
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের উদ্যোগে এক বিশাল আনন্দ রেলি ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও উন্মাদনা থেকে শত শত ফুটবলপ্রেমী দর্শক এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন।
শোভাযাত্রাটি নজিপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পত্নীতলা ও ধামইরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে বেড়ায়। এ সময় সমর্থকদের পরনে ছিল আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি, আর হাতে ছিল প্রিয় দলের পতাকা। মোটরসাইকেলের হর্ন, ভুভুজেলা বাঁশির আওয়াজ আর “আর্জেন্টিনা, আর্জেন্টিনা” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয় সমর্থকরা জানান, ফুটবলকে কেন্দ্র করে গ্রামীণ ও শহর অঞ্চলে তরুণদের মাঝে এই উদ্দীপনা সত্যিই দারুণ। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে এবং নিজেদের মধ্যকার সৌহার্দ্য বাড়াতেই এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই শোভাযাত্রাটি শেষ হয়।
এই আনন্দ রেলিকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।