কারখানা স্থানান্তরের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, ঈদের আগে পাওনা পরিশোধের দাবি

Written by

in

আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি
কারখানা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ এবং শ্রম আইন অনুযায়ী ঈদের আগেই শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
রোববার (১৫ মার্চ) বিকেলে আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কারখানাটির বিপুলসংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন এবং তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।
শ্রমিকদের অভিযোগ, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত উইলিয়ামস সোয়েটারস লিমিটেড কারখানায় তারা দীর্ঘদিন ধরে কর্মরত। সম্প্রতি কর্তৃপক্ষ হঠাৎ করেই প্রতিষ্ঠানটি প্রায় ৫০ কিলোমিটার দূরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে শ্রমিকদের চাকরি ছেড়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
শ্রমিকরা জানান, আকস্মিকভাবে এত দূরে কারখানা স্থানান্তরের সিদ্ধান্তে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অধিকাংশ শ্রমিক দীর্ঘদিন ধরে আশুলিয়া এলাকায় বসবাস করছেন এবং তাদের সন্তানরা এখানকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। ফলে নতুন এলাকায় গিয়ে বসবাস ও কর্মসংস্থান চালিয়ে যাওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
এই পরিস্থিতিতে শ্রম আইন অনুযায়ী বকেয়া সকল পাওনা দ্রুত পরিশোধ এবং শ্রমিকদের প্রতি হয়রানি ও চাপ প্রয়োগ বন্ধের দাবিতে তারা বাইপাইল ত্রিমোড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ এবং সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। এ সময় শ্রমিক নেতা মাসুদ রানা সুলতানসহ শ্রমিক প্রতিনিধি মো. শাহাজাহান ও মো. রাজা মিয়া বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ন্যায্য অধিকার আদায়ের দাবি জানাতে গেলেই শ্রমিকদের হুমকি-ধমকি ও বিভিন্ন ধরনের চাপের মুখে পড়তে হচ্ছে। দ্রুত এসব কার্যক্রম বন্ধ করে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সব বকেয়া পাওনা ঈদের আগেই পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *