Category: আন্তর্জাতিক

  • তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে হয়েছে বিক্ষোভকারীদের

    তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে হয়েছে বিক্ষোভকারীদের

    আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে হয়েছে বিক্ষোভকারীদের। শনিবার (১৯ এপ্রিল) শহরের বেয়োলু এলাকায় প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টির ডাকে আয়োজিত কর্মসূচিতে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

    বার্তাসংস্থাটির এক প্রতিবেদনে জানানো হয়, বিক্ষোভকারীরা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়ে তাদের কর্মসূচি চালাতে থাকে। তবে বিপত্তি বাধে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে স্লোগান দেয়াকে কেন্দ্র করে। সেসময় সরকারের বিরুদ্ধে দেয়া স্লোগানকে অবৈধ দাবি করে তা বন্ধের হুঁশিয়ারি দেয় পুলিশ।

    একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে তাকসিম স্কয়ারের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। পরবর্তীতে পুলিশ ঢাল ব্যবহার করে আন্দোলনকারীদের পিছু হটিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।;

  • ভারতের রাজধানী দিল্লিতে একটি চারতলা ভবনের ধস, নিহত-৪

    ভারতের রাজধানী দিল্লিতে একটি চারতলা ভবনের ধস, নিহত-৪

    আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের রাজধানী দিল্লির মুস্তাফাবাদ এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। গতকাল শুক্রবার ভোরে স্থানীয় সময় ৩টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

    জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সন্দীপ লাম্বা জানান, ভোর ৩টার দিকে এই ঘটনা ঘটে। এরপর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিসেস এবং দিল্লি পুলিশের দল উদ্ধার অভিযান শুরু করে।

    তিনি বলেন, ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। চারজন মারা গেছেন। এখনও প্রায় ৮-১০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

    ভবন ধসের কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা সন্দীপ লাম্বা জানান, ‘বিষয়টি তদন্তাধীন। বিস্তারিত পরে জানানো হবে।’

    ঘটনার বিষয়ে ডিভিশনাল ফায়ার অফিসার রাজেন্দ্র আটওয়াল জানান, ‘শনিবার রাত ২টা ৫০ মিনিটে খবর পাই যে একটি ভবন ধসে পড়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছেই দেখতে পাই পুরো ভবনটি ধসে পড়েছে এবং বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। এনডিআরএফ ও দিল্লি ফায়ার সার্ভিসের দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।’

    দিল্লির কিছু অংশে শুক্রবার (১৮ এপ্রিল) দমকা ও ঝড়ো বাতাসের সঙ্গে ভারি বৃষ্টির পর ভবন ধসের এই ঘটনা ঘটে। এর আগে গত সপ্তাহে প্রবল ধুলিঝড়ের মধ্যে মধু বিহারে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজনের মৃত্যু ও দুইজন আহত হয়।;

  • অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা মক্কায়

    অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা মক্কায়

    আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য অন্যতম পবিত্র এই হজ মৌসুমকে ঘিরে আগামী বুধবার (২৩ এপ্রিল) থেকে পবিত্র নগরী মক্কায় প্রবেশের জন্য বিশেষ অনুমতির বাধ্যবাধকতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।

    হজ ব্যবস্থাপনাকে সুসংগঠিত ও নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত সোমবার (৭ এপ্রিল) সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, বিদেশি ওমরাহ পালনকারীদের সৌদি আরব ছাড়ার শেষ দিন ২৯ এপ্রিল। হজ মৌসুম শুরুর প্রাক্কালে প্রস্তুতি নেওয়ার সুবিধার্থে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

    এই ঘোষণার পর নতুন নির্দেশনা অনুযায়ী, সৌদির অন্যান্য শহরে বসবাসরত বিদেশি বাসিন্দাদেরও ২৩ এপ্রিল থেকে মক্কায় প্রবেশের জন্য অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কেউ মক্কা প্রবেশের চেষ্টা করলে চেকপয়েন্ট, বিশেষ করে আল-শুমাইসি চেকপয়েন্টে তাদের ফেরত পাঠানো হবে।

    কর্মসংক্রান্ত কারণে মক্কা বা পবিত্র স্থানগুলোতে যেতে হলে বিদেশি শ্রমিকদের ‘আবশের’ বা ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট অনুমতি নিতে হবে। এছাড়াও উমরাহ ভিসা ইস্যুর জন্য ব্যবহৃত ‘নুসুক’ পোর্টাল থেকে ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত উমরাহ অনুমতি ইস্যু সাময়িকভাবে বন্ধ থাকবে।

    এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও বলেছে, এ বছর ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ সময় ১৩ এপ্রিল। এরপর ওমরাহ পালনের জন্য দেশটিতে প্রবেশ করা যাবে না। হজ মৌসুম শেষে আবার ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে।

    এছাড়াও, ২৯ এপ্রিলের পর সৌদি আরবে ওমরাহ যাত্রীদের যদি কেউ অবস্থান করেন, তবে তিনি দেশটির ভিসা আইন ও হজের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে বিবেচনা করা হবে। এছাড়াও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

    যেসব ব্যক্তি ও কোম্পানি ওমরাহ পরিষেবা প্রদান করে থাকে, তাদের কেউ যদি নিয়ম লঙ্ঘন করে, তবে শাস্তি হিসেবে তাদের সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সঙ্গে সম্ভাব্য আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।;

  • যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে ঝরল ৩ প্রাণ

    যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে ঝরল ৩ প্রাণ

    আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় একটি প্রধান মহাসড়কের কাছে একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১জন।

    স্থানীয় সময় শুক্রবার সকালে দক্ষিণ ফ্লোরিডায় একটি প্রধান আন্তঃরাজ্য মহাসড়কের কাছে এ ঘটনা ঘটে।

    ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, দুর্ঘটনার শিকার সেসনা ৩১০ বিমানটিতে তিনজন আরোহী ছিলেন। বোকা র‍্যাটন বিমানবন্দর থেকে তালাহাসির উদ্দেশ্যে রওনা হওয়ার পর সকাল ১০টা ২০ মিনিটে এটি বিধ্বস্ত হয়।

    দমকল কর্মকর্তারা জানান, বিমানটি বিধ্বস্ত হয়ে একটি গাড়িকে রেললাইনের ওপরে ধাক্কা দিয়েছে। এর ফলে লাইনটি বন্ধ হয়ে গেছে।

    বোকা র‍্যাটনের মেয়র স্কট সিঙ্গার এক বিবৃতিতে বলেন,

    “বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা গভীরভাবে দুঃখিত যে আজ আমাদের একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এই মুহূর্তে আমরা জরুরি উদ্ধারকারী এবং কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।”

    বোকা র‍্যাটন ফায়ার রেসকিউর সহকারী প্রধান মাইকেল লাসাল এক সংবাদ সম্মেলনে বলেন, বিমান দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বিমানটি মাটিতে পড়ার পর আগুনের কুণ্ডলির তৈরি হয়। এতে দুর্ঘটনাস্থলের পাশের গাড়িতে থাকা একজন আহত হয়েছেন।;

  • ট্রাম্প প্রশাসন স্মার্টফোন, কম্পিউটার ও কিছু ইলেকট্রনিক পণ্যে চীনের উপর আরোপিত ১২৫% শুল্কের আওতা থেকে সরিয়ে নিয়েছে

    ট্রাম্প প্রশাসন স্মার্টফোন, কম্পিউটার ও কিছু ইলেকট্রনিক পণ্যে চীনের উপর আরোপিত ১২৫% শুল্কের আওতা থেকে সরিয়ে নিয়েছে

    আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের কারণে অস্থির হয়ে উঠেছে বিশ্ব বাণিজ্য। তবে ট্রাম্প প্রশাসন স্মার্টফোন, কম্পিউটার ও কিছু ইলেকট্রনিক পণ্যকে চীনের উপর আরোপিত ১২৫% শুল্কের আওতা থেকে সরিয়ে নিয়েছে। রোববার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, এই ছাড়ের আওতায় রয়েছে সেমিকন্ডাক্টর, সোলার সেল, মেমোরি কার্ডসহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশও। চীনের বিরুদ্ধে আমেরিকার শুল্ক নীতিতে এটাই প্রথম বড় ছাড়, বিশ্লেষকরা এই পদক্ষেপকে ‘গেম-চেঞ্জার’ বলছেন।

    আমেরিকান টেক কোম্পানিগুলোর উদ্বেগের পরেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, যারা জানিয়েছিলেন চীন থেকে তৈরি পণ্যের দাম ব্যাপক হারে বেড়ে যেতে পারে।

    হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকা সেমিকন্ডাক্টর, চিপস, স্মার্টফোন ও ল্যাপটপের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি উৎপাদনের জন্য চীনের উপর নির্ভরশীল থাকতে পারে না’।

    তিনি আরও যোগ করেন, ‘প্রেসিডেন্টের নির্দেশে এই কোম্পানিগুলো যত দ্রুত সম্ভব তাদের উৎপাদন মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তর করার চেষ্টা করছে।’

    এই সিদ্ধান্তের পর চীন ও অন্যান্য দেশ কী ধরনের প্রতিক্রিয়া দেখায়, সেটিই এখন দেখার বিষয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি বৈশ্বিক বাণিজ্য সংঘাতের গতিপথ বদলে দিতে পারে।;

