Category: আন্তর্জাতিক

  • সিআইএ -র প্রায় ১২শ’ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

    সিআইএ -র প্রায় ১২শ’ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

    আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) থেকে প্রায় ১২শ’ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিআইএ-এর পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো থেকেও হাজারের বেশি কর্মী কমানোর পরিকল্পনা চলছে। শনিবার (৩ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন সিআইএতে পরিকল্পিত ছাঁটাই সম্পর্কে আইন প্রণেতাদের অবহিত করেছে। এই প্রক্রিয়া কয়েক বছর ধরে চলবে। মূলত নতুন নিয়োগ কমিয়ে পদ কমানো হবে, সরাসরি কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে নয়।

    সিআইএর এক মুখপাত্র বলেন, সিআইএর পরিচালক জন র‌্যাটক্লিফ প্রশাসনের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকারের প্রতি সিআইএ কর্মীবাহিনী যাতে সাড়া দিতে পারে, তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন।

    তিনি আরও বলেন, এই পদক্ষেপগুলো সিআইএকে নতুন শক্তিতে উজ্জীবিত করার, উদীয়মান নেতাদের জন্য সুযোগ তৈরি করার এবং সিআইএকে নিজের লক্ষ্য পূরণের জন্য আরও ভালোভাবে অবস্থান তৈরি করার সামগ্রিক কৌশলের অংশ।;

  • বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৬ ধাপ এগিয়ে বাংলাদেশ

    বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৬ ধাপ এগিয়ে বাংলাদেশ

    আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়ে ১৪৯তম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি ‘বেশ গুরুতর’ বলে উল্লেখ করা হয়েছে সূচকে।

    গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) ২০২৫ সালের প্রকাশিত সূচকে তা ওঠে এসেছে। শুক্রবার (২ মে) প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত প্রতিবেদন।

    মোট পাঁচটি (রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, নিরাপত্তা ও আইন) ক্যাটাগরিতে সূচক করা হয়েছে। এবারও সূচকের শীর্ষে আছে নরওয়ে। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে এস্তোনিয়া ও নেদারল্যান্ডস। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে চীন, উত্তর কোরিয়া ও আফ্রিকার ইরিত্রিয়ায়।

    এদিকে, বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। যেখানে ভারতের অবস্থান ১৫১তম, পাকিস্তানের ১৫৮তম। তবে বাংলাদেশ পিছিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল (৯০তম), শ্রীলংকা (১৩৯তম) ও মালদ্বীপের (১০৪তম) চেয়ে।

    আরএসএফের প্রতিবেদন অনুযায়ী, এ বছর মুক্ত সংবাদমাধ্যমের বিবেচনায় ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৩৩ দশমিক ৭১ নম্বর; যা গত বছর (২০২৪) ছিল ২৭ দশমিক ৬৪।

    আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে দায়িত্ব নেয়ার সময় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১২১তম। আওয়ামী লীগের শাসনামলে ১৫ বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ৪৪ ধাপ পিছিয়েছিল বাংলাদেশ।

    ২৩ বছর ধরে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে বার্ষিক সূচক প্রকাশ করে আসা প্রতিষ্ঠান আরএসএফের মতে, বিশ্বে এবার সংবাদমাধ্যমের স্বাধীনতা সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।

    প্রতিবেদনে বলা হয়, সূচকের ইতিহাসে প্রথমবার বিশ্বের অর্ধেক দেশের জন্য সাংবাদিকতার অনুকূল পরিবেশ ‘খারাপ’ হিসেবে চিহ্নিত হয়েছে। এক-চতুর্থাংশেরও কম দেশে পরিস্থিতি ‘সন্তোষজনক’।;

  • ভারতের সাম্প্রতিক সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগের বিরুদ্ধে বিক্ষোভ পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের

    ভারতের সাম্প্রতিক সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগের বিরুদ্ধে বিক্ষোভ পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের

    আন্তর্জাতিক ডেস্ক:  পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানায়।

    বুধবার (১ মে) দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আয়োজিত এই কর্মসূচিতে ভারতের ‘ভিত্তিহীন’ দাবি প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানানো হয়।

    বিক্ষোভের আয়োজন করেন বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সদস্য সঞ্জয় কুমার। তার নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভকারীরা কোয়েটা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। বিক্ষোভে নারী-পুরুষ নির্বিশেষে অংশ নেন। তাদের হাতে ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ও ভারতবিরোধী নানা ব্যানার-প্ল্যাকার্ড।

    সমাবেশে বক্তারা ভারতের অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত’ ও ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানান। এ সময় পেহেলগাম হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার দাবি সরাসরি নাকচ করে দেয়া হয়।

    সঞ্জয় কুমার বলেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একতাবদ্ধ। যদি ভারত আগ্রাসনের চেষ্টা করে, তবে পাকিস্তানের এক কোটি হিন্দু সেনাবাহিনীর পাশে দাঁড়াবে।

    তিনি আরও বলেন, আমরা বারবার বলেছি, পাকিস্তান সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। বরং এ ধরনের হামলার মাধ্যমে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে ভারত।

    বক্তৃতায় নারী নেত্রীরা ভারতের পানি চুক্তি স্থগিত করার ঘোষণাকেও মানবাধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করেন। তাদের দাবি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত চুক্তি লঙ্ঘন করে পানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্তও একধরনের আগ্রাসন এবং এটি সরাসরি পাকিস্তানের জনগণের মৌলিক অধিকারে হস্তক্ষেপ।

    সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে ভারতের ‘অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করা হবে।;

  • ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া করলো পাকিস্তানি ফাইটার জেট

    ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া করলো পাকিস্তানি ফাইটার জেট

    আন্তর্জাতিক ডেস্ক:   এবার লাইন অব কন্ট্রোলে ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া করলো পাকিস্তানের ফাইটারজেট। মঙ্গলবার (২৯ এপ্রিল) মধ্যরাতে জম্মু-কাশ্মিরে দু’দেশের সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলে এ ঘটনা ঘটে।

    নিরাপত্তা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম পিটিভি নিউজ।

    গণমাধ্যমটি জানিয়েছে, আকাশসীমা লঙ্ঘন না করলেও নিয়ন্ত্রণরেখার খুবই কাছে টহল দিচ্ছিলো যুদ্ধবিমানগুলো। যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করেনি।

    তবে, পাকিস্তান বিমানবাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে। তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

    এই ঘটনায় কয়েকঘণ্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গণমাধ্যমকে জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত।

    উল্লেখ্য, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গত এক সপ্তাহ ধরেই পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে উত্তেজনা ছড়াচ্ছেন দুই দেশের রাজনীতিবিদরা। সরকারকে সরাসরি যুদ্ধে জড়ানোর উসকানিও দিচ্ছেন কেউ কেউ।

    মূলত, দেশভাগের পর থেকেই বৈরি সম্পর্ক দুই দেশের মধ্যে। সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে প্রতিবেশী দুই দেশের শত্রুতা পৌঁছেছে নতুন মাত্রায়।;

  • সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ থেকে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট

    সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ থেকে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট

    আন্তর্জাতিক  ডেস্ক: সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ থেকে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট। মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় সকালে ৪১৪ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইটটি জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে অবতরণ করে।

    এসময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার এনায়েত হোসেন সরকার বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান।

    একইদিন হজযাত্রীদের বহনকারী সৌদি এয়ারলাইন্স ও ফ্লাই নাসের আরও দুটি ফ্লাইট জেদ্দা এবং মদিনায় পৌঁছায়।;

  • ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

    ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

    আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, প্রাথমিকভাবে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়েছে। যা আগামী ৮ মে স্থানীয় সময় সকাল থেকে ১১ মে পর্যন্ত চলবে।

    ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, মানবিক দিক বিবেচনা করে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তবে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। রাশিয়া মনে করে সামনে ইউক্রেনীয় পক্ষের এমন উদাহরণ অনুসরণ করা উচিত। ইউক্রেন যদি যুদ্ধবিরতির ঘোষণা অমান্য করে তাহলে কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেন যদি যুদ্ধবিরতির ঘোষণা লঙ্ঘন করে তাহলে কঠোর জবাব দেবে রুশ সামরিক বাহিনী। ইউক্রেনের সংকট দূর করতে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পূর্বশর্ত ছাড়াই শান্তি আলোচনার প্রস্তুতি ঘোষণা করেছে রাশিয়া।;

  • সিন্ধু নদে হয় পানি বইবে নাহয় ভারতীয়দের রক্ত: বিলওয়াল ভুট্টো জারদারি

    সিন্ধু নদে হয় পানি বইবে নাহয় ভারতীয়দের রক্ত: বিলওয়াল ভুট্টো জারদারি

    আন্তর্জাতিক ডেস্ক:    ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরে ২৫ পর্যটক ও এক স্থানীয় বাসিন্দার মৃত্যুর পর দুই দেশের উত্তাপ যখন তুঙ্গে তখন সিন্ধু নদের পানি বন্ধের হুমকি দিয়েছে দিল্লি। এরইমধ্যে ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, পাকিস্তানে এক ফোঁটা পানিও তারা প্রবাহিত হতে দেবেন না। এবার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি বললেন, সিন্ধু নদে হয় পানি বইবে নাহয় ভারতীয়দের রক্ত।

    শুক্রবার (২৫ এপ্রিল) সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় পিপিপির এক সমাবেশে বিলাওয়াল এ কথা বলেন বলে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে।

    সিন্ধু নদ ডাকাতির চেষ্টা করছে ভারত এমন অভিযোগ তুলে বিলওয়াল ভুট্টো বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানে বসবাস করে। সিন্ধু সভ্যতার উত্তরসূরি হিসেবে পাকিস্তান কখনোই এই নদের ওপর দাবি ছাড়বে না।

    পহেল্গাম হামলার পর ভারত সিন্ধু নদের পানি চুক্তি থেকে এক তরফাভাবে বেরিয়ে আসার প্রসঙ্গে তিনি বলেন, নরেদ্র মোদি সিন্ধুর উত্তরাধিকারের জন্য চিৎকার করলেও, এই সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা এখনও পাকিস্তানের মাটিতে আছে।

    তিনি আরও বলেন, পাকিস্তান বা আন্তর্জাতিক মহল মোদির যুদ্ধ কেন্দ্রীক মনোভাব বা সিন্ধু নদের পানির সরিয়ে নেয়ার প্রস্তাব সমর্থন করবে না।

    ভারত নিজদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের ওপর দায় চাপাচ্ছে বলেও মন্তব্য করেন পাকিস্তান পিপলস পার্টির এই চেয়ারম্যান। বলেন, কোনো প্রমাণ ছাড়াই, ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে ভারত অবৈধভাবে সেই চুক্তি বাতিল করছে।;

  • কাশ্মির ইস্যু ও ভারত-পাকিস্তান উত্তেজনা; যা বললেন ট্রাম্প

    কাশ্মির ইস্যু ও ভারত-পাকিস্তান উত্তেজনা; যা বললেন ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক:  কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপে তীব্র উত্তেজনা চলছে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। কূটনীতিকদের বহিষ্কার, ভিসা বাতিল, পানি চুক্তি বাতিল, আকাশসীমা বন্ধসহ নানা পদক্ষেপের পর সীমান্তযুদ্ধের দ্বারপ্রান্তে দেশ দুটি। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তারা (ভারত ও পাকিস্তান) নিজেরাই এটির সমাধান করে নেবে।

    স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিক্যানে যাওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

    ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি ভারতের খুব ঘনিষ্ঠ ও পাকিস্তানেরও খুব কাছের, কাশ্মিরে তাদের লড়াই হাজার বছর ধরে চলছে। ওটা (পেহেলগামে সন্ত্রাসী হামলা) ছিল একটা খারাপ ঘটনা।

    এ সময় দিল্লি-ইসলামাবাদ সংঘাত নিরসনে ওয়াশিংটন কোনো পদক্ষেপ নেবে কি না, এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি নিশ্চিত যে তারা কোনো না কোনোভাবে এটি সমাধান করবে। আমি উভয় নেতাকেই চিনি। পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, কিন্তু সবসময়ই ছিল।

    কাশ্মির নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরোধ বহু পুরনো। তবে সাম্প্রতিক হামলাটি নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

    উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারতশাসিত কাশ্মিরে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা এটি।;

  • ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয়বার বৈঠকের সিদ্ধান্ত

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয়বার বৈঠকের সিদ্ধান্ত

    আন্তর্জাতিক ডেস্ক:   পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় পরোক্ষ আলোচনার সময় উভয় পক্ষ থেকে তৃতীয়বার বৈঠকের সিদ্ধান্ত হয়। আলোচনার পরিবেশকে ‘গঠনমূলক’ বলে অভিহিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী শনিবার ওমানে তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ দেশ দুটির নেতৃত্ব দেন। দুই দেশের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি না হয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বার্তা বিনিময় করেন।

    আগামী সপ্তাহে কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে, যেটি মূল আলোচনা এগিয়ে নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

    আরাগচি বলেন, আশাবাদী কিংবা হতাশ নই, আমরা বাস্তববাদী অবস্থানে আছি। ইরান-যুক্তরাষ্ট্রের মূল দ্বন্দ্ব ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বজায় রাখার অধিকার নিয়ে। পশ্চিমা দেশগুলো সন্দেহ করে, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও তেহরান বরাবরই তা অস্বীকার করে আসছে।;

  • মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থের বিপরীতে কোনো ধরনের বাণিজ্য চুক্তি এড়িয়ে চলার সতর্কবার্তা চীনের

    মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থের বিপরীতে কোনো ধরনের বাণিজ্য চুক্তি এড়িয়ে চলার সতর্কবার্তা চীনের

    আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থের বিপরীতে কোনো ধরনের বাণিজ্য চুক্তি এড়িয়ে চলার জন্য সতর্কবার্তা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই এ হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, চীন এমন কোনো চুক্তিকে সমর্থন করে না যা তাদের স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে। বরং প্রয়োজনে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হবে।

    এই বিবৃতি এসেছে এমন এক সময়ে, যখন ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশকে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করার জন্য চাপ দিচ্ছে, যাতে তারা যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় পেতে পারে।

    চীনা বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিজ দেশের অধিকার ও স্বার্থ রক্ষায় অনড় অবস্থানে আছে এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক সংহতি জোরদার করতে চায়।;