নিউজ ডেস্ক: সুস্থভাবে দেশে ফিরতে পারায় দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া— এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ হোসেন বলেন, দেশে ফিরতে খালেদা জিয়াকে দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমণ করতে হয়েছে। এতে শারীরিকভাবে ক্লান্তি থাকলেও মানসিকভাবে সুস্থ রয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসন এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান বলেও উল্লেখ করেন তিনি।
ডা. জাহিদ আরও বলেন, চার মাস আগে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। এইসময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিভিন্ন সংস্থার কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রাণালয়সহ আইনশৃঙ্খলা-বাহিনীর সদস্য ও দেশের মানুষ নানাভাবে ভূমিকা পালন করেছেন। তাই সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া।
উল্লেখ্য, মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ সময় গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ঢোকেন তিনি।;
নিউজ ডেস্ক: এবার পবিত্র ঈদুল আজহায় সাধারণ ছুটিসহ মোট ১০ দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের মানুষ। মঙ্গলবার (৬ মে) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার ১০ দিনের ছুটির সমন্বয়ে আগামী ১৭ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে। সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়াও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় দেশের চলমান পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
অন্যদিকে, বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিস্তারিত জানাবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।;
স্টাফ রিপোট : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাহাঙ্গীর আলম (৫৭) নামে এক জামায়াত নেতার বাড়িতে হামলা ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারসহ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।
সোমবার (৫ মে) দুপুরে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের বাড়ির উঠানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীর মিয়া জামালপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের (জামায়াতে ইসলামীর সাথে সংযুক্ত) সাবেক সভাপতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলমের ছেলে ইমরান মিয়া বলেন, রাজনৈতিক ও পূর্ব বিরোধের জেরে গত ২৮ এপ্রিল দিবাগত রাতে জামালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়ার নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাসায় হামলা করে। হামলাকারীদের মধ্যে আরও আছেন হোসেন আলী ফকির, আমজাদ মিয়া, আব্দুল জোব্বার, আতাউর মিয়া ও মোকাব্বর মিয়াসহ অজ্ঞাত আরও ৭-৮ জন।
পরে আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে বসতঘর ও গোয়ালঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে দুটি ঘর, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং একটি গরু মারা যায়। এছাড়াও তার বাবা জাহাঙ্গীর আলম দগ্ধ হয়ে এখনও হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ইমরান মিয়া আরও বলেন, তার বাবাসহ পরিবারের লোকজন জামায়াতের রাজনীতির সাথে জড়িত। এ কারণে পরিকল্পিতভাবে এ ঘটনাটি ঘটানো হয়।
তিনি আরও জানান, প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করলেও এখনও মামলা নেয়নি পুলিশ। এ সময় দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি অভিযুক্ত শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর মিয়াকে। এ সময় তাদের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, জামায়াত নেতা জাহাঙ্গীর মিয়ার বাড়িতে হামলা ও আগুনের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।;
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক বৃদ্ধি বাস্তবায়িত হলে থাইল্যান্ডের রফতানিতে বছরে ২৪ বিলিয়ন ডলার (প্রায় ২.৪ লক্ষ কোটি টাকা) ক্ষতি হতে পারে। সোমবার (৫ মে) জাপানিজ গণমাধ্যম নিক্কেই এশিয়া এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে দেশটির ইলেকট্রনিক্স, অটো পার্টস ও কৃষি পণ্য রফতানিতে এই শুল্কের প্রভাব পড়তে পারে বলে জানানো হয়েছে।
