স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, দুইজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে ধর্ষণ মামলায় মো. আরিফ ও মো. রুবেল নামে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ এবং একই এলাকার আয়নালের ছেলে মো. রুবেল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রাতে ওই নারী তার স্বামী মোস্তাক আহমদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় আরিফ ও রুবেল তার পথরোধ করেন। পরে তার স্বামী সেখানে পৌঁছালে তাকে একটি খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। এরপর ওই নারীকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী মধুপুর থানায় দুইজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। মামলার সাক্ষ্য ও প্রমাণ গ্রহণ শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

রায়ে প্রত্যেক আসামিকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *