

রাঙ্গুনিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় বাড়ির সীমানার পাশে টয়লেটের পানি নিষ্কাশনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ওবাইদুল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়ন এর নাপিতপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওবাইদুলের পিতা ইদ্রিস মিয়া। তিনি নাপিতপুকুরিয়া গ্রামের ডাক্তার শায়ের আহম্মদের বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, টয়লেটের পানি ছাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় অভিযুক্ত ইমাম হাসান (চুক্কু) (২৭), পিতা বুদুরুছ মিয়া, একই এলাকার বাসিন্দা, তার মায়ের মাথায় আঘাত লেগে রক্তাক্ত হওয়ার ঘটনা দেখে হাতে থাকা মোটা লাঠি দিয়ে ওবাইদুলের ঘাড়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্বজনরা দ্রুত তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত ও অভিযুক্ত পরস্পরের আপন চাচাতো ভাই এবং উভয়েই ডাক্তার শায়ের আহম্মদের ভাতিজা।
ঘটনার খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় অভিযুক্তের বড় ভাই এমরান হোসেন (বাচা) ও তার পিতা বুদুরুস মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্ত ইমাম হাসান (চুক্কু) পলাতক রয়েছেন জানা যায়।
তবে ঘটনার বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এবং মামলার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশের তদন্ত শেষে প্রকৃত ঘটনার কারণ নিশ্চিত হওয়া যাবে।