Blog

  • শুল্ক কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পথেই হাঁটতে চায় অন্তবর্তী সরকার

    শুল্ক কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পথেই হাঁটতে চায় অন্তবর্তী সরকার

    অর্থনীতি ডেস্ক: যুক্তরাষ্ট্রের শুল্কারোপের বিষয়ে নড়েচড়ে বসেছে সরকার। করণীয় ঠিক করতে চলছে লাগাতার বৈঠক। আপাতত শুল্ক কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পথেই হাঁটতে চায় অন্তবর্তী সরকার।

    চলতি মাসের ৯ তারিখ থেকে এই শুল্কহার কার্যকর হওয়ার কথা। এ নিয়েই বড় উদ্বেগ বাংলাদেশের। কারণ, বাংলাদেশি তৈরি পোশাকের বড় গন্তব্য দেশ যুক্তরাষ্ট্র। শুধু পোশাকই নয়, দ্বিতীয় প্রধান রফতানি পণ্য লেদারগুডস ও সিনথেটিক পণ্যেও তৈররি হয়েছে দুশ্চিন্তা।

    ইতোমধ্যে এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আরোপিত অতিরিক্ত শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখতে চিঠিতে অনুরোধ জানান তিনি।

    ব্যবসায়িদের দাবি, প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

    বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেছেন, পণ্য পাঠাতে বন্দরে আমাদের সময় বেশি লাগে, এটি কীভাবে কমানো যায় সেটার ব্যাপারে আরো মনোযোগ দেয়া এবং পাশাপাশি এনবিআর যেসব ট্যাক্স আরোপ করে রেখেছে, এগুলোর বিষয়ে আবার চিন্তা-ভাবনা করা, করপোরেট ট্যাক্স কমিয়ে আনা দরকার। ব্যবসায় তো টিকে থাকতে হবে, না হলে কিন্তু অনেক কারখানা বন্ধ হয়ে যাবে।

    যুক্তরাষ্ট্রের নতুন আরোপিত শুল্কের নাম দেয়া হয়েছে রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক। অর্থাৎ যেসব দেশ এতদিন মার্কিন পণ্যের ওপর উচ্চশুল্ক নির্ধারণ করে রেখেছিল, সেই সব দেশের পণ্যে দেয়া হয়েছে পাল্টা শুল্ক। বাংলাদেশ এতদিন গড়ে ১৫ শতাংশ শুল্ক দিলেও এখন দিতে হবে ৩৭ শতাংশ।

    অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, বাণিজ্য ঘাটতিকে ভাগ দিয়েছে যুক্তরাষ্ট্র, তাদের ওখানে আমাদের রফতানি ৮.৪ বিলিয়ন ডলার মতো। আর ওদের রফতানি দিয়ে আমাদের রফতানিকে ভাগ দিলে দুই দেশের মধ্যে ঘাটতি আসে ৭৪ শতাংশ। সে (ডোনাল্ড ট্রাম্প) সেখানে বলছে, আমি একটা ডিসকাউন্ট দিচ্ছি… সবাইকে ৫০ শতাংশ ডিসকাউন্ট, ৭৪ এর ৫০ শতাংশ ডিসকাউন্ট হচ্ছে ৩৭। যুক্তরাষ্ট্রের সাথে যেই বাণিজ্য ঘাটতিটা আছে এইটা কমাতে হবে। এইটা কমানোর দুইটা পথ আছে, একটা হলো যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো, আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্রে রফতানি কমানো।

    মূলত বাণিজ্য ঘাটতি বিবেচনায় নিয়েই বাড়তি শুল্কারোপের হিসাব কষেছে মার্কিন সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ৬ বিলিয়ন ডলারের বেশি। অর্থাৎ প্রায় সাড়ে ৮ বিলিয়ন ডলার রফতানির বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ ২ বিলিয়ন ডলারের সামান্য বেশি।

    ড. জাহিদ হোসেন বলেন, সবাই আলোচনায় শুল্কের কথা বলছেন। ওরা তো শুধু শুল্কের কথা বলে না। শুল্ক, প্যারা টেরিফ, নন-টেরিফ ব্যারিয়ার আর কারেন্সি ম্যানিপুলেশনের কথা বলছে। বিশেষ করে নন-টেরিফ ব্যারিয়ারটাই বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের চ্যাপ্টারে। তো ওই নন-টেরিফ ব্যারিয়ারগুলোকে শিথিল করার জন্য বা সহজ করার জন্য আমরা কী কী উদ্যোগ নিয়েছি, সেগুলোর একটা তালিকা করা দরকার।

    শুল্ক ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুতি দরকার। এক্ষেত্রে, বড় ভূমিকা রাখতে পারে অ-শুল্ক বাধা। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে দেয়া বাড়তি শুল্কের বোঝা চাপবে কারঘাড়ে?

    ড. জাহিদ হোসেন বলেছেন, আমি নিশ্চিত, ক্রেতাদের কাছ থেকে আগামী সপ্তাহে তারা ই-মেইল বা ফোন পাবেন, তোমাদের সাথে আমরা চুক্তি করেছিলাম এই শুল্কের আগে, এখন এই শুল্কের কারণে আমাদের খরচ বেড়ে গেছে। কাজেই তোমরা দামটা কমাও। প্রাইস ডিসকাউন্ট চাইবে তারা। সেইক্ষেত্রে তো বোঝাটা আমাদের ঘাড়ে আসছে।

    এদিকে, বাংলাদেশ থেকে আমদানি করা এমন ৩০-৩৫টি পণ্যের শুল্কহার কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চায় অন্তবর্তী সরকার।

    সূত্র যমুনা টিভি;

  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশটির ৫০টি অঙ্গরাজ্যে বিক্ষোভ অনুষ্ঠিত

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশটির ৫০টি অঙ্গরাজ্যে বিক্ষোভ অনুষ্ঠিত

    আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশটির ৫০টি অঙ্গরাজ্যে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ট্রাম্পের নেয়া বিভিন্ন এজেন্ডার প্রতিবাদে এই বিক্ষোভ হয়।

    গতকাল শনিবার (৫ এপ্রিল) দেশটির বোস্টন, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিসহ অন্যান্য রাজ্যের ১২০০ স্থানে ‘হ্যান্ডস অফ’ নামে এই সমাবেশ করেন বিক্ষোভকারীরা। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। খবর বিবিসি।

    এ সময় বিক্ষোভকারীদের ট্রাম্পবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা অভিবাসী বিরোধী অভিযান, শুল্কারোপের বিরুদ্ধে প্রতিবাদ জানান। পাশাপাশি ট্রাম্প প্রশাসনে ইলন মাস্কের প্রভাবের সমালোচনাও করেন তারা। বিক্ষোভকারীদের হাতে হ্যান্ডস অফ কানাডা, গ্রিনল্যান্ড, ইউক্রেন লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ডও দেখা যায়।

    এদিকে, ডেমোক্র্যাট আইনপ্রনেতারাও প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তোলার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

    ডালাসের একজন বিক্ষোভকারী বলেন, জাতীয় সংকটে এখানে একত্রিত হয়েছি। কারণ তারা সংবিধান অনুসরণ করছে না। তারা ভাবছে সবকিছু নিজেদের ইচ্ছামতো হবে। তবে তা কখনো হবে না। এই দেশ আমাদের।

    আটলান্টা শহরের একজন প্রতিবাদকারী বলেন, যা ঘটছে তা হলো ক্ষমতার অপব্যবহার। এত বড় বড় পদক্ষেপের জন্য সিনেটে শুনানি করা হচ্ছে না। জনগণ এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলতে এসেছে।

    ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস সদস্য ইলহান ওমর বলেন, আমরা গণতন্ত্র ও সংবিধানের জন্য লড়ছি। নিজের পরিবারের কাঙ্ক্ষিত ভবিষ্যতের জন্য লড়ছি। প্রেসিডেন্ট ট্রাম্প স্বৈরাচার হতে চাইছেন। আমেরিকায় কোনো স্বৈরাচারকে মেনে নেবো না। একজন ধনকুবের প্রেসিডেন্টের পাশের সিটটি কিনে নিয়ে তাকে পুতুল বানিয়ে রেখেছেন। তবে আমেরিকার গণতন্ত্র বিক্রির জন্য নয় এবং তা হবেও না।

    ডেমোক্র্যাট দলীয় আরেক কংগ্রেস সদস্য আল গ্রিন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো এবার মেয়াদ পূর্ণ করতে পারবেন না। আমরা ৩০ দিনের মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনবো।

