Blog

  • পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গ্রেফতার

    পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গ্রেফতার

    স্টাফ রিপোর্ট : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২৩ এপ্রিল) যৌথ অভিযানের মাধ্যমে গাইবান্ধা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    এ নিয়ে পারভেজ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ৫ আসামিকে গ্রেফতার করা হলো। তাদের মধ্যে ৪ জনের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

    আজ বিকেলে ঢাকার সিএমএম আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়াজীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত এই আদেশ দেন।

    এর আগে দুপুরে তাকে আদালতে তোলা হয়। এসময় পুলিশ তার ১০ দিনের রিমান্ড চায়। আসামিপক্ষ অভিযুক্তের জামিন প্রার্থনা করেন। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।;

  • সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট বাংলাদেশ, জিম্বাবুয়ের টার্গেট ১৭৪

    সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট বাংলাদেশ, জিম্বাবুয়ের টার্গেট ১৭৪

    খেলাধুলা ডেস্ক:   সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এতে জিম্বাবুয়েকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে স্বাগতিকরা। জবাবে ব্যাটিংয়ে নেমে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের স্কোর বিনা উইকেটে ৪ রান।

    আগের দিনের ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে, শুরুতেই নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই, ৬০ রান করা শান্ত মুজারাবানির পেসে কাটা পড়েন। এরপর জাকের আলির সঙ্গী হন মেহেদী হাসান মিরাজ। তবে মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ১১ রান করে মুজারাবানির পঞ্চম শিকারে পরিণত হয়ে কাটা পড়েন এই অলরাউন্ডার। ফলে ২১০ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

    জাকের আলী অনিক একাই লড়াই চালিয়ে যান। শেষ উইকেটে সঙ্গীহীন জাকের দ্রুত রান করার চেষ্টা করতে গিয়ে ৫৮ রান করে ফিরলে ২৫৫ রানে অলআউট হয় বাংলাদেশ। মুজারাবানি একাই নেন ৬ উইকেট।

    এর আগে, স্বাগতিকদের প্রথম ইনিংসে করা ১৯১ রানের জবাবে জিম্বাবুয়ে করেছিল ২৭৩ রান।;

  • ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয়বার বৈঠকের সিদ্ধান্ত

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয়বার বৈঠকের সিদ্ধান্ত

    আন্তর্জাতিক ডেস্ক:   পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় পরোক্ষ আলোচনার সময় উভয় পক্ষ থেকে তৃতীয়বার বৈঠকের সিদ্ধান্ত হয়। আলোচনার পরিবেশকে ‘গঠনমূলক’ বলে অভিহিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী শনিবার ওমানে তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ দেশ দুটির নেতৃত্ব দেন। দুই দেশের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি না হয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বার্তা বিনিময় করেন।

    আগামী সপ্তাহে কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে, যেটি মূল আলোচনা এগিয়ে নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

    আরাগচি বলেন, আশাবাদী কিংবা হতাশ নই, আমরা বাস্তববাদী অবস্থানে আছি। ইরান-যুক্তরাষ্ট্রের মূল দ্বন্দ্ব ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বজায় রাখার অধিকার নিয়ে। পশ্চিমা দেশগুলো সন্দেহ করে, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও তেহরান বরাবরই তা অস্বীকার করে আসছে।;

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘটনায় গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ডিএমপির এমন অফিস আদেশ স্থগিত

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘটনায় গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ডিএমপির এমন অফিস আদেশ স্থগিত

    নিউজ ডেস্ক:   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এমন অফিস আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

    বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    এর আগে, গত ৯ এপ্রিল ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের হওয়া মামলায় আসামি গ্রেফতার প্রসঙ্গে অফিস আদেশ জারি করা হয়। যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের পক্ষে দেয়া বৈষম‍্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজুকৃত মামলায় আসামি গ্রেফতার প্রসঙ্গে’ শীর্ষক আদেশে বলা হয়, বৈষম‍্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজুকৃত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহার নামীয় আসামির সংখ্যা অধিক।

    এসব মামলার এজাহার নামীয় কিংবা তদন্তে প্রাপ্ত আসামি গ্রেফতারের নিমিত্তে উপযুক্ত প্রমাণসহ (ভিকটিম/বাদী/প্রতক্ষ‍্যদর্শী সাক্ষী, ঘটনা সংশ্লিষ্ট ভিডিও/অডিও/ স্থির চিত্র ও সিডিআর ইত্যাদি) অবশ‍্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেফতার করতে হবে।উপযুক্ত প্রমাণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনার মামলার এজাহার নামীয় কিংবা তদন্তে প্রাপ্ত কোনো আসামি গ্রেফতার না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

    এর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন রিটটি দায়ের করেন। আবেদনে ৯ এপ্রিলের অফিস আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। এতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ডিবিপ্রধান, সিআইডিপ্রধান ও এসবিপ্রধানসহ সাতজনকে বিবাদী করা হয়।;

