
বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নে সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে মাসিক চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোজ মঙ্গলবার (০৯ জুন ২০২৬) বেলা ০১টা ৩০ মিনিটে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও সদস্যাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় পরিচালিত ভিডাব্লিউবি কর্মসূচি দরিদ্র ও অসহায় নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিয়মিত ও স্বচ্ছতার সঙ্গে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালিত হলে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী উপকৃত হবে। পরে ইউনিয়নের তালিকাভুক্ত ভাতাভোগীদের মাঝে প্রতি জনকে মাসিক ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল গ্রহণ করতে এসে উপকারভোগীরা সরকারের এই সহায়তা কর্মসূচির প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। চাল বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করেন। উপস্থিত অতিথিরা উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং বিতরণ কার্যক্রমের সার্বিক তদারকি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি মাসের ন্যায় এবারও নির্ধারিত তালিকা অনুযায়ী সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপকারভোগীদের মধ্যে সন্তোষ দেখা যায়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।