    অন্যদিকে, বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলের ওপর ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক আরোপের ঘোষণার পর লন্ডন, প্যারিস এবং বার্লিনসহ আমেরিকার বাইরেও ট্রাম্পবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।;

  • ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির সরকার

    ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির সরকার

    নিউজ ডেস্ক: শুক্রবার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির সরকার। এছাড়া আরও ৭০ হাজার রোহিঙ্গার তথ্য যাচাই-বাছাই চলছে। চূড়ান্ত হলে এই তালিকাও প্রত্যাবাসনে যুক্ত হবে। এটিকে রোহিঙ্গা সংকট সমাধানে বড় ও দীর্ঘস্থায়ী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন বিশ্লেষকরা।

    ২০১৭ সালের রোহিঙ্গা ঢলের পর ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে আট লাখ রোহিঙ্গার তালিকা দেশটিকে দেয়া হয়। ছয় ধাপে সেই তালিকা দেয়া হয়েছিলো।

    এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন একটি দীর্ঘ প্রক্রিয়া। এই ইস্যুটিকে আন্তর্জাতিক পরিমন্ডলে নিয়ে আসা সরকারের প্রথম কাজ ছিল। এরপর পর্যায়ক্রমে প্রত্যাবাসনসহ অন্যান্য প্রক্রিয়াগুলো আসবে। মিয়ানমার প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের যে তালিকা নিশ্চিত করেছে সেটি নিয়ে সরকার দেশটির সাথে অবশ্যই আলাপ করবে।

    যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বলেন, মিয়ানমার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনে যোগ্য ঘোষণার মাধ্যমে ইস্যুটিকে স্বীকার করেছে। এটি একটি বড় পদক্ষেপ। এই স্বীকৃতি পাওয়াও একটি বড় অর্জন।

    সম্প্রতি চীন সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং’ও বিষয়টি নিয়ে মিয়ানমার সরকারের সাথে কথা বলার আশ্বাস দেন। এর ঠিক কয়েকদিন পরেই মিয়ানমার জান্তা সরকারের এমন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার প্রধানের নেতৃত্বগুণ বলে জানান বিশ্লেষকরা।

    নিরাপত্তা বিশ্লেষক নাঈম আশফাক চৌধুরী বলেছেন, চীন মিয়ানমারের ওপর যত চাপ সৃষ্টি করবে ততই দেশটি রোহিঙ্গাদের নিয়ে নমনীয় হবে। অন্তর্বর্তী সরকার প্রত্যাবাসন প্রক্রিয়াটিকে এগিয়ে নিতে পারলে পরবর্তী সরকারের ওপরও দায়িত্ব বর্তাবে।

    এদিকে প্রত্যাবাসনের জন্য এই স্বীকৃতি একটা প্রামাণ্য দলিল হিসেবে কাজ করবে বলে মনে করছে বিশ্লেষকরা। তবে জান্তা সরকার রাখাইনের নিয়ন্ত্রণ ফিরে না পেলে, সেগুলো নিছক দলিল হয়েই থেকে যেতে পারে।

    এ বিষয়ে আকবর হোসেন বলেছেন, রোহিঙ্গাদের দেয়া মিয়ানমারের স্বীকৃতি আরাকান আর্মিকে অসন্তুষ্ট হয়েছে কিনা এমন প্রশ্ন থেকে যাচ্ছে। বাংলাদেশ ও আরাকান আর্মির মধ্যকার কূটনীতির ওপর বিষয়টি নির্ভর করবে। এক্ষেতে ভারত ও চীনের বিষয়টিও মাথায় রাখতে হবে। তাছাটা, আলোচনা ও কূটনৈতিক সম্পর্ক চলমান রাখতে হবে।

    এর আগে, বেশ কয়েকবার রোহিঙ্গা প্রত্যাবাসনে পদক্ষেপ নেয়া হলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।;

  • যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের ফলে রফতানিতে কিছুটা প্রভাব পড়বে : অর্থ উপদেষ্টা

    যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের ফলে রফতানিতে কিছুটা প্রভাব পড়বে : অর্থ উপদেষ্টা

