে নারী-পুরুষ উভয়কে বুঝিয়েছে। কাজেই নারী-পুরুষ উভয়কেই আল্লাহতায়ালা সম্মানিত করেছেন। দ্বিতীয়ত, আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল যে মর্যাদা নারীকেও দিয়েছেন আল্লাহতায়ালা…. সেটা আমরা জানি যে আল কুরআনে আল্লাহতায়ালা বলেছেন যে, তারা অর্থাৎ সকল মুসলিম নারী ও পুরুষ যদি মুমিন, সত্যবাদী হয়, ধৈর্যশীল, রোজাদার, নামাজী, সদাকা দানকারী, চরিত্রের হেফাজতকারী হয় ইত্যাদি ইত্যাদি তাদের প্রতিদান সমান। কাজেই এসব জায়গাতেও কিন্তু আল্লাহতায়ালা সমান বলেছেন।

    কোরআনের বেশ কিছু আয়াতে যেমন পুরুষদের চেয়েও নারীকে অধিক সম্মানিত করা হয়েছে, তেমনি ছয়টি মূল হাদিস গ্রন্থ বা সিয়াহ সিত্তায়ও নারীর মর্যাদার কথা উল্লেখ করেছেন রাসুল (সঃ)।

    ইসলামী চিন্তাবিদ ও গবেষক শায়খ আহমাদুল্লাহ বলেন, মুহাম্মদ (সাঃ) বলেছিলেন, কেউ যদি দুটি, কোনও বর্ণনায় তিনটি কন্যা সন্তানকে জন্ম দেয়ার পর তাদের সাথে সদাচরণ করে, বৈষম্য না করে উত্তম আচরণ করে সঠিক তারবিয়াহ তাদেরকে দেয় তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি জান্নাতে যাবে এবং নবী (সাঃ) এর সাথেই থাকবে। এই সুসংবাদ কিন্তু তিনটির জায়গায় ১০টি ছেলের সন্তান লালনপালন করার ক্ষেত্রেও বলা হয়নি। কোরআনে কারীমের দিকে তাকালে দেখা যাবে, সেখানে সুরাতুন নিসা অর্থাৎ নারীদের সংশ্লিষ্ট সূরা রয়েছে বিশাল বড় আয়তনের। অথচ পুরুষ সংশ্লিষ্ট কোনও সূরা আলাদা করে কোরআনে নাই। নারী হিসেবে জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে, মর্যাদাগতভাবে পুরুষের সাথে কোনও প্রকার তারতম্য ইসলাম করেনি। বরং কোনও কোনও ক্ষেত্রে নারী হিসেবে তাদেরকে অধিক মর্যাদা দেয়া হয়েছে।

    নারীর অধিকার-মর্যাদা প্রশ্নে সবচেয়ে বেশি বিতর্ক সম্পত্তির বন্টন নিয়ে। বিজ্ঞজনরা বলছেন, সমতার প্রশ্নে অনেকক্ষেত্রে পিছিয়ে পড়ে নারীরা। তাই নারীর ক্ষেত্রে সমতার চেয়ে নায্যতায় বেশি গুরুত্ব দেয় ইসলাম।

    শায়খ আহমাদুল্লাহ বলেছেন, সবাই বাবা-মায়ের সম্পদের সমান যেন অধিকার পায় বা সমান যেন হিস্যা পায় সে কথা বলে। তো ব্যয়ের ক্ষেত্রেও এ রকম সমান হওয়ার কোনও দাবি করছে কি না? বাবার বা মায়ের সম্পদে ছেলে যা পায় মেয়ে তার অর্ধেক পায় ইসলামের সম্পদ বন্টনের হিসাবে। এই একটা জায়গা ধরে আমরা যদি বলি যে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, তো এটা খুবই দুর্ভাগ্যজনক ও হাস্যকর হবে। একই সাথে এই কন্যা সন্তান আরও অনেক জায়গা থেকে সম্পদ পাচ্ছে এবং এমন অনেকগুলো জায়গা আছে, যেখানে মেয়ে পাচ্ছে, ছেলে পাচ্ছেই না। শুধুমাত্র একটা জায়গা দেখেছেন, এই নারী যখন স্ত্রী হবেন তখন কিন্তু স্বামী থেকে তিনি সম্পদ পাবেন। এই নারী যখন কারও মা হবেন তখন কিন্তু সন্তান থেকেও তিনি সম্পদ পাবেন। আবার তিনি যখন স্ত্রী হিসেবে কারও সাথে বৈবাহিক জীবন শুরু করবেন তখন কিন্তু মোহরানা পাবেন। ছেলে কিন্তু সেখানে কিছুই পাবে না।

    ড. নাসিমা হাসান বললেন, মেয়েরা ইদ্দতকালীন একটি খোরশ পায়। মানে তালাক হয়ে গেলে তিন মাসের জন্য সেটা সে পাবে এবং এটা কোরআনের নির্দেশ। আরেকটা ব্যাপার কী এটা অনেকেই আমরা খেয়াল করি না বা জানি না, কোরআনের সুরা বাকারার ২৩৩ নম্বর আয়াত পড়লে দেখা যায় যে ব্রেস্টফিডিংয়ের সময় যদি কোনও কারণে তালাক হয়ে থাকে এবং মা বাচ্চাকে ব্রেস্টফিডিং করছে তখন কিন্তু একটি পারিশ্রমিক আকারে কিছু একটা খরচ তাকে দিতে হবে। ওই বাচ্চার ভরণপোষণ সবসময়ই কিন্তু পিতার কাছেই থাকবে। পিতার ওপরই ন্যস্ত থাকবে বা তার পরিবারের ওপর। কাজেই এখান থেকেও কিন্তু সে পাচ্ছে।

    এ দুই ইসলামী চিন্তাবিদ বলছেন, ইসলাম সম্পর্কে পুরোপুরি জানার বদলে খণ্ডিত জ্ঞানে বিতর্ক বাড়ে বেশি।

    ড. নাসিমা হাসান বলেন, আমাদের সাংস্কৃতিক চিন্তা ও সামাজিক ভুল বুঝাবুঝির কারণে এবং কোরআনকে আমরা সেভাবে জানি না। এটাকে আমরা বাস্তবে যে প্রয়োগ করবো সেটাও বুঝি না। এই কারণে এবং ইসলামের জ্ঞানের অভাব কিন্তু আমাদের পূরণ করতে হবে। আমাদের কোরআন শুধু পড়লে হবে না, এটা অর্থসহ বুঝে ব্যাখ্যাগুলো পড়তে হবে। তাহলে কিন্তু আমাদের মধ্যে জ্ঞান ছড়াবে এবং আমি বলবো যে এখানে আমাদের আলেম সমাজ যাতে এগিয়ে আসে। ইসলামের এই যে নারী সংক্রান্ত বিষয়গুলো, সেগুলো যাতে আমরা বুঝতে পারি ভালোভাবে।

    শায়খ আহমাদুল্লাহ বলেন, নারী অধিকার নিয়ে কথা বলাটা অনেকটা ফ্যাশনের বিষয়ে পরিণত হয়েছে। যখন নারীর অধিকার নিয়ে সোচ্চার থাকবে কেউ তখন সমাজ, গণমাধ্যম, আজকের পৃথিবী, আজকের সভ্যতা তাকে ভালো চোখে দেখবে। অর্থাৎ একটা অনুকূল পরিবেশের মধ্যে নারী অধিকার নিয়ে কথা বলছেন তিনি। আর আমাদের প্রিয় নবী (সাঃ) ইসলামের শুরুতে যখন নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, তখন কিন্তু নারী হিসেবে জন্মগ্রহণ করাটাকে সমাজের মানুষ দোষনীয় মনে করতো, এটাকে মানুষ নিজের জন্য লজ্জাকর মনে করতো। সেই সমাজের ওপর দাঁড়িয়ে নবী (সাঃ) কিন্তু নারীর অধিকারকে সমুন্নত কেরছেন। অর্থাৎ বলা যায়, একটা সমাজে নারীর অধিকার যখন মাটির নিচে চাপা দিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, নবী (সাঃ) সেটাকে তুলে এত উচ্চতায় নিয়ে গেছেন যে কোনও বাবার জন্য কন্যা সন্তানের পিতা হওয়া, কোনও মায়ের জন্য কন্যা সন্তানের মা হওয়াটা গর্বের বিষয়ে পরিণত হয়েছে।

    ইসলামে নারীর মর্যাদা প্রসঙ্গে নারীদেরকেই আরও সোচ্চার হতে হবে বলে মনে করেন চিন্তাবিদরা।;

  • আ. লীগ নিষিদ্ধের ঘোষণা না এলে ‘লং মার্চ টু যমুনা

    আ. লীগ নিষিদ্ধের ঘোষণা না এলে ‘লং মার্চ টু যমুনা

    নিউজ ডেস্ক:  এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না এলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

    রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পূর্বঘোষিত গণজমায়েত থেকে শনিবার (১০ মে) রাত পৌনে আটটার দিকে তিনি এই কর্মসূচির ঘোষণা দেন।

    এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলা আন্দোলন জোরপূর্বক বা চাপের মুখে প্রত্যাহার করতে বলা হলেও তা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

    তিনি বলেছেন, ‘অগ্রিম ঘোষণা দিয়ে রাখলাম, যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কোনো শক্তি আমার কণ্ঠরোধ করতে চায়, তবুও আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।’

    রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পূর্বঘোষিত গণজমায়েতে শনিবার (১০ মে) বিকেলে এসব কথা বলেন এনিসিপির এ নেতা।

    হাসনাত আবদুল্লাহ বলেন, ২০১৩ সালে শাহবাগ থেকেই দেশে ফ্যাসিবাদের সূচনা হয়েছে, আর এই শাহবাগ থেকেই ফ্যাসিবাদের পতন ঘটবে। গত দু’দিন রাস্তায় থাকায় আমি যেকোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। আগেই বলে রাখছি, কোনো ষড়যন্ত্রের চাপে পড়ে যদি কেউ আমার মুখ দিয়ে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়ায় তা-ও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন।

    যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, তারা ফ্যাসিবাদী; আর যারা নিষিদ্ধ করতে চায়, তারা প্রকৃত বাংলাদেশি শক্তি বলেও মন্তব্য করেন এনসিপির এ মুখ্য সংগঠক।

    প্রসঙ্গত, আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের গণজমায়েত শুরু হয় বিকেলে। তিনটার দিকে প্রথমে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং কিছুক্ষণ পর হাসনাত আবদুল্লাহ শাহবাগে আসেন। কর্মসূচিতে এনসিপি, জামায়াতে ইসলাম, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন ও অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ অংশ নিয়েছেন।

    এই কর্মসূচির কারণে ওই এলাকা দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে আশাপাশের এলাকায় যানজট দেখা দিয়েছে।;

  • সাংবাদিক পুত্র রিয়াজুস সালেহীন রাকিন এর ৮ম শুভ জম্মদিন

    নিজস্ব প্রতিবেদক : দৈনিক স্বদেশ দর্পণ পত্রিকার সহ-সম্পাদক এস. এম. রিয়াজুল ইসলাম রিপন এর একমাত্র পুত্র রিয়াজুস সালেহীন রাকিন এর ৮ম শুভ জন্মদিন আজ। ২০১৭ সালের ১০ই মে পৃথিবী আলো করে তার মা-বাবার কোলজুড়ে জন্ম নিয়েছিল রিয়াজুস সালেহীন রাকিন। এই শুভ জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন দৈনিক স্বদেশ দর্পণ পত্রিকার পরিবার, সেই সাথে দীর্ঘায়ু কামনা করেছেন তার পিতা-মাতা, দাদা-দাদু, চাচা-চাচি, ফুফা-ফুফি, নানা-নানী, মামা খালাসহ সকল আত্মীয় স্বজনরা আগামী দিনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষে দোয়া কামনা করেছেন।

    রিয়াজুস সালেহীন রাকিনের শুভ জন্মদিনে আমরা এই প্রত্যয় করছি যে-
    স্বাশত এই জন্মদিন তোমার
    স্বগত হোক বার বার
    ধরণীর ম্লান অভ্র কুঞ্জে
    রূপ রঙে করুক আবার
    ধুয়ে যাক সব কষ্ট দুঃখ গ্লানি
    তোমার হাসির ছোয়া লেগে
    সুরভিত হোক সকল প্রাণী

    ;

  • আইপিএলের চলতি আসরের বাকি ম্যাচগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত

    আইপিএলের চলতি আসরের বাকি ম্যাচগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত

    খেলাধুলা ডেস্ক:   ভারত-পাকিস্তান চলমান সংঘাতের কারণে আইপিএলের চলতি আসরের বাকি ম্যাচগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

    শুক্রবার (৯ মে) বিসিসিআই-এর এক জরুরি সভায় ভারত সরকারের পরামর্শে নেয়া হয় এমন সিদ্ধান্ত।

    এর আগে, বৃহস্পতিবার আইপিএলে স্থগিত হয় ধরমশালার দিল্লি-পাঞ্জাবের ম্যাচ। ব্ল্যাকআউট হয়ে যাওয়ায় দ্রুতই মাঠ ছাড়তে বলা হয় দর্শকদেরও। এখানেই শেষ নয়, দুই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, সম্প্রচারকর্মীসহ সংশ্লিষ্টদের নিরাপদে সরিয়ে আনা নিয়েও দেখা দেয় বিপত্তি। বিমানবন্দর বন্ধ থাকায় বাধ্য হয়েই বিকল্প হিসেবে ব্যবস্থা করা হয় বিশেষ ট্রেনের।

    এই ম্যাচের পর প্রশ্ন ওঠে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে তো? বার্তা সংস্থা পিটিআই বলছিল, আইপিএলের বিদেশি খেলোয়াড়েরা ভারতে অবস্থান করাটা আর নিরাপদ মনে করছেন না। যত দ্রুত সম্ভব, দেশে ফিরতে চান তারা। বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আর কোনো ম্যাচই খেলতে চান না, এমনটাও এসেছে বিভিন্ন মাধ্যমে। শুধু তাই নয় নিরাপত্তা ইস্যুতে বেশিরভাগ দর্শকই চান আপাতত টুর্নামেন্ট স্থগিত করতে। তাতেই দেখা যায় আইপিএলের ভবিষ্যত নিয়ে শঙ্কা।

    শেষ পর্যন্ত, এই আশঙ্কাই সত্য হলো। মাঝপথে স্থগিত হয়ে গেলো লিগটির ১৮তম আসর।

    এদিকে, পাক-ভারত যুদ্ধের প্রভাবে ইতোমধ্যেই পিএসএলের বাকি আট ম্যাচ সরিয়ে নেয়া হয়েছে আরব আমিরাতে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলায় স্থগিত করা হয় পিএসএল ম্যাচ। দ্রুতই জরুরি বৈঠক ডাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি ক্রিকেটারদের আপত্তিতে রাতেই সিদ্ধান্ত আসে টুর্নামেন্টের বাকি অংশ স্থানান্তর হবে আরব আমিরাতে। শিগগিরই জানিয়ে দেয়া হবে নতুন সূচি, নিশ্চিত করে পিসিবি।;

  • হযে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে : হাসনাত আব্দুল্লা

    হযে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে : হাসনাত আব্দুল্লা

    নিউজ ডেস্ক:  যে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত পতন ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (৯ মে) সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাস তিনি এমন হুঁশিয়ারি দেন।

    হাসনাত আব্দুল্লাহ বলেন, শুধু সময়ের অপেক্ষা। আমাদের জুলাইয়ের সকল শক্তির ঐক্যবদ্ধ লড়াই চলবে।

    এর আগে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত সমাবেশ থেকে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবরোধের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ।এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। এখান থেকে তাদের দ্বিতীয় অভ্যূত্থান পর্ব শুরু হবে।

    প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে আসছিল এনসিপিসহ বিভিন্ন দল ও সংগঠন। এরপর বিকেলে সেখানে সমাবেশ আয়োজন করে এনসিপি। সেই সমাবেশ থেকে শাহবাগ অবরোধের এই ঘোষণা দেয়া হয়।;

  • আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা

    আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা

     নিউজ ডেস্ক:    আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৫টার পর জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের ব্যনারে প্রথমে বিএনএস সেন্টারের সামনে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা।

    পরে মিছিল নিয়ে হাউজ বিল্ডিং ঘুরে আজমপুরে উত্তরা পূর্ব থানার সামনে বসে পড়ে। অবরোধের ফলে এখন দুপাশের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

    আন্দোলনকারীরা বলেন, দায়িত্ব নেয়ার বহুদিন পেরিয়ে গেলেও গণহত্যার অভিযোগে অভিযুক্ত দল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যপারে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এটাকে জুলাই চেতনার সাথে প্রতারণা বলে অভিহিত করেন তারা।

    আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সুস্পষ্ট নির্দেশনা না আসা অবধি সড়কে থাকবেন বলেও জানান তারা।;

  • ৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

    ৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

    নিউজ ডেস্ক:  ময়মনসিংহে ৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  ৮ মে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় কৃষি অনুষদের শিক্ষার্থীরা।

    এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা ডিএই, বিএডিসিসহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা এবং ৯ম ও অন্যান্য গ্রেডে পদসংখ্যা বৃদ্ধি করাসহ ৬ দফা দাবি জানান। তারা বলেন, কৃষিবিদদের প্রতি বৈষম্য করা হচ্ছে। দাবিগুলো না মানলে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্লকেড কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়া হবে।

    এদিকে, শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে কৃষি সচিবের সাথে আলোচনার আশ্বাস দিয়েছেন বিশ্ববাদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজল হক ভূঁইয়া।;