Blog

  • মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে গোসল করতে নেমে হাসিব (১৩) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দুপুরে মহারাজপুর ইউনিয়নের আকন্দোবাড়িয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিট থেকে ১টার দিকে পিকনিকে এসে মহানন্দা নদীতে গোসল করতে নামে তিন বন্ধু। এ সময় নদীর প্রবল স্রোতে তারা তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও হাসিব নামে একজন এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ হাসিব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকার ফিল্টার হাট গ্রামের বাসিন্দা বাশিরের ছেলে। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করছে।

  • বন্যাকবলিত লোহাগাড়া পরিদর্শনে মাননীয় অর্থমন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী

    লোহাগাড়ার চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে আজ লোহাগাড়া আধুনগর সর্দানি পাড়ায় সফর করেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী।

    এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সাতকানিয়া লোহাগাড়া ১৫ আসনের সংসদ সদস্য জননেতা জনাব নাজমুল মোস্তাফা আমিন। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

  • রাঙ্গুনিয়ায় খেলা দেখা নিয়ে পুলিশ-দর্শক সংঘর্ষ, আহত ৫

    রাঙ্গুনিয়া প্রতিনিধি:
    চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আজিজনগর এলাকায় বিশ্বকাপ সেমিফাইনাল খেলা দেখা শেষে পুলিশ ও দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
    বুধবার (১৬ জুলাই) রাত প্রায় ৩টার দিকে রাঙ্গুনিয়া থানার একটি টহল টিমের সঙ্গে এ ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শীদের দাবি, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ শেষে স্থানীয় দর্শকরা আনন্দ-উল্লাস করছিলেন। এ সময় টহলরত পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করলে অন্তত পাঁচজন আহত হন। পরে কয়েকজনকে পুলিশের গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হলে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।
    এ বিষয়ে দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) রাকিব বলেন, “খেলা দেখা নিয়ে আমাদের টহল টিমের সঙ্গে স্থানীয় কয়েকজনের ভুল বোঝাবুঝি হয়। একপর্যায়ে কয়েকজন দায়িত্বরত পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। বিষয়টি নিয়ে ওসি স্যার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”
    ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

  • সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুইটি বিশেষ অভিযানে ১২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া ইউনিয়নের শাহাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করে।
    এছাড়া, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় একই বিওপির বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। জব্দকৃত এস্কাফ সিরাপ ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫১ হাজার ৭০০ টাকা।জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় এবং মোবাইল ফোন চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। ৫৩ বিজিবি জানায়, চলতি জুলাই মাসে বিভিন্ন অভিযানে একজন আসামিসহ মোট ২৬৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ,৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ৪৬ বোতল মদ এবং ২১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫ হাজার টাকা।চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ এবং সব ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

  • বিরামপুরের খানপুরে কৃষক স্মার্ট কার্ড কার্যক্রমের উদ্বোধন, ডিজিটাল কৃষিসেবায় নতুন অগ্রযাত্রা

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩ নং খানপুর ইউনিয়নে কৃষকদের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে ‘কৃষক স্মার্ট কার্ড’ তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়িত এই উদ্যোগের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি নির্ভুল ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি করা হবে, যা ভবিষ্যতে কৃষি সহায়তা ও সরকারি সুবিধা প্রাপ্তিকে আরও সহজ ও স্বচ্ছ করবে।উদ্বোধনী অনুষ্ঠানে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ সূচনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানজিনা খাতুন বলেন, “প্রকৃত কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণই স্মার্ট কৃষি ব্যবস্থার অন্যতম ভিত্তি। কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকেরা সরাসরি সরকারি প্রণোদনা, কৃষিঋণ ও অন্যান্য কৃষিসেবা গ্রহণ করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের সুযোগ কমে আসবে এবং সেবার স্বচ্ছতা নিশ্চিত হবে।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় কৃষক স্মার্ট কার্ডের প্রয়োজনীয়তা, নিবন্ধন প্রক্রিয়া এবং এর দীর্ঘমেয়াদি সুফল তুলে ধরে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও কারিগরি সহযোগিতা প্রদান করেন খানপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাদী।এ সময় উপস্থিত ছিলেন ৩নং খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোবার আলী মণ্ডল, সমাজসেবক মো. লোকমান হাকিম, ৫নং ওয়ার্ডের সদস্য ফ্ল্যাব্রিয়াস হেমব্রম, ৬নং ওয়ার্ডের সদস্য আকবর আলী এবং সংরক্ষিত মহিলা সদস্য শিতলী পাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা।সংশ্লিষ্টরা জানান, এই কার্যক্রমের আওতায় ইউনিয়নের সব প্রকৃত কৃষকের তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে। ফলে ভবিষ্যতে সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, ঋণ ও অন্যান্য সেবা দ্রুত এবং সঠিকভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। কৃষকরা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও কৃষিবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

  • কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার


    ​কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
    কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশি অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

    ​বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের (স্বনির্ভর মোড়) এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

    আটককৃতরা হলেন— চরঝাকালিয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিনের ছেলে ও এলাকার শীর্ষ মাদক কারবারি মো. শামীম মিয়া (৩৫) এবং একই গ্রামের মো. আরমান মিয়া (২০)।

    ​অভিযানকালে শীর্ষ মাদক কারবারি শামীমের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু মারাত্মক দেশীয় অস্ত্র, ১১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

    ​কটিয়াদী মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের নেটওয়ার্ক চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নিখুঁত অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

    উল্লেখ্য, দেশে মাদকের ভয়াবহতা রুখতে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ (শূণ্য সহনশীলতা) নীতি অবলম্বন করছে। মাদকের মূল উৎপাটন করতে সরকার কেবল প্রশাসনিক অ্যাকশনই নয়, বরং আইনি কাঠামোকেও ঢেলে সাজাচ্ছে। এরই ধারাবাহিকতায়, সাম্প্রতিক জাতীয় সংসদ অধিবেশনে মাদকবিরোধী আইন সংশোধন করে অপরাধীদের জন্য আরও কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির বিধান বাস্তবায়ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই কঠোর আইনের ফলে মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

    ​অভিযান শেষে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম অত্যন্ত কঠোর ভাষায় হুঙ্কার দিয়ে বলেন:
    ​”মাদকের মরণছোবল থেকে আমাদের যুবসমাজ ও সমাজকে রক্ষা করতে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে এবং সাম্প্রতিক জাতীয় সংসদে মাদক আইন সংশোধন করে আরও কঠোর আইন বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই কঠোর অবস্থানের অংশ হিসেবে কটিয়াদী থানা পুলিশও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

    তিনি আরো বলেন, আমি পরিষ্কার ভাষায় সতর্ক করে দিতে চাই— কটিয়াদীর মাটিতে কোনো মাদক কারবারি, গডফাদার কিংবা তাদের পৃষ্ঠপোষকদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। হয় মাদক ছাড়তে হবে, না হয় কটিয়াদী ছাড়তে হবে; অন্যথায় লোহার গরাদই হবে তাদের শেষ ঠিকানা। মাদকের শিকড় উপড়ে না ফেলা পর্যন্ত আমাদের এই চিরুনি অভিযান অবিরাম চলবে।”

  • জুলাই শহিদদের স্মরণে কুবিতে জাতীয় ছাত্রশক্তির দোয়া ও মাহফিল

    কুবি প্রতিনিধি:

    ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে শহিদদের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ‘জাতীয় ছাত্রশক্তি’র কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

    বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

    দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. খলিলুর রহমান। দোয়া মাহফিলে জাতীয় ছাত্রশক্তি কুবি শাখার নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এতে অংশ নেন।

    এ সময় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি ও ছাত্র-জনতার স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়।

    এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সংগঠক এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক নাঈম ভূঁইয়া বলেন, ‘আমাদের এই দোয়া ও মাহফিলের মূল উদ্দেশ্য হলো জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা এবং জুলাই শহিদের যে আদর্শ ও ত্যাগ তার প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ, বৈষম্যহীন, সামাজিক মর্যাদার এবং ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র গঠনে আমরা কাজ করতে অঙ্গীকারবদ্ধ।’

  • বেনাপোলে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে শ্রমিক নেতার সাধারণ ডায়েরি


    শার্শা(যশোর)প্রতিনিধি:
    বেনাপোল পোর্ট থানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ভুক্তভোগী মো. সহিদ আলী (৫০), যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কর্মী এবং বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত, তিনি এই অভিযোগ দায়ের করেন।
    অভিযোগ থেকে জানা যায়, গত ১১ জুলাই দুপুরে বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Md Mintu Hossain’ নামক একটি আইডি থেকে তাকে এবং তার আত্মীয়ের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য সংবলিত ভিডিও এবং ছবি পোস্ট করা হয়।

    সহিদ আলী জানান, উক্ত ফেসবুক আইডি থেকে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে সমাজে তার এবং তার রাজনৈতিক দলের সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে। এর ফলে বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

    অভিযোগে আরও বলা হয়েছে, বর্তমানে অজ্ঞাতনামা এই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরিটি লিপিবদ্ধ করা হয়েছে, যার জিডি নম্বর ৬১৩।

  • চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    সবুজায়ন বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদরের টোলঘর সংলগ্ন নতুন রাস্তার মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও অনুপ্রেরণায় সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবুজায়নের এই কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি এলাকায় ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।

    কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, সদস্য সচিব মো. বাবর আলী রুমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম হোসেন, সদস্য সচিব মেজর ডালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আজিজুল হক আজিজ, সদস্য সচিব মামুন রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমন, সোহেল ও ওমর, সহ-দপ্তর সম্পাদক ইয়াকুবসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

    বৃক্ষরোপণ শেষে নেতৃবৃন্দ পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

  • গাজীপুরে ২০ দিনব্যাপী রথযাত্রা ও রথ মেলা শুরু

    গাজীপুর জেলা প্রতিনিধি :
    ভাওয়াল রাজাদের প্রবর্তিত গাজীপুরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনব্যাপী রথ মেলা বৃহস্পতিবার (১৬ জুলাই) উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবকে ঘিরে সকাল থেকেই গাজীপুর শহরে উৎসবের আমেজ বিরাজ করে। রথযাত্রা উপলক্ষে হাজারো ভক্ত, দর্শনার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে রথখোলা ও আশপাশের এলাকা।

    গাজীপুর প্রেসক্লাব সংলগ্ন বটমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথ মেলার ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    গাজীপুরের জেলা প্রশাসক ও রথ মেলা উদযাপন কমিটির সভাপতি মোঃ নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির, বিএনপি নেতা আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, হাসান আজমল ভূঁইয়া, সাইফুল ইসলাম টুটুল, বাপ্পি দেসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।Islam

    উদ্বোধন শেষে ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথ টানার এ ধর্মীয় আয়োজনে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা রথ টেনে পূজা-অর্চনা করেন এবং শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন।

    মেলা উপলক্ষে রথখোলা এলাকাজুড়ে ইতোমধ্যে বসেছে বিশাল মেলা। সার্কাস, পুতুল নাচ, নাগরদোলা, শিশুদের বিভিন্ন বিনোদনের আয়োজনের পাশাপাশি দেশীয় হস্তশিল্প, খেলনা, মিষ্টান্ন, গৃহস্থালি সামগ্রী ও নানা ধরনের পণ্যের শতাধিক দোকানে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। ফলে পুরো এলাকা এক মিলনমেলায় পরিণত হয়েছে।

    আয়োজকরা জানান, আগামী ২০ দিনব্যাপী চলা এই রথ মেলায় প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগমের কথা বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।