ব্যবসায়িক সংগঠন সতর্ক করে দিয়ে বলেছে, এভাবে চলতে থাকলে মুদ্রাস্ফীতি সমস্যায় পড়বে থাইল্যান্ড। এছাড়াও আমদানি-রফতানি খাতে ক্ষতি কাটানো সম্ভব হবে না।
ওয়াশিংটনের ব্যাপক শুল্ক নীতির আওতায় থাইল্যান্ডের রফতানিকৃত পণ্যের ওপর ৩৬% শুল্ক আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ড সরকার ৯০ দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে বাধ্য হয়েছে।
প্রাথমিক হিসাবে, এই শুল্ক নীতির প্রভাবে থাইল্যান্ডের বার্ষিক রপ্তানি আয়ে ২.৪ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মার্কিন বাজারে থাই রাবার, কম্পিউটার কম্পোনেন্ট এবং ক্যানড ফুডের রফতানি মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।;
নিউজ ডেস্ক: রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ৫০ মিনিটের চেষ্টায় ৭ টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সিরাজ টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের তৎপরতায় ভবনের ছাদ থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। এরমধ্যে পুরুষ ৭ জন, মহিলা ৯ জন এবং শিশু ২ জন
উল্লেখ্য, গত বছরে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ৪৬ জন।;
বিনোদন ডেস্ক: রাজশাহীতে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে। শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামের এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ মে) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক রায়হান রাফী।
তিনি জানান, মনির দুপুরের দিকে শট দিয়েছিল। এরপর সবার সঙ্গে স্বাভাবিকভাবে গল্প করছিল। হঠাৎ করেই দুই-এক ঘণ্টা পর তার শরীর খারাপ করে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাফী বলেন, অল্প বয়সে এমন মৃত্যু খুবই কষ্টদায়ক। আমরা তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি এবং তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো।
শুটিং ইউনিটের সদস্যদের ধারণা, সকালেই মনির স্ট্রোক করেছিলেন। সে বিষয়টি কাওকে জানায়নি। কারও সঙ্গে অসুস্থতা বা অস্বস্তির কথাও বলেননি তিনি।
মনির ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং কয়েক বছর ধরেই চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। তিনি সহকারী ফাইট ডিরেক্টর নেপালীর সঙ্গে নিয়মিত কাজ করতেন।;
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওপর যারা খারাপ দৃষ্টি দিয়েছে তাদের উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি নরেন্দ্র মোদির ওপর আস্থা রাখতে দেশটির জনগণের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। খবর, দ্য টাইমস অব ইন্ডিয়া’র।
রোববার (৪ মে) নয়াদিল্লিতে সংস্কৃতি জাগরণ মহোৎসবের ভাষণে এ কথা বলেন তিনি।
রাজনাথ সিং বলেন, পেহেলগাম সন্ত্রাসী হামলার জবাব দিতে সামরিক বাহিনীর সাথে সব ধরণের আলাপ-আলোচনা চলছে। ভারতের সার্বভৌমত্ব বিনষ্টকারীদের দ্রুতই উপযুক্ত জবাব দেয়া হবে।
তিনি বলেন, যারা আমাদের দেশের প্রতি খারাপ নজর দিয়েছে, সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাদের একটি উপযুক্ত জবাব দেয়া আমার দায়িত্ব।
পেহেলগাম হামলার ঘটনায় ভারতীয়রা পাকিস্তানে পাল্টা প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজনীয়তার বিষয়ে যে কথা বলছেন সেদিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আপনারা যা চান তা অবশ্যই ঘটবে।
গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বাইসারন উপত্যকায় বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও ১ নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলার ঘটনায় জড়িতদের সঙ্গে পাকিস্তানের আন্তঃসীমান্ত সংযোগ রয়েছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। যদিও বরাবরের মতো এই হামলার সঙ্গে যেকোনও ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।
উল্লেখ্য, এ হামলার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা নিষিদ্ধ ও সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে ভারত। এর পাল্টায় পাকিস্তানও ভারতের বিরুদ্ধে প্রায় একই ধরনের পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আবহে আরও নেতিবাচকতা লক্ষ্য করা যাচ্ছে।;
