

মোঃ আল-আমিন, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন ২০২৬) সিভিল সার্জনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
উদ্বোধন উপলক্ষে তিনি কোমলমতি শিশুদের মধ্যে কয়েকজনকে নিজ হাতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের সূচনা করেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে শিশু মৃত্যুর ঝুঁকি হ্রাস এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ প্লাসের গুরুত্ব তুলে ধরেন। তিনি শতভাগ শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ, ব্যাপক প্রচারণা এবং হাওড়ের মতো দুর্গম এলাকাসহ প্রতিটি কেন্দ্রে সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. নাজমুল করিম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল, পরিচালক ডা. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ) ডা. মীর নুর-উস-সাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ক্যাম্পেইনের মাধ্যমে জেলার সকল যোগ্য শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।