Blog

  • আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ

    আমতলী(বরগুনা) প্রতিনিধি:বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও এন,এস,এস উদ্যোগে আমতলীতে ,চার হাজার শিশুর মাঝে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে । শনিবার বেলা ১১ টায় আমতলী সোনালী কমিউনিটি সেন্টারে চারা বিতরণ র্কাযক্রমের উদ্ভোধন করা হয় ।

    বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপসহকারী কৃষি অফিসার মো: হুমায়ুন কবীর । ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি এর এরিয়া ম্যানেজার বিভুদান বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে, এন,এস,এস,এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার মৃদুল সরকার (প্রমুখ) ।

  • রাশিয়াতে স্কলারশিপ মাধ্যমে লেখাপড়া সুযোগ পেলেন রামগড়ে মেধাবী শিক্ষার্থী ফারহান

    খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ি পার্বত্য জেলায় রামগড়ের মেধাবী শিক্ষার্থী এসানুল বারী ফারহান রাশিয়াতে স্কলারশিপ মাধ্যমে লেখাপড়া সুযোগ পেয়েছেন।

    তিনি রাশিয়াতে উচ্চ শিক্ষা জন্য মর্যাদাপূর্ণ ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। তাঁর এ সাফল্যে পরিবার, শিক্ষাঙ্গন ও স্থানীয়দের মধ্যে আনন্দ তৈরি হয়েছে।

     

    জানা গেছে, ফারহান রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থিত মস্কো পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (এমপিইআই)-এ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে অধ্যয়নের সুযোগ পেয়েছেন। স্কলারশিপের আওতায় তিনি সম্পূর্ণ বিনামূল্যে লেখাপড়ার পাশাপাশি মাসিক ভাতা ও অন্যান্য শিক্ষা-সুবিধা পাবেন। পাঁচ বছর মেয়াদি এই উচ্চশিক্ষা কর্মসূচির জন্য ইতোমধ্যে তাঁর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে তিনি রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা গেছে।

     

    ফারহান রামগড় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গর্জনতলী গ্রামের বাসিন্দা। তিনি মাওলানা এমদাদুর রহমান ও আলেমা হাছিনা আক্তারের জ্যেষ্ঠ পুত্র। ২০০৫ সালের ১৭ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন ফারহান শৈশব থেকেই মেধাবী শিক্ষার্থী হিসেবে এলাকায়তে বেশ পরিচিত।

     

    বর্তমানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। উচ্চশিক্ষার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে তিনি দীর্ঘদিন ধরে প্রস্তুতি গ্রহণ করে আসছিলেন। তাঁর সেই প্রচেষ্টার ফলস্বরূপ রাশিয়ার অন্যতম স্বনামধন্য প্রযুক্তি ও প্রকৌশল ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ লাভ করেছেন।

     

    ফারহানের এই অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন। তারা মনে করেন, পাহাড়ি অঞ্চলের একজন শিক্ষার্থীর আন্তর্জাতিক পর্যায়ে ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন নিঃসন্দেহে একটি গৌরব বিষয়।এটি রামগড়ের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।

  • ফরিদপুরের নগরকান্দায় গণপিটুনিতে আহত যুবক, হাসপাতালে ভর্তি; পরিত্যক্ত স্থান থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার

    জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আটাইল ও দাঁতপুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় মামুন (গয়েশপুর গ্রামের বাসিন্দা) নামে এক যুবককে স্থানীয় লোকজন মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

     

    স্থানীয় সূত্রে জানা যায়, মামুনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুলে কিছু লোক তাকে আটক করে মারধর করে। তবে তার স্ত্রী দাবি করেন, তার স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। অপরদিকে, মামুনের বোনের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে আটাইল ও দাঁতপুর এলাকার কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেছে।

     

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামুনের স্বজনরা জানান, তিনি একসময় মাদক সেবন করলেও বর্তমানে আর মাদক গ্রহণ করেন না। পূর্ব বিরোধের জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে তারা দাবি করেন।

     

    নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অফিসার জানান, আহত ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

     

    এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসূল সানদানী আজাদ বলেন, “আহত অবস্থায় মামুন নামের এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি অভিযোগ করলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

     

    তিনি আরও জানান, ঘটনাস্থলের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনি বা মব সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

     

    এদিকে, নগরকান্দার সাংবাদিক লিয়াকত আলী একটি ভিডিওচিত্রের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     

    উল্লেখ্য, আহত ব্যক্তির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো মামলা বা আনুষ্ঠানিক অভিযোগের তথ্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।

  • ফরিদপুরের নগরকান্দায় শ্বশুরবাড়িতে জামাতার মরদেহ উদ্ধার

    জেলা প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে কারিম মুন্সি (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার সদরদী ইউনিয়নের কাপুরিয়া গ্রামের জালাল মুন্সির ছেলে।

     

    স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার আলগাদিয়া গ্রামের ওমর আলী শেখের বাড়িতে অবস্থানকালে কারিম মুন্সিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

     

    পারিবারিক সূত্রে জানা গেছে, কারিম মুন্সির স্ত্রী মাহমুদা ভাঙ্গা বাজারের একটি ক্লিনিকে কর্মরত। তাদের সংসারে ১৩ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ঈদুল আজহার প্রায় এক সপ্তাহ আগে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয় বলে জানা গেছে। স্বজনদের দাবি, বিষয়টি সম্প্রতি জানতে পেরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন ধরনের আলোচনা চলছে।

     

    এদিকে, নগরকান্দার সংবাদকর্মী আলামিন হোসেন বিজয় ঘটনাস্থল ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিষয়টির বিস্তারিত তথ্য ভিডিও আকারে তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে প্রকাশ করেছেন।

     

    তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

     

    ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

  • পত্নীতলা উপজেলা ১১ মাদকসেবি আটক

     

    পত্নীতলা নওগাঁ জেলা প্রতিনিধি:পুলিশ সুপার, নওগাঁ এর কঠোর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় একাধিক মাদক সেবনের আস্তানায় অভিযান পরিচালনা করে ১১ জন মাদকাসক্ত যুবককে আটক করা হয়েছে।

     

    পত্নীতলা থানা পুলিশের তথ্য সূত্রে জানা যায়, গত ১৯/০৬/২০২৬ এবং ২০/০৬/২০২৬ তারিখ রাতে পত্নীতলা থানার মাদক-শাবিদের দুটি আস্তানায় পুলিশ সুপারের নির্দেশনা অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবন করায় পত্নীতলা থানা পুলিশ কর্তৃক ১১ (এগার) জন মাদকাসক্ত যুবককে গ্রেফতার করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম করাদন্ড ও জরিমানা করা হয়েছে।

     

    পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিয়ামুল হক জানান, মাদকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।

  • ফরিদপুরে পিকআপ ভর্তি ১০ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় কাশির সিরাপ উদ্ধার, আটক ২

    জেলা প্রতিনিধি, ফরিদপুর :ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩৫০ বোতল ভারতীয় অবৈধ কাশির সিরাপ (স্কাফ সিরাপ) উদ্ধার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

     

    র‌্যাব-১০ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) রাত ১১টা ৫০ মিনিটের দিকে র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানার তোফাজ উদ্দিন ফিলিং স্টেশন সংলগ্ন ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।

     

    অভিযান চলাকালে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে ৩৫০ বোতল ভারতীয় অবৈধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

     

    এ সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার মো. ছোট বাবু (৫১) এবং দামুড়হুদা উপজেলার মো. বাবু (৩১) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।

     

    র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের নগরকান্দাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

     

    উদ্ধারকৃত মাদকদ্রব্য, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

     

    এ বিষয়ে র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন বলেন, “মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় র‌্যাব ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

  • চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশারফ হোসেন ও ছোট জামাই সোহেলের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বড় জামাই এ.কে আজাদ।

     

    আজ শনিবার (২০ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হুজরাপুরে অবস্থিত চাঁপাই প্রেসক্লাবে হল রুমে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন তিন।

     

    লিখিত বক্তব্য এ. কে আজাদ জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুরে অবস্থিত মার্কেটসহ বাড়ি দখলের বিরোধের জেরে আদালতে মামলা দায়ের করা হলে উক্ত আর.এস দাগ নং ১১৪৯ জমির উপরে আদালত ১৪৪ ধারা জারি করেন। এর পরেও মোশাররফ হোসেন ও তার ছোট জামাই সোহেল রানা আদালতের আইন অমান্য করে ১৪৪ ধারা ভঙ্গ করে গত ১ বছর ধরে তার নামে থাকা একটি মার্কেটসহ বাড়ী জোর পূর্বক দখল করে নেন। সে সঙ্গে বাড়ি ও মার্কেটের প্রতিমাসে ৩০ হাজার টাকা শশুর এবং তার ছোট জামাই উত্তোলন করে আসছেন। মার্কেটসহ বাড়ির বর্তমান মালিক এ.কে আজাদ দখল ছাড়তে বললে বিভিন্ন প্রকার হত্যার হুমকি দিচ্ছেন বলে এমন অভিযোগ করেন তিনি।

     

    উক্ত ঘটনার বিষয়ে জানতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশারফ হোসেনের মুঠোফোনে ঘটনার বিষয়টি জানতে চাইলে তিনি জানান, তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ সম্পন্ন মিথ্যা।

  • নেত্রকোনায় আলোচিত মাদক কারবারিকে পাঠাগারের সাহিত্য সম্পাদক করায় সমালোচনা

    নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জে মাদক কারবারের অভিযোগে আলোচিত সুমন মাহমুদ শেখকে মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের সাহিত্য সম্পাদক পদে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, মাদক সংশ্লিষ্ট অভিযোগে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পরও কীভাবে একটি সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে তাকে দায়িত্ব দেওয়া হলো। স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পৌরসভার বড়কাশিয়া গ্রামের বাসিন্দা সুমন মাহমুদ শেখ সম্প্রতি একটি সাধারণ পাঠাগারের সাহিত্য সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

    বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর আগে গত ২১ ফেব্রুয়ারি মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকায় টাঙ্গাইল ট্রান্সপোর্ট নামে একটি কুরিয়ার সার্ভিস এজেন্সিতে যৌথ অভিযান চালিয়ে ২৮৬ বোতল ভয়ংকর মাদক রেক্টিফায়েড স্পিরিট জব্দ করে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠানটির ম্যানেজার দেওথান গ্রামের আবুবকর ছিদ্দিক এবং সহকারী ম্যানেজার বারহাট্টা উপজেলার সদরপুর গ্রামের সুজাত মিয়াকে গ্রেপ্তার করা হয়।পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরশহরের তুলাপট্টি এলাকার রিপন হোমিও হলে অভিযান চালিয়ে ১২৮ বোতল রেক্টিফায়েড স্পিরিটসহ বকুল চন্দ্র সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

    অভিযান-পরবর্তী সময়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন, গ্রেপ্তার বকুল চন্দ্র সরকারের সঙ্গে সাবেক কাউন্সিলর মানিক তালুকদার ও সুমন মাহমুদ শেখের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করত। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সুমন মাহমুদ শেখ বা মানিক তালুকদারের বিরুদ্ধে তদন্ত শুরু করলেও পরে নানা কারণে ধামাচাপা দেওয়া হয়।

    স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মাদক ব্যবসার অভিযোগে যার নাম বারবার এসেছে, তাকে পাঠাগারের সাহিত্য সম্পাদক করায় তরুণদের কাছে ভুল বার্তা যাবে। একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে এমন বিতর্কিত ব্যক্তিকে রাখা উচিত হয়নি।”এ বিষয়ে পাঠাগারের কয়েকজন সদস্যও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, কোনো প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল পদে সুনাম ও গ্রহণযোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের রাখা প্রয়োজন।

    এদিকে গত ২২ ফেব্রুয়ারি মাদক কারবারে যুক্ত থাকার বিষয়ে একটি জাতীয় দৈনিকে সুমন মাহমুদ শেখের ছবি সংবলিত প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।এরআগে আরও বেশ কয়েকবার এসব মাদক স্থানীয়রা জব্দ করলেও সুমন ও মানিক প্রভাব কাটিয়ে সেসব ছাড়িয়ে নেন বলে জানা গেছে। তাদের ভয়ে আশপাশের ব্যবসায়ীরা মাদক নিয়ে মুখ খুলতে সাহস পেতেন না বলেও জাতীয় দৈনিকের প্রতিদবেদনে জানা গেছে। তুলাপট্টি এলাকার কয়েকজন বাসিন্দা জানান, এসব মাদক বিক্রির সময় তারা বাধা দিয়েছিলেন।

    কিন্তু সুমন মাহমুদ শেখ তাদের জিহবা কেটে ফেলার হুমকি দেন। পরে ভয়ে তারা বিষয়টি নিয়ে চুপ থাকেন। বিষয়টি অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাধারণ পাঠাগারের সভাপতি আমেনা খাতুন বলেন, এমন বিষয় আমার জানা ছিল না। বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।

  • নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নেত্রকোনা : নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ময়মনসিংহ ডিভিশনের আওতাধীন নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের বারহাট্টা শাখার উদ্যোগে মরহুম হাবিবুর রহমান-এর মৃত্যু দাবির চেক (২০ জুন) শনিবার হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।নেত্রকোনার বারহাট্টা উপজেলার সুসং ধুবাহালা গ্রামের সম্মানিত গ্রাহক মরহুম হাবিবুর রহমান বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-তে একটি পলিসির বিপরীতে মাত্র ৮,৩৫২ টাকা কিস্তি জমা দেওয়ার কিছুদিন পর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটির নিয়ম অনুযায়ী তাঁর মনোনীত নমিনি ও সহধর্মিণী সখিনা আক্তার-এর কাছে ৮০,০০০ টাকা মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়।

    এদিকে শনিবার (২০ জুন) মরহুমের নিজ বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতে চেক প্রদান করা হয় এবং তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত স্বজনরা প্রতিষ্ঠানের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল। এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোনা জোনের এজেন্সি ডিরেক্টর শাহীন মিয়া,এজেন্সি ডিরেক্টর হাবিবুর রহমান, মাওলানা মনিরুজ্জামান, শাহানা আক্তার এবং বারহাট্টা শাখা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

    এসময় বক্তারা বলেন, গ্রাহকের প্রয়োজনে দ্রুত ও যথাসময়ে মৃত্যু দাবি পরিশোধের মাধ্যমে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মানুষের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। এমন মানবিক ও দায়িত্বশীল কার্যক্রম ইসলামী বীমা সম্পর্কে সাধারণ মানুষের বিশ্বাস ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করবে।অনুষ্ঠানের শেষে মরহুম হাবিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেত্রকোনা জোন, সার্ভিস সেন্টার ও বারহাট্টা শাখা অফিসের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

  • বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

    বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে কিশোর কণ্ঠ পাঠক ফোরাম বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

     

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ড. মোবারক হোসাইন। প্রধান আলোচক ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান মু. জাহিদুল ইসলাম।

     

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রোগ্রামার মো. তোফায়েল ইসলাম, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান এবং বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

     

    কিশোর কণ্ঠ ফাউন্ডেশন বুড়িচং উপজেলা শাখার চেয়ারম্যান মুমিন ইসলামের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান ইহছানুর রহমান শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা শাখার সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, জাকারিয়া খান মহিবুল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, গোলাম কিবরিয়া এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

     

    আয়োজকরা জানান, গত ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত কিশোর কণ্ঠ কুইজ প্রতিযোগিতার জন্য আবেদন গ্রহণ করা হয়। পরে ৯ মে উপজেলার দুটি কেন্দ্রে অনুষ্ঠিত কুইজ পরীক্ষায় মোট ৮৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ঈদুল আজহার আগের রাত ২৭ মে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়।

     

    প্রতিযোগিতায় বিজয়ী মোট ১২০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম স্থান অধিকারীকে ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা নগদ অর্থসহ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া অন্যান্য বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।

     

    বক্তারা বলেন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ, সাহিত্যচর্চা ও সৃজনশীল বিকাশে কিশোর কণ্ঠের এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।