  • পাকিস্তানে দুপুরে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

    পাকিস্তানে দুপুরে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

    আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের কাছে দুপুরে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। একই সঙ্গে খাইবার পাখতুনখোয়াতেও আরেকটি ভূমিকম্পের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় ১২টা ৩১ মিনিটে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের জাতীয় ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, ভূমিকম্পটি ১২ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

    তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০ এবং এর গভীরতা ছিল ৩৯.২ কিলোমিটার।;

  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ায় পৌঁছেছেন

    ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ায় পৌঁছেছেন

    আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ায় পৌঁছেছেন। শুক্রবার (১১ এপ্রিল) সেন্ট পিটার্সবার্গে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন। এ সময় ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ইউক্রেন সংকটে দ্রুত ‘যুদ্ধবিরতির দিকে এগিয়ে আসতে’ আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

    ক্রেমলিন জানিয়েছে, চার ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে ‘ইউক্রেন ইস্যুর সমাধান সংক্রান্ত বিভিন্ন দিক’ নিয়ে আলোচনা হয়েছে। এটি এই বছরে উইটকফ-পুতিনের তৃতীয় বৈঠক।

    রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিভ এটিকে বেশ গুরুত্বপূর্ণ বৈঠক বলে বর্ণনা করেছেন। এদিকে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন ‘রাশিয়াকে এগিয়ে আসতে হবে। খুব বেশি মানুষ মারা যাচ্ছে -সপ্তাহে হাজার হাজার, এই ভয়াবহ ও অর্থহীন যুদ্ধে‘।

    ট্রাম্পের ইউক্রেন বিষয়ক দূত কিথ কেলগ ইউক্রেনকে বিভক্ত করার যে প্রস্তাবের কথা বলা হচ্ছিল তা অস্বীকার করেছেন। তিনি স্পষ্ট করেছেন যে ট্রাম্প প্রশাসনের কোনো পরিকল্পনায় ইউক্রেনের ভূখণ্ডের বিভক্তি অন্তর্ভুক্ত নেই।

    এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এমন সময় যখন ইউক্রেন যুদ্ধ ২ বছরের বেশি সময় ধরে চলছে। এছাড়াও পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা বিবেচনা করছে।

    বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের এই কূটনৈতিক তৎপরতা যুদ্ধবিরতি আলোচনা গতিশীল করার একটি প্রচেষ্টা, যদিও ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে মৌলিক মতপার্থক্য এখনও অমীমাংসিত রয়ে গেছে।

    সম্প্রতি, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপনের অংশ হিসেবে তুরস্ক ও ইস্তাম্বুলে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। আলোচনায় কূটনৈতিক সম্পত্তি ফেরত দেওয়া, নিষেধাজ্ঞা শিথিলকরণ ও সরাসরি বিমান চলাচল শুরু করার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

    এর আগে, যুক্তরাজ্য ও জার্মানির উদ্যোগে শুক্রবার ব্রাসেলসে ৫০টি দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ইউক্রেন প্রতিরক্ষা যোগাযোগ গ্রুপের গুরুত্বপূর্ণ এক বৈঠক। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, এ বৈঠকের মূল লক্ষ্য ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ আরও বাড়ানো।;

  • ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত

    ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত

    আন্তর্জাতিক ডেস্ক:  ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে, চুক্তি নিয়ে আলোচনায় বসার পূর্বে রয়েছে কিছু শর্ত। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, আগামী শনিবার (১২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন আব্বাস আরাগচি। তবে, সেক্ষেত্রে শর্ত হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে সামরিক হুমকি বন্ধ করতে হবে, এরপরই পারমাণবিক চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা শুরু হতে পারে।

    আরাগচি বলেন, ‘আমরা কূটনৈতিক সমাধানে বিশ্বাসী, কিন্তু যুক্তরাষ্ট্র যদি আমাদের বিরুদ্ধে সামরিক হুমকি দিতে থাকে, তাহলে আলোচনা অর্থহীন হয়ে পড়ে’।

    ২০১৫ সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বেরিয়ে গেলে এই চুক্তি ভেঙে পড়ে। ইরান তখন থেকে ধাপে ধাপে তার পরমাণু কর্মসূচি বাড়িয়েছে। তবে, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য শক্তিগুলোর মধ্যস্থতায় আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে আশা করা হচ্ছিল।

    এই প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে, বিশেষজ্ঞরা বলছেন, এই শর্ত মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে কঠিন হতে পারে, কারণ ইরানের বিরুদ্ধে তাদের কঠোর নীতি অব্যাহত রয়েছে।

    ইউরোপীয় মধ্যস্ততাকারীরা আশা করছেন, উভয় পক্ষ শর্ত শিথিল করলে অচিরেই ভিয়েনায় আলোচনা পুনরায় শুরু হতে পারে।;

  • বজ্রঝড় ও বৃষ্টিপাতের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের চারটি রাজ্যে ভয়াবহ বন্যা

    বজ্রঝড় ও বৃষ্টিপাতের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের চারটি রাজ্যে ভয়াবহ বন্যা

    আন্তর্জাতিক ডেস্ক:  টানা বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের চারটি রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে আরও নতুন এলাকা। এতে বিপযর্স্ত সেখানকার জনজীবন।

    গত ৪ দিন ধরে টানা ঝড় ও ভারী বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কেন্টাকি। তলিয়েছে বহু বাড়িঘর, রাস্তাঘাট। ৫শ’র বেশি সড়কে যান চলাচল বন্ধ করা হয়েছে। ভারি বৃষ্টিপাত ও বন্যায় মৃত্যু হয়েছে অন্তত ২ জনের।

    বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি আরকানসাসেও। এখনও পানির নিচে বহু সড়ক। ব্যাপক ক্ষতিগ্রস্ত ইলিনয় রাজ্যও। এরইমাঝে টেক্সাস থেকে ওহাইও পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী বজ্রপাত ও টর্নেডোর জেরে প্রাণ গেছে অন্তত ৭ জনের।;

  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশটির ৫০টি অঙ্গরাজ্যে বিক্ষোভ অনুষ্ঠিত

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশটির ৫০টি অঙ্গরাজ্যে বিক্ষোভ অনুষ্ঠিত

    আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশটির ৫০টি অঙ্গরাজ্যে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ট্রাম্পের নেয়া বিভিন্ন এজেন্ডার প্রতিবাদে এই বিক্ষোভ হয়।

    গতকাল শনিবার (৫ এপ্রিল) দেশটির বোস্টন, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিসহ অন্যান্য রাজ্যের ১২০০ স্থানে ‘হ্যান্ডস অফ’ নামে এই সমাবেশ করেন বিক্ষোভকারীরা। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। খবর বিবিসি।

    এ সময় বিক্ষোভকারীদের ট্রাম্পবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা অভিবাসী বিরোধী অভিযান, শুল্কারোপের বিরুদ্ধে প্রতিবাদ জানান। পাশাপাশি ট্রাম্প প্রশাসনে ইলন মাস্কের প্রভাবের সমালোচনাও করেন তারা। বিক্ষোভকারীদের হাতে হ্যান্ডস অফ কানাডা, গ্রিনল্যান্ড, ইউক্রেন লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ডও দেখা যায়।

    এদিকে, ডেমোক্র্যাট আইনপ্রনেতারাও প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তোলার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

    ডালাসের একজন বিক্ষোভকারী বলেন, জাতীয় সংকটে এখানে একত্রিত হয়েছি। কারণ তারা সংবিধান অনুসরণ করছে না। তারা ভাবছে সবকিছু নিজেদের ইচ্ছামতো হবে। তবে তা কখনো হবে না। এই দেশ আমাদের।

    আটলান্টা শহরের একজন প্রতিবাদকারী বলেন, যা ঘটছে তা হলো ক্ষমতার অপব্যবহার। এত বড় বড় পদক্ষেপের জন্য সিনেটে শুনানি করা হচ্ছে না। জনগণ এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলতে এসেছে।

    ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস সদস্য ইলহান ওমর বলেন, আমরা গণতন্ত্র ও সংবিধানের জন্য লড়ছি। নিজের পরিবারের কাঙ্ক্ষিত ভবিষ্যতের জন্য লড়ছি। প্রেসিডেন্ট ট্রাম্প স্বৈরাচার হতে চাইছেন। আমেরিকায় কোনো স্বৈরাচারকে মেনে নেবো না। একজন ধনকুবের প্রেসিডেন্টের পাশের সিটটি কিনে নিয়ে তাকে পুতুল বানিয়ে রেখেছেন। তবে আমেরিকার গণতন্ত্র বিক্রির জন্য নয় এবং তা হবেও না।

    ডেমোক্র্যাট দলীয় আরেক কংগ্রেস সদস্য আল গ্রিন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো এবার মেয়াদ পূর্ণ করতে পারবেন না। আমরা ৩০ দিনের মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনবো।

    অন্যদিকে, বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলের ওপর ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক আরোপের ঘোষণার পর লন্ডন, প্যারিস এবং বার্লিনসহ আমেরিকার বাইরেও ট্রাম্পবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।;