Blog

  • পত্নীতলা থানার অভিযানে ১৩.৭৫ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী আটক


    পত্নীতলা নওগাঁ প্রতিনিধি:
    নওগাঁর পত্নীতলা থানার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩.৭৫ লিটার চোলাই মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

    পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই ২০২৬) বিকেল ৪টার দিকে পরিচালিত অভিযানে উপজেলার উষ্টি হাটপুকুর গ্রামের বাসিন্দা শ্রীমতি লতা রানী (৪২), স্বামী ধনেশ্বর ওরফে ধনি-কে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৩.৭৫ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।

    এ ঘটনায় আটক লতা রানীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই” — ইউএনও জাহিদ বিন কাশেম

    বিশ্বনাথ প্রতিনিধি :

    “বর্তমান যুগে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন ছাড়া কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা কঠিন। তরুণ-তরুণীদের যুগোপযোগী দক্ষতা অর্জনে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    এ কথাগুলো বলেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের স্থানীয় উপদেষ্ঠা পরিষদের সভাপতি মোঃ জাহিদ বিন কাশেম।

    বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

    পরিদর্শনের সময় ইউএনও প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

    এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কম্পিউটার প্রশিক্ষ।

  • নাচোল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন, অংশ নিলেন পুলিশ সুপার


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় নাচোল থানা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
    কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এআইজি (ডেভেলপমেন্ট) মো. ইব্রাহিম খলিলও উপস্থিত ছিলেন। পুলিশ সুপারের কার্যালয়ে সরকারি কার্যক্রম শেষে তিনি নাচোল থানার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে একটি গাছের চারা রোপণ করেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও বৃক্ষরোপণে অংশ নেন। বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাচোল থানা প্রাঙ্গণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

  • ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

    ফরিদপুর প্রতিনিধি:
    ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের সার্ভিস ঘাট এলাকায় জেলের মাছ ধরার চায়না দোয়ারীতে আটকা পড়ে একটি মেছো বাঘের বাচ্চা ধরা পড়েছে। বিরল এ বন্যপ্রাণীকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) সকালে সার্ভিস ঘাট এলাকার জেলে একলাস বেপারী মাছ ধরার জন্য পেতে রাখা চায়না দোয়ারী তুলতে গেলে ভেতর থেকে জোরে গর্জনের শব্দ শুনতে পান। কাছে গিয়ে তিনি দেখতে পান, একটি পাখি খেতে গিয়ে বাঘের বাচ্চার মতো দেখতে একটি প্রাণী দোয়ারীর ভেতরে আটকা পড়েছে। প্রথমে ভয় পেলেও পরে তিনি স্থানীয় লুৎফরকে খবর দেন। পরে দুজনে মিলে প্রাণীটিকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসেন। এ সময় প্রাণীটির থাবার আঁচড়ে তারা দুজনই আহত হন। পরে তারা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ করেন।

    প্রথমে অনেকেই প্রাণীটিকে বন্য বিড়াল বলে ধারণা করলেও পরে অভিজ্ঞ ব্যক্তিরা এটিকে মেছো বাঘের বাচ্চা হিসেবে শনাক্ত করেন। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা প্রাণীটিকে দেখতে ভিড় করেন। স্থানীয় সচেতন ব্যক্তিরা প্রাণীটিকে বিরক্ত না করে নিরাপদে রাখার আহ্বান জানান এবং বিষয়টি বন বিভাগকে অবহিত করেন।

    খবর পেয়ে চরভদ্রাসন বন বিভাগের কর্মকর্তা ফজলে করিম ঘটনাস্থলে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি মেছো বাঘের বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যান। তিনি জানান, প্রাণীটিকে প্রথমে চরভদ্রাসন প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। এরপর জেলা বন বিভাগের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক সময়ে নদী ও জলাভূমি এলাকায় খাদ্যের সন্ধানে এসে অসাবধানতাবশত প্রাণীটি জেলের দোয়ারীতে আটকা পড়ে।

    বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, মেছো বাঘ বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ প্রাণী সাধারণত মাছ, ব্যাঙ ও অন্যান্য জলজ প্রাণী শিকার করে এবং নদী, খাল, বিল ও জলাভূমি সংলগ্ন এলাকায় বসবাস করে। তাই এ ধরনের প্রাণী দেখা গেলে সেটিকে আটক বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে জানানো উচিত।

    এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে, যাতে বিরল প্রাণীগুলো নিরাপদে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরে যেতে পারে।

  • প্রাইভেট ক্লিনিকে মালিকানা থাকায় রামেক হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. জহির রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

    সরকারি হাসপাতালে চাকুরি করেও প্রাইভেট হাসপাতালের মালিকানা থাকার অভিযোগের প্রমাণ মেলায় বিভাগীয় মামলা হয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. জহির রায়হানের বিরুদ্ধে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন ও তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এই বিভাগীয় মামলা করেছেন।

    অভিযোগ উঠেছে, চাঁপাইনবাবগঞ্জের বসুন্ধরা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকানা থাকার অভিযোগের সত্যতা মেলায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তবে ডা. মো. জহির রায়হান ও ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, ভুল করে তার নাম এসেছে বিভাগীয় মামলায়।

    গত ০৮ জুলাই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী সাক্ষর করেছেন। প্রজ্ঞাপনে তাকে পত্রপ্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে চাকরি থেকে বরখাস্ত অথবা উপযুক্ত দণ্ড প্রদান করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

    এছাড়াও একই প্রজ্ঞাপনে ডা. জহির রায়হান ব্যক্তিগত শুনানি চান কি না, তা লিখিতভাবে জানাতে নির্দেশ প্রদান করা হয়েছে। এমনকি ডা. জহির রায়হানের প্রাইভেট ক্লিনিকের শেয়ার থাকার অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণ মেলায়, এটিকে সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য করেছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

    এদিকে, বসুন্ধরা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. মইদুল হক জানান, বিভাগীয় মামলাটি ভুল করে হয়েছে। খসড়া টা ভুল করে চলে এসেছিল। পরে তা সংশোধন করা হয়েছে। সপ্তাহের প্রত্যেক মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ডা. জহির রায়হান বসুন্ধরা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা প্রদান করেন বলেও জানান তিনি।

    এবিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. জহির রায়হান বলেন, ওই ক্লিনিকে আমার কোন মালিকানা নেই। বিভাগীয় মামলার বিষয়টি আমিও দেখেছি, এটির লিখিত জবাব দিতে হবে। ভুলক্রমে আমার নাম চলে এসেছে। কিন্তু কিভাবে আমার নাম আসলো বুঝতে পারছি না। বিভাগীয় মামলার বিষয়ে আমার সাথে কেউ যোগাযোগ করেনি, আমি এটি ওয়েবসাইটেই দেখেছি।

  • আধুনগরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ


    লোহাগাড়ার প্রতিনিধি:
    চট্টগ্রামের লোহাগাড়ায় ৯টি ইউনিয়নের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ। ভেঙে গেছে মাটির ঘর ও গ্রামীণ সড়ক গুলো। দেখা দিয়েছে খাদ্যের সংকটও।

    তারই ধারাবাহিকতায় উপজেলার আধুনগরের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

    ১৫জুলাই (বুধবার) বিকেলে আধুনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আধুনগরের ৮নাম্বার ওয়ার্ডস্থ মিয়া পাড়া এলাকায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী।

    আধুনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইমামুল আবেদিন চৌধুরী রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমুদুর রহমান, লোহাগাড়া উপজেলা যুবদল সাবেক সহ সভাপতি এস,এম রেজাউল বছির চৌধুরী,সোবহান সওদাগর,চন্দন বড়ুয়া, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বেলাল উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ হেলাল উদ্দিন, যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, যুবদল নেতা সোহরাব উদ্দিন আবু হেনা, এমএস শিহাব,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সায়েমুল ইসলাম সিয়াম,তারেক ,কামাল ,এমরান সওদাগর, সদস্য ইকবাল হোসেন, মোঃ নবী হোসেন,মোঃ রুবেলসহ আধুনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) ইয়াসির আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও মো. নাদিরুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শবনম আক্তার ও মো. আওরঙ্গজেব, উপজেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর আলম, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক, সহকারী শিক্ষক গোলাম হামিদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

    অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    আয়োজকরা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম, পরিবেশ সচেতনতা এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

  • কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান


    কুবি প্রতিনিধি:
    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ অর্থবছরে বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের মোট ১১৭ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। 

    ‎বুধবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের হল রুমে এ বৃত্তি প্রদান করা হয়।

    ‎অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক মো. ড. আবদুল হাকিম এবং প্রকৌশল অনুষদের ডিন ড. মাহমুদুল হাছান। এছাড়াও বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    এসময় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, শুধু মেধাবী হলেই একজন মানুষ পরিপূর্ণ হয় না; একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মধ্যে মানবিকতা, শিষ্টাচার, সুন্দর আচরণ ও নৈতিক মূল্যবোধের সমন্বয় থাকতে হবে। এসব গুণাবলি ধারণ করেই শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

    কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “অসংখ্য মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে একটি অংশ আজ আপনাদের একাডেমিক এক্সিলেন্সির মাধ্যমে এই সম্মানজনক পুরস্কার লাভ করেছেন। রাষ্ট্র ও জনগণের সহযোগিতায় অর্জিত উচ্চশিক্ষার সুযোগকে দেশের উন্নয়ন ও মানবকল্যাণে কাজে লাগানোর দায়িত্ব শিক্ষার্থীদেরই। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি ও নবায়নযোগ্য জ্বালানিসহ উদীয়মান প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাশক্তি, যোগাযোগ দক্ষতা, দলগত কাজ, অভিযোজনক্ষমতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান।

    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “মেধাবৃত্তির আর্থিক মূল্য অপেক্ষা এর স্বীকৃতি ও প্রেরণার মূল্য অনেক বেশি, যা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত করে। তিনি গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ ও অর্থায়ন সম্প্রসারিত হয়েছে এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরাও গবেষণা অনুদানের সুযোগ পাচ্ছে।

    তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করতে আগ্রহী। আমরা যদি তাঁকে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানাতে পারি এবং আমাদের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা, উদ্ভাবনী উদ্যোগ ও সাফল্যগুলো তুলে ধরার সুযোগ তৈরি করতে পারি, তাহলে তা নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয় হবে। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে নিয়ে আসবে।”

    ‎সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার বলেন, “মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সেরাদের মধ্যে সেরা এবং তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। শুধু ভালো সিজিপিএ নয়; এআই লিটারেসি, ডিজিটাল দক্ষতা, যোগাযোগ দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমেই ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হওয়া সম্ভব। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি নিশ্চিত করতে নিয়মিত কাউন্সেলিং, অনুপ্রেরণা ও সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।”

    ‎উল্লেখ্য, মেধাবী, অসচ্ছল মেধাবী এবং স্পোর্টস ক্যাটাগরিতে মোট ৪০২ জন শিক্ষার্থীকে এবার বৃত্তি প্রদান করা হবে।

  • বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সহায়তা বিতরণ

    বিশ্বনাথ প্রতিনিধি:
    সিলেটের বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে উপজেলা ও পৌর এলাকার ১৫টি অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে ওই চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়।

    সংগঠক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘শাহ ফাউন্ডেশন’র চিকিৎসা সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক আব্দুল মুতাকিন, শাহ লায়েক, জামিল আহমদ, শিবলু মিয়া, দুলাল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

    মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যেই ‘শাহ ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে দাবী করে যুক্তরাজ্য থেকে মুঠোফোনে ‘শাহ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা অনেকটাই নিরবে এলাকার অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের কল্যাণে কাজ করছি। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগীতা পেলে আমরা আমাদের কর্মপরিধি আরোও বৃদ্ধি করব।

  • বাঘাইছড়ির বন্যার্তদের মাঝে পার্বত্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মীর হেলালের ত্রান বিতরণ ও ১ মাস ঋণের কিস্তি স্থগিত

    বাঘাইছড়ি প্রতিনিধি:
    বন্যার পানিতে যখন ঘরবাড়ি ভাসছে, ঠিক তখনই ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ নিয়ে হাজির হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি ।

    ১৫ই জুলাই (বুধবার) বাঘাইছড়ির বন্যা কবলিত গ্রামগুলো ঘুরে বেড়ান তিনি। পানিবন্দি পরিবারের সাথে কথা বলেন, তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। আশ্বাস দিয়ে বলেন, ‘সরকার আপনাদের ভুলে যায়নি, সবসময় পাশে আছে”।

    পরিদর্শন শেষে অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও শুকনো খাবার তুলে দেন প্রতিমন্ত্রী। যাদের ঘর ভেঙে গেছে তাদের হাতে তুলে দেন ঢেউটিন।

    সভায় দাঁড়িয়ে তিনি বলেন,বন্যায় ক্ষতিগ্রস্তদের এনজিও ঋণের কিস্তি আগামী ১ মাস দিতে হবে না।
    খুব শীঘ্রই পার্বত্য অঞ্চলেও চালু হবে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড।
    প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের নারীরা যে কঠোর পরিশ্রম করছেন তা জাতির জন্য আশীর্বাদ। আমরা যদি সবাই একসাথে কাজ করি, তাহলে অচিরেই পার্বত্য চট্টগ্রামকে সিঙ্গাপুরের মতো গড়ে তোলা সম্ভব।

    প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে বন্যার্তদের মাঝে। তারা দ্রুত পুনর্বাসনের দাবি জানান।

    এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।