    অর্থনীতি ডেস্ক:  যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের ফলে রফতানিতে কিছুটা প্রভাব পড়বে। তবে এটি বড় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (৬ এপ্রিল) ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে ঘাটতি পূরণের চেষ্টা করা হবে। নতুন শুল্ক আরোপের যতটুকু প্রভাব পড়বে তা সামলানোর ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। বিষয়টি পর্যালোচনা করা হবে। এ সময় নতুন শুল্কারোপ নিয়ে কিছু প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি আরও বলে, এবারের রমজান এবং ঈদে দ্রব্যমূল্যের দাম তূলনামূলকভাবে কম ছিল। ঈদযাত্রায় মানুষ স্বস্তি পেয়েছে। সকল মন্ত্রণালয় একসাথে কাজ করেছে বলে এটি সম্ভব হয়েছে। এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে বলেও জানান তিনি।;

  • বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

    বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

    নিউজ ডেস্ক: বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং এ অঞ্চলে শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর ফলে বাংলাদেশসহ এই অঞ্চলের ভূমি পরিবেষ্টিত দেশগুলো উপকৃত হবে বলেও মন্তব্য করেন তিনি।

    চীনের গণমাধ্যম সিজিটিএন-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শনিবার (৫ এপ্রিল) চার মিনিটের ওই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে চীনের সাথে থাকা সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষাও প্রকাশ করেন ড. ইউনূস।

    সাক্ষাৎকারে বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়েও কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। চাইনিজ হাসপাতালগুলোর প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের জনগণ চীনের স্বাস্থ্যসেবা পেতে চায়। এটা হলে তারা অনেক খুশি হবে। তাছাড়া, স্বাস্থ্যখাতে চাইনিজ টেকনোলজি থেকে বাংলাদেশের অনেক কিছু পাওয়ার আছে বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে বাংলাদেশ। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। যুব সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে রূপান্তরে সহায়তা করতে পারে চীন। আমাদের অর্ধেক জনগোষ্ঠীর বয়স ২৭ বছরের মধ্যে। সুতরাং তারা অর্থনৈতিক ক্ষেত্রে দক্ষ জনশক্তি হতে পারে।

    এ সময় বাংলাদেশ ও চীনের পারস্পরিক সম্পর্কে অর্জিত সাফল্যের প্রশংসাও করেন অন্তর্বর্তী সরকারপ্রধান। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার ৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের সাফল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীন জনগণের আকাঙ্খার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে বাংলাদেশের রূপান্তরে সহযোগিতা করে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

    প্রধান উপদেষ্টা আরও বলেন, এজন্য অবশ্য সংস্কৃতি ও ভাষাচর্চার ওপর গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপনে চীন সহায়তা করতে পারে। এর ফলে বাংলাদেশের অধিকাংশ মানুষ চাইনিজ ভাষা ও সংস্কৃতি জানতে পারবে। এতে দুই দেশের জনগণের মধ্যে আরও গভীর সম্পর্ক স্থাপিত হবে।

    প্রধান উপদেষ্টা আরও বলেন, শান্তিই একমাত্র সমাধান, যুদ্ধ কোনো সমাধান নয়। শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

    উল্লেখ্য, গত ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ চীনের হাইনান দ্বীপ প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। এরপর তিনি বেইজিং সফর করেন। এটি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর তার প্রথম রাষ্ট্রীয় সফর ছিল।;

  • যুক্তরাষ্ট্রের সব পণ্যে অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দিল চীন

    যুক্তরাষ্ট্রের সব পণ্যে অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দিল চীন

    আন্তর্জাতিক ডেস্ক:  এবার যুক্তরাষ্ট্রের সব পণ্যে অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দিল চীন। ট্রাম্প প্রশাসনের ট্যারিফ বৃদ্ধির জবাবে নেওয়া হয়েছে এ পাল্টা ব্যবস্থা। খবর রয়টার্সের।

    সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে বেইজিং। সিদ্ধান্তটি কার্যকর হবে আগামী ১০ এপ্রিল থেকে। পাশাপাশি, বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার পদক্ষেপও নিয়েছে চীন। নতুন করে রফতানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েছে ১৬টি মার্কিন কোম্পানিকে। এছাড়াও, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করেছে চীন।

    অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ২৫ শতাংশ শুল্কারোপ করেছে প্রতিবেশী দেশ কানাডা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, যুক্তরাষ্ট্র যে পদ্ধতিতে আমাদের ওপর শুল্কারোপ করেছে, আমরা ঠিক সেই পদ্ধতিতেই তাদের কাছ থেকে আমদানি করা যানবাহনের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করছি।

    উল্লেখ্য, গত বুধবার একযোগে ১৮৫ দেশ ও অঞ্চলের ওপর অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। যার জেরে টালমাটাল পরিস্থিতি তৈরি হয় শেয়ারবাজারে। যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটে স্মরণকালের সর্বোচ্চ দরপতন অব্যাহত রয়েছে।;

  • প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে, লঞ্চ রুট দিয়েই আজ লাখো মানুষ ফিরেছে ঢাকায়

    প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে, লঞ্চ রুট দিয়েই আজ লাখো মানুষ ফিরেছে ঢাকায়

    নিউজ ডেস্ক:  প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে, লঞ্চ রুট দিয়েই আজ লাখো মানুষ ঢাকায় ফিরেছেন। শনিবার (৫ এপ্রিল) ভোর চারটা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে বরিশাল অঞ্চলসহ বিভিন্ন রুটের লঞ্চগুলো। প্রতিটি লঞ্চই ছিল যাত্রীবোঝাই।

    ঈদের লম্বা ছুটি নিয়ে এবারের ঈদযাত্রা বেশ নির্বিঘ্ন ছিল বলে জানান যাত্রীরা। ভাড়া নিয়ে ছিল না কোনো অভিযোগ। খুব অল্প সময়ে বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে পেরে আনন্দ প্রকাশ করেন অনেকে।

    তবে বিপত্তি বাধে সদরঘাট টার্মিনাল থেকে রাজধানীর ভেতরে ঢোকার সময়। লাখো যাত্রী আর যত্রতত্র বাস ও গাড়ি রাখার কারণে সদরঘাট এলাকায় সৃষ্টি হয় তীব্র বিশৃঙ্খলা। ওই এলাকা পার হতে লেগে যায় ঘণ্টারও বেশি সময়। উপায় না দেখে অনেকেই লাগেজ-ব্যাগ নিয়েই হেঁটে গুলিস্তানের দিকে রওনা হন।;

  • বাংলাদেশি রফতানি পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র

    বাংলাদেশি রফতানি পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র

    অর্থনীতি ডেস্ক: বাংলাদেশি রফতানি পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। দেশটিতে বছরে গড়ে রফতানি হয় সাড়ে ৮ বিলিয়ন ডলারের পণ্য। এর প্রায় পুরোটাই তৈরি পোশাক। দেশটির বাজারে শুধু পোশাক রফতানি হয় সাড়ে ৭ বিলিয়ন ডলারের মতো।

    বাংলাদেশের পণ্য রফতানিতে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতদিন ১৫ শতাংশ শুল্ক দিলেও এখন দিতে হবে প্রায় আড়াই গুণ বেশি। ক্রেতা প্রতিষ্ঠান এ বাড়তি শুল্কের দায় চাপিয়ে দিতে পারে উদ্যোক্তাদের ওপর। যা অনেকের পক্ষে বহন করা সম্ভব নয় বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা।

    বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, প্রথমে যে ধাক্কাটা আসবে, তা হয়তো অনেক ফ্যাক্টরি নিতে পারবে না। দাম কমাতে বলবে, কিন্তু দাম কমিয়ে কাজ করলে তার ফ্যাক্টরি লোকসানে চলে যাবে। ফলে কিছু কিছু ফ্যাক্টরি আসলে প্রথম ধাক্কাতে বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে।

    গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, মনে রাখা দরকার আমরা যে ধরনের পণ্য রফতানি করে থাকি এগুলো তাদের স্বল্প আয় বা মধ্যম আয়ের মানুষজনই কিনে থাকেন। সুতরাং উচ্চমূল্যের কারণে ওখানে যদি মূল্যস্ফীতি হয় বা কর্মসংস্থানে যদি সেখানে কোনো ধরনের প্রভাব পড়ে, তার কারণে যদি ভোক্তারা কম কেনেন তাহলে কিন্তু আমাদের ওপরে তূলনামূলকভাবে বেশি প্রভাব পড়বে। আমাদের এই জায়গাটিতে বিকল্প পণ্যে সুইচ করার সুযোগ নেই।

    বাণিজ্য ঘাটতি বিবেচনায় বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা যৌক্তিক নয় বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। দেশটির প্রধান প্রধান রফতানি পণ্যের ওপর কোনো শুল্ক নেই। বিষয়টি তুলে ধরে মার্কিন প্রশাসনের সাথে আলোচনার পরামর্শ তাদের।

