

লোহাগাড়ার প্রতিনিধি:
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটক টিআর ট্রাভেলসের বাস উল্টে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।
রোববার (২৮জুন ) দুপুর ২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের লোহার দিঘীর পাড়ের এলাকায় এই দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টার এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। লোহাগাড়া ট্রমা সেন্টারে সূত্রে জানা গেছে আহতদের মধ্যে রয়েছেন সুমাইয়া (২৪), সাব্বির (২৪), রিয়াদ (১০), সাকিব হাসান (২২), নাঈম (২০), মইনুল (১৮), এবং মতিউর রহমান (২০), এছাড়া আরো কয়েকজন আহত ব্যক্তি বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ায় তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের সবাই বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বাসিন্দা। আহত মিজানুর রহমান জানান, তারা বগুড়া থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন।
রোববার সকালে কক্সবাজার থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর লোহাগাড়া লোহার দিঘির পাড়ে এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি মহা সড়কে উল্টে যায় দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, চট্টগ্রাম মুখী পর্যটক বাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে , অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।