  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিলেও আগামী সেপ্টেম্বরে আবারও তহবিল সংকটের আশঙ্কা : ড, মুহাম্মদ ইউনূস

    রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিলেও আগামী সেপ্টেম্বরে আবারও তহবিল সংকটের আশঙ্কা : ড, মুহাম্মদ ইউনূস

    নিউজ ডেস্ক:   অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনূস জানালেন, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সাময়িক অর্থায়নের মাধ্যমে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিলেও আগামী সেপ্টেম্বরে আবারও তহবিল সংকটের আশঙ্কা আছে। এই প্রেক্ষাপটে কাতারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

    দেশটির দোহায় আর্থনা সামিটে বুধবার (২৩ এপ্রিল) রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

    চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। এতেও কাতারের সহায়তা চান প্রধান উপদেষ্টা।

    এই আলোচনায় মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এবং রাখাইনে আরাকান আর্মির বর্তমান অবস্থান তুলে ধরেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আর বলেছেন, সম্প্রতি রাখাইন রাজ্যের পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন ঘটেছে।

    রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান নিশ্চিতে ৮ দফা সুপারিশ-ও পেশ করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সুপারিশগুলো হলো—

    ১. মানবিক অর্থায়ন নিশ্চিত রাখা: খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা, আশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করতে অব্যাহত অর্থায়ন প্রয়োজন।
    ২. জীবিকা সহায়তা: ক্যাম্পে শিক্ষিত ও দক্ষ রোহিঙ্গাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে স্বনির্ভরতা তৈরি করা যেতে পারে।
    ৩. ভাসানচর উন্নয়নে সহায়তা: ভাসানচরে রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও পানীয়জলের সুযোগ বৃদ্ধিতে কাতার অংশ নিতে পারে।
    ৪. শিক্ষা সহায়তা: বিশেষ করে শিশু ও কিশোরীদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করা দরকার। বাংলা ভাষাভিত্তিক কারিকুলামের পাশাপাশি ইংরেজি ও বার্মিজ ভাষার শিক্ষা চালু করা যেতে পারে।
    ৫. পরিবেশ সুরক্ষা: বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচিতে বিনিয়োগ বাড়াতে হবে।
    ৬. অবকাঠামোগত উন্নয়ন: কক্সবাজার ও ভাসানচরের অবকাঠামো এবং যোগাযোগব্যবস্থা উন্নয়নে সহায়তা দরকার।
    ৭. আন্তর্জাতিক সংলাপ ও কূটনৈতিক সহায়তা: রোহিঙ্গা সংকটের মূল সমাধান— তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে জোরালো আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ জরুরি।
    ৮. রোহিঙ্গা নেতৃত্বের সম্পৃক্ততা: যেকোনও উদ্যোগে রোহিঙ্গা প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যাতে তারা নিজস্ব সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা রাখতে পারে।;

  • সিলেট টেস্টে নড়বড়ে ব্যাটিংয়ের পরেও ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ

    সিলেট টেস্টে নড়বড়ে ব্যাটিংয়ের পরেও ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ

    খেলাধুলা ডেস্ক:   সিলেট টেস্টে নড়বড়ে ব্যাটিংয়ের পরেও ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ৪ উইকেটে ১৯৪ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। ফিফটির দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

    বৃষ্টির বাগড়ায় তিন ঘণ্টা দেরিতে, দুপুর ১টায় শুরু হয় দিনের খেলা। আগের দিনের ১ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং শুরু করেন দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও র্মুমিনুল হক। বৃষ্টি-বিঘ্নিত কন্ডিশনে দলীয় ৭৩ রানে, ৩৩ রান করা জয়কে ফেরান মুজারাবানি।

    আশা দেখিয়ে ৪৭ রান করে ফেরেন মুমিনুল। এবারও ব্যাট হাতে ব্যর্থ মুশফিকুর রহিম। এরই মাঝে হাফ সেঞ্চুরি তুলে নেন নাজমুল শান্ত। বোর্ডে শান্ত-জাকের আলীর জুটি ৩৯ রান যোগ করার পর আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষ হয়। শান্ত ৬০ ও জাকের অপরাজিত আছেন ২১ রানে।

    এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ১৯১ রানের জবাবে ২৭৩ রান করে জিম্বাবুয়ে। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল স্বাগতিকরা।;

  • রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি: তারেক রহমান

    রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি: তারেক রহমান

    নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় সব অর্জন ব্যর্থ হবে।

    মঙ্গলবার (২২ এপ্রিল) উত্তরের তিন জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা ছিল। এতে ভাচুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলতে সাহস পায়নি, তখন আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি।

    এ সময় তারেক রহমান বলেন, তিস্তা নদী নিয়ে বহু রাজনীতি হয়েছে, কিন্তু বিএনপির রাজনীতি হচ্ছে এ দেশের মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে। তিস্তা বিএনপির অন্যতম অগ্রাধিকারভিত্তিক প্রকল্প। এই নদীকে ঘিরে প্রায় তিন কোটি মানুষের জীবনে প্রভাব পড়ে। কখনো অতিরিক্ত পানি, কখনো পানির তীব্র সংকট। খালখনন ও নদীশাসন আমাদের করতে হবে। বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধা এবং পানির সংরক্ষণ নিশ্চিত করতে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে এ কাজ যেকোনো মূল্যে শুরু করবে। কৃষক যেন শুষ্ক মৌসুমে পানি ব্যবহার করতে পারে, বন্যার ক্ষতি থেকে মানুষ যেন রক্ষা পায়, সেজন্য পরিকল্পিতভাবে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে।;

  • সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে, জানিয়েছে রাষ্ট্রপক্ষ

    সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে, জানিয়েছে রাষ্ট্রপক্ষ

    নিউজ ডেস্ক:   সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তবে মামলার তদন্ত সংস্থা পিবিআই জানিয়েছে, মামলার নথি আগুনে পোড়েনি, খুঁজে পাওয়া যাচ্ছে না।

    মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ তথ্য জানানো হয়। এদিকে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে, সাগর-রুনি হত্যার ঘটনায় করা মামলা তদন্তে আরও ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

    গত ২৩ অক্টোবর হাইকোর্টের নির্দেশে এই মামলা তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত ১১৩ বার সময় বাড়ানো হয়েছে। পরবর্তী শুনানির জন্য ১৫ অক্টোবর দিন ধার্য রয়েছে।

    প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর নিহত মেহেরুন রুনির ভাই নওশের আলম রোমান ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।;

  • নেত্রকোণায় কুড়পাড় এলাকায় বিদ্যুতের উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন

    নেত্রকোণায় কুড়পাড় এলাকায় বিদ্যুতের উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন

    স্টাফ রিপোর্ট : নেত্রকোণা শহরের কুড়পাড় এলাকায় বিদ্যুতের উপকেন্দ্রে (সাবস্টেশন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ কারণে সাড়ে সাত ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলা কারাগার। সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সাবস্টেশনে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে কারাগারের লোকজন ও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে।

    জেলা কারাগার ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নেত্রকোণা কার্যালয়ের সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে শহরের বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছিল। ১০টা ২৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে ঠিক ৫ মিনিটের মধ্যে কারাগারের প্রাচীরসংলগ্ন নিজস্ব সাবস্টেশনে হঠাৎ করে আগুন ধরে যায়।

    এ সময় কারাগারের লোকজন ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে কারাগার।

    কারাগার সূত্র জানায়, কারাগারে অন্তত ৬৮৯ জন বন্দি রয়েছেন। এসব বন্দিরা অন্ধকারের মধ্যে ছিলেন। রাতভর কারাগারে অতিরিক্ত নিরাপত্তার দায়িত্ব ছিল সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    নেত্রকোণা কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবদুল কাদির বলেন, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে সাবস্টেশনে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ও লোকজনের সহায়তায় কিছুক্ষণের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। বিদ্যুতের লোকজন সাবস্টেশনটি সচল করতে কাজ করছেন। তারা জানিয়েছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে সাবস্টেশনের ট্রান্সফরর্মার বিকল হয়ে গেছে। কারাগারের অভ্যন্তরে বিশেষ জায়গায় জেনারেটরের ব্যবস্থা ছিল। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে সরবরাহ স্বাভাবিক হয়’।

    নেত্রকোণা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক হাফিজুর রহমান জানান, নেত্রকোনা কারাগারে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়।

    পিডিবি নেত্রকোণা কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন বলেন, লোডশেডিংয়ের পর বিদ্যুৎ সরবরাহ করা হলে কিছুক্ষণের মধ্যে কারাগারের নিজস্ব সাবস্টেশনে আগুন ধরে যায়। পিডিবির লোকজন তা সারাতে কাজ করেছে। আজ সকালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।;

  • আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র স্থগিত

    আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র স্থগিত

    নিউজ ডেস্ক:  ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের প্রধান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

    গত ১৬ ফেব্রুয়ারি তাদের পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হলেও আজ সোমবার (২১ এপ্রিল) বিষয়টি প্রকাশ পায়।

    শেখ হাসিনা ছাড়াও যাদের এনআইডি স্থগিত করা হয়েছে, তারা হলেন— শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন রেহানা সিদ্দিক, ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক।

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকও আছেন এ তালিকায়, যিনি শেখ রেহানার দেবর। তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক এবং তাদের মেয়ে বুশরা সিদ্দিকের এনআইডিও স্থগিত করা হয়েছে।

    নথিপত্র অনুযায়ী, গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

    ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এনআইডি লকের অর্থ হলো এর তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয়। লক করা এনআইডি কার্যত আর ব্যবহার করা যায় না। এর ফলে বিভিন্ন সেবা পেতে এই ১০ জনের এনআইডির তথ্য যাচাই বা সংশোধন করার সুযোগ থাকবে না। এনআইডি লক থাকা অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তির ভোট দিতে বা প্রার্থী হতে বাধা নেই।;