Author: DBC

  • রাঙ্গুনিয়ায় কবরস্থান দখল ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

    রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
    চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে জমজম জামে মসজিদের কবরস্থান দখল ও গাছ কাটার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের জনগণ।

    শনিবার (১৮ জুলাই) আয়োজিত এ মানববন্ধনে বক্তারা কবরস্থান দখলমুক্ত করতে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

    মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত ৩০ জুন এক ভূমিদস্যু জোরপূর্বক মসজিদের কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে গাছ কেটে ফেলেন। পরে এলাকাবাসী ও পুলিশের উপস্থিতিতে সীমানা পুনঃস্থাপন করা হলেও রাতের অন্ধকারে আবারও সেই সীমানা ভেঙে ফেলা হয়। এ ঘটনায় প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট ব্যক্তি এলাকাবাসীকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

    মানববন্ধনে বক্তব্য রাখেন জমজম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাশেম বাচা, হাবিব, জাকের হোসেন, রুবেল, হিরণ, আবু সৈয়দ, কোরবান আলী, জামাল উদ্দিন, বাদশা, রুবেল হোসেন, জাবেদ, আসিফ, টিপু, মাহবুবসহ স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।

    বক্তারা অবিলম্বে কবরস্থানের জায়গা দখলমুক্ত করা, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মিথ্যা মামলার নামে হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। তারা দ্রুত বিচার নিশ্চিত করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখারও আহ্বান জানান।

  • রায়গঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে প্রান্তিক চাষীদের প্রশিক্ষণ

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মৎস্য খাতের উন্নয়ন, মৎস্য চাষ ব্যাবস্থা পনা, রোগ প্রতিরোধ, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষ করে তুলতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৮ জুলাই) উপজেলার “দীপ লিখা হল রুমে ”- মেসার্স যারিন ট্রেডার্স (পরিবেশক সি পি বাংলাদেশ কোম্পানি লিমিটেড) এর ব্যবস্থাপনায় এই কর্মশালার আয়োজন করে সি পি বাংলাদেশ কোম্পানি লিমিটেড (লিডার অব দ্যা ফিড ইন্ডাস্ট্রি)।

    কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০০ জন অগ্রগামী প্রান্তিক মৎস্যচাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক ও লাভজনক মাছ চাষ পদ্ধতি, বৈজ্ঞানিকভাবে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের ব্যবহার, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ আল হাসান আরিফ জেনারেল ম্যানেজার, প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন-সুমন সরকার ফিস টেকনিক্যাল ম্যানেজার, এছাড়াও অন্যান্যের আরো উপস্থিত ছিলেন, মেহেদী ইসলাম ডিন ডিপার্টমেন্ট ম্যানেজার, শাহিন রেজা সেকসন ম্যানেজার সেলস্, আব্দুল লতিব সেকসন ম্যানেজার সেলস্, ডাঃ আজম অফিসার ক্যাটেল, আবু বকর ফিস টেকনিক্যাল, ফেরদৌস আলম সরকার পরিবেশক সি পি বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

    প্রশিক্ষণে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ, উন্মুক্ত আলোচনা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী চাষীরা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রান্তিক চাষীদের মাঝে একটি করে সি পি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর ছাতা দুপুরের খাবার বিতরণ করা হয়।

    আয়োজকরা জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • বিশ্বকাপের খেলা দেখে ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই সাংবাদিকের


    বিশেষ প্রতিনিধি:
    রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ বড় পর্দায় উপভোগ করে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে দ্রুতগতির একটি দূরপাল্লার বাসের ধাক্কায় তারা নিহত হন।

    নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান। তারা দুজনই সাংবাদিকতা পেশায় সক্রিয় ছিলেন এবং সহকর্মীদের কাছে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন।

    জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্স সংলগ্ন বিআরটি লেনে মোটরসাইকেলে করে বাসায় ফেরার সময় পেছন থেকে আসা একটি দূরপাল্লার বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

    এ মর্মান্তিক দুর্ঘটনায় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সহকর্মীরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী বাসচালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

  • সদরপুরে এসএসসি ’৯৮ ব্যাচের কমিটি গঠন সভাপতি রুহুল, সম্পাদক মামুন


    ফরিদপুর প্রতিনিধি:
    ফরিদপুরের সদরপুর উপজেলার এসএসসি ১৯৯৮ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এক বর্ণাঢ্য পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৭ জুলাই ২০২৬) রাতে সদরপুরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে চঞ্চল মাহমুদ সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সভায় সভাপতিত্ব করেন মো: সিরাজুল ইসলাম হাওলাদার।

    সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে মো: রুহুল খাঁন-কে সভাপতি এবং এস এম মামুন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ব্যাচের নতুন আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন, মোঃ মশিউর রহমান , মোঃ গোলাম সরোয়ার, মোঃ সালাউদ্দিন, মোঃ মিজানুর রহমান, মোঃ চঞ্চল মাহামুদ।
    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে সহপাঠীরা স্মৃতিচারণায় মেতে ওঠেন। উপস্থিত বন্ধুদের মতামতের ভিত্তিতে ব্যাচের ঐক্য, পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করা এবং সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।