নিউজ ডেস্ক: এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর গাজীপুরে হামলার ঘটনায় অন্তত ৭০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ মে) দিবাগত রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এখনও অভিযান চলছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (৫ মে) সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় ৪ থেকে ৫টি মোটরসাইকেল যোগে হামলা করা হয় তার গাড়িতে। এতে গাড়ির কাচ ভেঙে যায়। আহত হন হাসনাত। পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
এদিকে, হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে অনেক জেলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা।
এই হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কিছু শিক্ষার্থী।;
আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে তিন সেনা নিহত হয়েছেন। রোববার (৪ মে) স্থানীয় সময় সকালে অঞ্চলটির রামবান জেলায় এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা পিটিআই জানায়, জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল গাড়িটি। এ সময় শ্রীনগর মহাসড়কের ব্যাটারি চশমামূল নামক এলাকায় দুর্ঘটনার কবলের পড়ে সেনাবাহিনীর গাড়িটি। মূল সড়ক থেকে ছিটকে পড়ে পাশের ৭শ’ ফুট গভীর খাদে।
কর্মকর্তারা জানান, দুর্ঘটনার ফলে গাড়িটি সম্পূর্ণরূপে ছিন্নভিন্ন হয়ে যায়। সেনাবাহিনী, পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি যৌথ উদ্ধার অভিযান তাৎক্ষণিকভাবে শুরু হয়। ঘটনাস্থলেই গাড়ির ভেতরে থাকা তিন সৈন্যকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পিটিআই’র তথ্য অনুসারে, নিহত তিন সেনা হলেন অমিত কুমার, সুজীত কুমার ও মান বাহাদুর। তাদের মৃতদেহ খাদ থেকে উদ্ধার করা হয় বলে জানানো হয়।;
নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের করমর্দনের ছবিকে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ড. ইউনূসের করমর্দনের ছবি বলে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘আজতক বাংলা’। তবে দাবিটি মিথ্যা বলে জানায় তথ্য যাচাইকারী (ফ্যাক্ট চেকার) সংস্থা রিউমার স্ক্যানার।
গত ৩ মে প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়, ছবিতে ড. ইউনূসের সঙ্গে করমর্দন (হ্যান্ডশেক) করা ব্যক্তিরা পাকিস্তানি সেনা কর্মকর্তা হতে পারেন।
আজতক বাংলার ভিডিও প্রতিবেদনে উপস্থাপক দাবি করেন, ‘তবে পোশাক দেখে মনে হচ্ছে না, তারা কেউ বাংলাদেশের সেনা। কেননা, বাংলাদেশের সেনার পোশাক এইরকম নয়। ..এরা কি তাহলে অন্য কোনো দেশের সেনা আধিকারিক? তাহলে বাংলাদেশে কী করছেন? এরা কি পাকিস্তানি সেনা আধিকারিক?’
তবে দাবিটি সত্য নয় বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা গেছে, ছবিতে ড. ইউনূসের সঙ্গে হ্যান্ডশেক করা ব্যক্তিদের কেউই পাকিস্তান বা বাংলাদেশের সেনা কর্মকর্তা নয় বরং এরা সকলেই বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা।
রিউমার স্ক্যানার জানায়, গত ২৯ এপ্রিল পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনের সময়ের ছবি এটি। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) গ্রহণ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ ছিবগাত উল্লাহ, পিপিএম।
এ বিষয়ে অনুসন্ধানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে গত ২৯ এপ্রিল প্রকাশিত একই ছবি পাওয়া যায়।
পরবর্তী অনুসন্ধানে বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে একইদিনের একাধিক ছবিতেও একই পোশাকে পুলিশ কর্মকর্তাদের দেখা যায়। এমনকি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকেও একই পোশাকে ড. ইউনূসের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে আরও জানতে পুলিশ সদর দফতরে যোগাযোগ করা হলে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর রিউমার স্ক্যানারকে জানান, এখানে সকলেই বাংলাদেশ পুলিশের সদস্য। এটা আমাদের সেরেমোনিয়াল ড্রেস যা ‘সামার টিউনিক’ নামে পরিচিত। পুলিশ সপ্তাহে আমরা সেরেমোনিয়াল ড্রেস পরে থাকি।
অর্থাৎ, যে ছবিটিকে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে ড. ইউনূসের হ্যান্ডশেক বলে দাবি করা হচ্ছে, সেটি আসলে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে একটি আনুষ্ঠানিক মুহূর্তের ছবি, কোনো পাকিস্তানি সেনা কর্মকর্তাদের সঙ্গে নয়।;