স্পেনের জয় উদযাপনে সেজদা দেওয়ায় শারিরীক ও মানসিক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ

Written by

in

নবীনগর উপজেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ফুটবল খেলা চলাকালে স্পেনের জয় উদযাপন করে আল্লাহর দরবারে সেজদা দেওয়াকে কেন্দ্র করে এক শারিরীক ও মানসিক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠেছে। আহত ওই যুবকের নাম আকবর হোসেন ওরফে জানি (২৩)। তিনি উপজেলার শিবপুর ইউনিয়নের কণিকাড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের শাহনূর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের অভিযোগ, গত ১৯ জুলাই দিবাগত রাত প্রায় ৪টার দিকে ফুটবল ম্যাচ শেষে স্পেনের জয় উদযাপন করে আকবর সেজদাকে কেন্দ্র করে গাংকুলহাটি স্কুল মাঠে একই গামের আব্দুল্লাহ (২৭), পিতা- আব্দুল বাতেন এবং রিফাত (২৩), পিতা- আব্দুল আওয়াল দ্বয় মারধর করে।

গুরুতর আহত অবস্থায় আকবরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করা হয়।

আকবরের পালক দাদি সেলিনা বেগম (৮০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আকবরের মা নেই। ছোটবেলা থেকে আমি তাকে লালন-পালন করেছি। সে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। শুধু একটি সেজদা দেওয়ার কারণে তাকে এভাবে মারধর করা হবে, তা কখনো ভাবিনি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

আকবরের চাচাতো ভাই ও সহপাঠী মো. ওবায়দুল্লাহ ওবা বলেন, “আকবর যে প্রতিবন্ধী, তা গ্রামের সবাই জানে। তারপরও তাকে ফেলে এভাবে মারধর করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রতিবন্ধী একজন যুবকের ওপর এমন হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, চিকিৎসা শেষে তারা এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেনি।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *