Blog

  • দুর্ঘটনাকবলিত পিকআপ উদ্ধারে গিয়ে বাসচাপা, নিহত ৫

    ফরিদপুর প্রতিনিধি :

    ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে দুর্ঘটনাকবলিত একটি পিকআপ উদ্ধার করতে গিয়ে দ্রুতগতির একটি বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত
    হয়েছেন।

    শনিবার সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত পিকআপটি উদ্ধারের সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী নড়াইল এক্সপ্রেস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধারকাজে থাকা লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

    নিহতদের মধ্যে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আরিফ মাতুব্বর (২৫), ওবায়দুল শেখ (৪০), জয়নাল মিয়া (২৪), নুরন্নবী শেখ (১২) ও হাফিজুর (৫০) রয়েছেন। এছাড়া আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের সেতু মাতুব্বর গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও দ্রুতগতির বাসটি উদ্ধারকাজে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে।

    ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় উত্তেজিত জনতা কয়েকটি যানবাহন ভাঙচুর করে এবং একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।
    দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

  • মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে

    মৌলভীবাজার প্রতিনিধি:

    টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাইয়ের একাধিক স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় জেলার চার উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে মৌলভীবাজার সদর, রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া উপজেলার ২৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ প্রায় ১০ হাজারের পরিবারের অন্তত ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

    অপরদিকে টানা বৃষ্টি ও ঢলের কারণে আমানের বীজতলাসহ আউশ ধানের খেত, শীতকালীন সবজি এবং ফিশারির ব্যাপক ক্ষতি হয়েছে। নিম্নাঞ্চল এখনো নিমজ্জিত রয়েছে। দুর্গত এলাকাগুলোতে বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার ও গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।

    পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, শনিবার (১১ই জুলাই) বিকেল ৪টায় মনু নদের চাঁদনীঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মনু নদের রেলওয়ে ব্রিজে পানি বিপৎসীমার ২২৩ সেন্টিমিটার, ধলাই নদীর রেলওয়ে ব্রিজ পয়েন্টে ২৭৫ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে পানি ৫ সেন্টিমিটার এবং জুড়ি নদীর পানি ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

    জেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১ হাজার ৭৫০ ব্যাগ শুকনো খাবার ও অন্যান্য খাদ্যসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বড়লেখায় ২৬০ ব্যাগ, জুরিতে ১৫৭ ব্যাগ, কুলাউড়ায় ৩৪০ ব্যাগ, রাজনগরে ২১০ ব্যাগ, মৌলভীবাজার সদরে ৩১৩ ব্যাগ, শ্রীমঙ্গলে ২৩৫ ব্যাগ এবং কমলগঞ্জে ২৩৫ ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে।

    দেখা যায়, উজানে ভারী বৃষ্টিপাত কমায় মনু নদ ও ধলাই নদীর পানি কিছুটা কমতে শুরু করলেও নিম্নাঞ্চলে এখনও পানি রয়েছে।

    স্থানীয়রা জানায়, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনগর উপজেলা। মনু নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর, হরিপাশা, ইব্রাহীমপুরসহ সদরের বেশ কয়েকটি গ্রাম এবং ধলাই নদীর বাঁধ ভেঙে আরও প্রায় ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বিশেষ করে টেংরা ও কামারচাক ইউনিয়নে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সদর উপজেলা পৌরসভাসহ চাঁদনীঘাট ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে।

    কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর ও শিকড়া গ্রামের বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে শিকড়া, আলিনগর, ধামুলিসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এসব এলাকার লোকালয় থেকে পানি নামতে শুরু করেছে। এছাড়া হাকালুকি, কাউয়াদিঘি ও হাইল হাওরের পানিও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

    জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া জানান, পানিবন্দি মানুষদের জন্য শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে। এছাড়া জেলার ১৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে দুর্গতদের সরিয়ে নেওয়ার কাজ চলমান রয়েছে।

    রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার বলেন, বন্যায় রাজনগর উপজেলার টেংরা, কামারচাকসহ কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ পানিবন্দি হয়ে আছেন। আমাদের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়েছে।

    মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ বলেন, ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতে পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা সার্বক্ষণিক কাজ করছেন।

    মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলা ও উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি ও পর্যাপ্ত ত্রাণ মজুত রাখা হয়েছে। জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য জেলার সবকটি আশ্রয়কেন্দ্র সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে বলে জানান।

  • লোহাগাড়া লোহার দিঘীর পূর্ব পাশে দফাদার পাড়া সমাজের সরদার নির্বাচন-২০২৬ সফলভাবে সম্পন্ন।

    লোহাগাড়ার :চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

    আজ ১১ জুলাই ২০২৬ (শনিবার) সন্ধ্যা ৭:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত লোহাগাড়া দিঘীরপাড় সংলগ্ন দফাদার পাড়া সমাজের সরদার নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
    নির্বাচনের ফলাফল: মোট ভোটার: ১৩২ জন মোট প্রদত্ত ভোট: ১১২টি
    প্রার্থী:
    ১. জাহাঙ্গীর আলম — ৫১ ভোট
    ২. আখতার হোসেন — ৬১ ভোট
    সর্বমোট ৬১ ভোট পেয়ে আখতার হোসেন দফাদার পাড়া সমাজের নবনির্বাচিত সরদার নির্বাচিত হয়েছেন।
    নবনির্বাচিত সরদারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী সকল ভোটার, প্রার্থী এবং নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। আশা করি, নবনির্বাচিত নেতৃত্ব সমাজের ঐক্য, উন্নয়ন ও কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
    সকলের জন্য শুভকামনা ও অভিনন্দন।

  • দরিদ্র শিক্ষার্থী, বেকার ও দুর্যোগপীড়িত মানুষের কল্যাণে কাজ করবে মেইজ ফাউন্ডেশন


    ফরিদপুর প্রতিনিধি:
    সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মেইজ ফাউন্ডেশন। শনিবার (১১ জুলাই) সকালে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শাহিদুল ইসলাম খান। এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

    সংগঠনটির সভাপতি মনসুর আলী খলিফার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, মেইজ ফাউন্ডেশন মানবিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাজ করবে। এর অংশ হিসেবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহায়তা, অতিদরিদ্র ও বেকার যুবকদের বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও উপকরণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

    বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে মেইজ ফাউন্ডেশন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠনগুলো মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মেইজ ফাউন্ডেশনের মতো উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। তিনি সংগঠনটির সার্বিক সাফল্য কামনা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর, বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাইদসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

  • দরিদ্র শিক্ষার্থী, বেকার ও দুর্যোগপীড়িত মানুষের কল্যাণে কাজ করবে মেইজ ফাউন্ডেশন


    ফরিদপুর প্রতিনিধি:
    সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মেইজ ফাউন্ডেশন। শনিবার (১১ জুলাই) সকালে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শাহিদুল ইসলাম খান। এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

    সংগঠনটির সভাপতি মনসুর আলী খলিফার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, মেইজ ফাউন্ডেশন মানবিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাজ করবে। এর অংশ হিসেবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহায়তা, অতিদরিদ্র ও বেকার যুবকদের বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও উপকরণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
    বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে মেইজ ফাউন্ডেশন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠনগুলো মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মেইজ ফাউন্ডেশনের মতো উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। তিনি সংগঠনটির সার্বিক সাফল্য কামনা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর, বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাইদসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

  • রায়গঞ্জের ধানঘরা উচ্চ বিদ্যালয়কে সরকারি করার উদ্যোগ: আশার আলো দেখালেন এমপি ভিপি আয়নুল হক

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘ধানঘরা উচ্চ বিদ্যালয়’-এর নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।

    রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত এই পরিচিতি সভায় স্থানীয় শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক আক্ষেপ করে বলেন, “রায়গঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অনেক বিদ্যালয় সরকারি হলেও ধানঘরা উচ্চ বিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সরকারি না হওয়াটা হতাশাজনক।”

    তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করে জানান, প্রতিষ্ঠানটিকে সরকারি করার জন্য তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন। এই লক্ষ্যে ইতিমধ্যে একটি ডেমি-অফিসিয়াল (ডিও) লেটার প্রস্তুত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তিনি বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ যথাযথ দপ্তরে জোরালোভাবে উপস্থাপন করবেন বলে প্রতিশ্রুতি দেন।

    বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে এমপি আয়নুল হক বলেন, “একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” তিনি বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সবার সহযোগিতা ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

    পরিচিতি সভায় বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী (সুজন), সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন এবং সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান সরকার (রোম বাদশা)।

    অনুষ্ঠানে ধানঘরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সবশেষে, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরও আধুনিক ও যুগোপযোগী করে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

  • ​সাংবাদিক নিজামের ভিডিওতে সাড়া: শিউলি বেগমের দায়িত্ব নিল প্রশাসন


    কিশোরগঞ্জ প্রতিনিধ:
    একটি মানবিক ভিডিও প্রতিবেদন বদলে দিল অসহায় এক নারীর জীবনের গল্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখে কিশোরগঞ্জ সদর উপজেলার অত্যন্ত অসহায়, অসুস্থ আম বিক্রেতা শিউলি বেগমের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুল হাসান মারুফ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

    ​জানা গেছে, গত ১৫ জুন গণমাধ্যমকর্মী নিজাম উদ্দীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আম বিক্রেতা শিউলি বেগমকে নিয়ে একটি সচিত্র ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনটিতে শিউলি বেগমের জীবনসংগ্রাম ও তার বর্তমান অসহায়ত্বের চিত্র ফুটে ওঠে। ভিডিওটি কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুল হাসান মারুফের দৃষ্টিগোচর হলে তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন।

    ​ঘটনার বিবরণ দিয়ে ইউএনও মোঃ কামরুল হাসান মারুফ বলেন, “গত জুনের ১৫ তারিখ সাংবাদিক নিজাম উদ্দীন তার ব্যক্তিগত আইডিতে আম বিক্রেতা শিউলি বেগমকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেন। ভিডিওটি দেখে আমার চোখে পানি চলে আসে। এরপরই আমি সাংবাদিক নিজাম উদ্দিনের সাথে যোগাযোগ করে ওই ভদ্রমহিলার ঠিকানা সংগ্রহ করি। আজ আমি নিজেই উনাকে সশরীরে দেখতে গিয়েছিলাম।”

    ​ইউএনও আরও জানান, শিউলি বেগম বর্তমানে অত্যন্ত অসুস্থ এবং সম্প্রতি তার পায়ে একটি অপারেশন হয়েছে। তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার জন্য ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালে কথা বলে তার চিকিৎসা খরচ যেন সর্বনিম্ন রাখা হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে।

    ​ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিউলি বেগম সুস্থ হয়ে উঠলে তাকে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে অথবা অন্য কোনো সম্মানজনক উপায়ে তার স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবে উপজেলা প্রশাসন।

    ​একজন গণমাধ্যমকর্মীর বস্তুনিষ্ঠ প্রতিবেদন এবং প্রশাসনের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপের কারণে স্থানীয় সচেতন মহল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বস্তরের মানুষ সাংবাদিক নিজাম উদ্দীন ও ইউএনও মোঃ কামরুল হাসান মারুফকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছেন।

  • ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বহু হতাহতের আশংকা


    ফরিদপুর প্রতিনিধি:
    ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে অফিসিয়ালি তা নিশ্চিত হওয়া যায়নি।

    শনিবার (১১ জুলাই) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
    দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদ্ঘাটন এবং হতাহতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।

  • চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডিএনসির অভিযানে ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশন জব্দ আটক ১

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশনসহ এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

    শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে ডিএনসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়।

    গ্রেপ্তার ব্যক্তি মো. আতিকুর রহমান ওরফে আতিক (৩৩)। তিনি বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।

    অভিযান শেষে তার কাছ থেকে বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশন জব্দ করা হয়। ডিএনসি জানায়, উদ্ধার হওয়া ইনজেকশনগুলো মাদক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকের বিস্তার রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

    মাদক নির্মূল এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।

  • লোহাগাড়ার বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ


    লোহাগাড়ার প্রতিনিধি:
    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী।

    শুক্রবার ও শনিবার ২ দিনব্যাপী উপজেলার পদুয়া, আমিরাবাদ, আধুনগর ও লোহাগাড়া সদর ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় তিনি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় বন্যার কারণে দুর্ভোগে পড়া মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

    সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘবে বিএনপির নেতাকর্মীরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

    এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।