    ফজলে শামীম এহসান বলেন, আমাদের এখানে তাদের যে প্রধান পণ্য আমদানি হচ্ছে তাতে কিন্তু শুল্কের হার শূন্য। তাদের ব্যবসায় ক্ষতিকর কোনো কিছু হচ্ছে না। ফলে এই জিনিসটা আমাদের এখন ট্রাম্প প্রশাসনের সাথে জড়িতদের বুঝানো দরকার।

    ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত হবে গবেষকদের সাথে আলাপ-আলোচনা করা, তারা তাদের মেথডোলজি কীভাবে ক্যালকুলেশন করেছেন এবং সেটির ভিত্তিতে রিক্যালকুলেট করে দেখা। আমাদের এখানে এমএফএন রেটেও ৭৪ শতাংশ হওয়ার কথা না। আর ইফেক্টিভ রেট তো অনেক কম। কেননা, আমাদের রফতানিমূখী শিল্প যেগুলো ব্যবহার করে, সেগুলোতে কিন্তু শূন্য শুল্ক পায়।

    সংকট কাটিয়ে উঠতে এবং প্রধান বাজারের ওপর নির্ভরতা কমাতে বিকল্প বাজার খোজার পরামর্শ অর্থনীতিবিদদের।

    ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিকল্প বাজারের বিষয়টি সবসময় ছিল। এখন আরও গুরুত্বপূর্ণ হচ্ছে। একদিক থেকে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েট রিলেটেড উদ্যোগ নেয়ার শুরুর সূত্রপাত হচ্ছে এই ঘটনার মাধ্যমে। মার্কিন যুক্তরাষ্ট্রের এখন এমএফএন রেট বা উচ্চ শুল্কারোপের কারণে বাধ্য হয়েই এখন ট্যারিফের বিকল্প বা ট্যারিফের ভেতরে কীভাবে আমরা নেগোশিয়েট করতে পারি, সেই জিনিসগুলোর কিন্তু এখন উদ্যোগ না নেয়ার কোনো সুযোগ নাই।

    বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাক শিল্পের সক্ষমতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদরা।;

  • দুই বছরের জন্য বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ বাংলাদেশের

    দুই বছরের জন্য বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ বাংলাদেশের

    নিউজ ডেস্ক:  আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

    শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক নেতাদের সঙ্গে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা (সরকার প্রধানরা) সর্বসম্মতিক্রমে ব্যাংকক ঘোষণাপত্র এবং বিমসটেক ব্যাংকক ভিশন গ্রহণ করেছেন, যা একটি কৌশলগত রোডম্যাপ। এটি সংগঠনটিকে টেকসই উন্নয়ন এবং গভীর অর্থনৈতিক একীকরণের দিকে পরিচালিত করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    থাইল্যান্ডের ব্যাংককে চলমান ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের শেষে এই দায়িত্ব হস্তান্তর করা হয়। এ বছর শীর্ষ সম্মেলনের আয়োজন করা থাইল্যান্ডের কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় বাংলাদেশ।

    উল্লেখ্য, বিমসটেকের সনদ অনুসারে, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে চেয়ারম্যানের পদ বর্ণানুক্রমিকভাবে আবর্তিত হয়। এ সম্মেলনে মূলত সাত সদস্যের আঞ্চলিক ব্লক: বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের নেতারা ‘সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত বিমসটেক’ থিমের অধীনে গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

    আজ শীর্ষ সম্মেলন শুরু হয় অংশগ্রহণকারী নেতাদের একটি প্রতীকী গ্রুপ ছবির মাধ্যমে। এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অর্থাৎ বিদায়ী বিমসটেক সভাপতি স্বাগত ভাষণ দেন। এছাড়া মিয়ানমার এবং থাইল্যান্ডে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    এরপর, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য বিমসটেক নেতারা আঞ্চলিক সহযোগিতার বিষয়ে তাদের দেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বিবৃতি প্রদান করেন।;

  • ভুটান প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক

    ভুটান প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক

    নিউজ ডেস্ক: ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

    শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

    এর আগে, প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এছাড়া অধ্যাপক ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গেও বৈঠক করেন।

    এরআগে গতকাল থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ভারাওয়াত সিল্পা-আর্চা এবং প্রধানমন্ত্রী কার্যালয় সংশ্লিষ্ট মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই গতকাল অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।;