    নবনির্বাচিত সভাপতি মো: রুহুল খাঁন এবং সাধারণ সম্পাদক এস এম মামুন তাঁদের প্রতিক্রিয়ায় বলেন, “এই কমিটি আমাদের বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে। শুধু পুনর্মিলনী নয়, বন্ধুদের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করাই হবে আমাদের মূল লক্ষ্য।”
    সভা শেষে উপস্থিত সবাই নৈশভোজে অংশ নেন এবং ভবিষ্যতে সদরপুর উপজেলার এসএসসি ১৯৯৮ ব্যাচের সকল বন্ধুদের নিয়ে আরও বৃহৎ পরিসরে পুনর্মিলনী আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

  • আলম ওরফে শাকিল-বাপ্পিকে ঘিরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা

    আলম ওরফে শাকিল-বাপ্পিকে ঘিরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা

    স্টাফ রিপোর্টার:

    চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন সিনা ভিলেজ মোড় এলাকার একটি আবাসিক হোটেলকে কেন্দ্র করে অসামাজিক কার্যকলাপ ও মাদক বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে হোটেলটির আড়ালে অনৈতিক কর্মকাণ্ড চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে এলাকার সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

    স্থানীয় সূত্র জানায়, দেশের অন্যতম বাণিজ্যিক নগরী চট্টগ্রামে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে অসংখ্য ব্যবসায়ী ও ভ্রমণকারী আসেন। তাদের একটি বড় অংশ আবাসিক হোটেলে অবস্থান করেন। অভিযোগ রয়েছে, এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি আবাসিক হোটেলের আড়ালে অসামাজিক কার্যকলাপ ও মাদক বাণিজ্য পরিচালনা করছেন।

    অভিযোগ অনুযায়ী, কোতোয়ালি থানার সিনা ভিলেজ মোড় এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেলের ম্যানেজার আলম ওরফে শাকিল এবং মালিক বাপ্পির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, দিন-রাত হোটেলটিতে সন্দেহভাজন ব্যক্তিদের যাতায়াত অব্যাহত থাকে। এতে আশপাশের ব্যবসায়ী, পথচারী ও পরিবার নিয়ে বসবাসকারী বাসিন্দারা চরম অস্বস্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, হোটেলটিতে প্রায়ই এলাকার বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আনাগোনা দেখা যায়। এছাড়া বিভিন্ন সময় উচ্ছৃঙ্খল নারী-পুরুষের যাতায়াতের কারণে এলাকার সামাজিক পরিবেশের অবনতি ঘটছে। তাদের দাবি, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

    অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, বিষয়টি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নজরে আনা হলে তিনি অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

    এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে হোটেলটির ম্যানেজার আলম ওরফে শাকিল এবং মালিক বাপ্পি অভিযোগ অস্বীকার বা স্বীকার না করে বলেন, “আমরা যা করি প্রকাশ্যেই করি। যদি কিছু বলার থাকে, আসেন, চা খেয়ে যান।” তবে তাদের বিরুদ্ধে ওঠা নির্দিষ্ট অভিযোগের বিষয়ে তারা কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।

    স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও সচেতন নাগরিকদের দাবি, শুধু একটি নয়—নগরীর যেসব আবাসিক হোটলকে কেন্দ্র করে অসামাজিক কার্যকলাপ বা মাদক বাণিজ্যের অভিযোগ রয়েছে, সেগুলোর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রশাসনের নিয়মিত নজরদারি জোরদার এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।

    প্রসঙ্গত, প্রতিবেদনে উল্লেখিত অভিযোগগুলো অভিযোগকারীদের বক্তব্য ও স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ওপর নির্ভরশীল।

  • কাশিমপুর মহিলা কারাগার থেকে কয়েদি পলায়ন, ৭ কর্মকর্তা ও কর্মচারী বরখাস্ত


    গাজীপুর জেলা প্রতিনিধি:
    গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বন্দী গণনার সময় তাঁর অনুপস্থিতি ধরা পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় মামলা করেছে।

    পালিয়ে যাওয়া কয়েদির নাম রিম্পা (২১)। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

    আজ শুক্রবার কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগার থেকে এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় আজ কারা কর্তৃপক্ষ থানায় মামলা করেছে।

    পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নিয়মিত বন্দী গণনার সময় রিম্পাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন।
    এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

  • ৬০ হাজার ইয়াবা জীম্বংখালী বিওপির উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে উদ্ধার

    টেকনাফ, কক্সবাজার:

    কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬৪ এর অভিযানে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

    শনিবার (১৮ জুলাই) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, গত শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার ইশাকের ঘের এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

    অধিনায়কের ভাষ্য অনুযায়ী, ধাওয়া করলে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও ফাঁকা গুলি ছুড়লে তারা সঙ্গে থাকা একটি পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

    পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত পোটলার ভেতরে খাকি রঙের প্যাকেটের মধ্যে নীল রঙের বায়ুরোধী মোড়কে রাখা ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল উদ্ধার করা যায়নি।

    উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

    তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।

  • রানীনগরে পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক, এলাকাজুড়ে চাঞ্চল্য

    স্টাফ রিপোর্টার:

    নওগাঁর রানীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম বটতলা এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সজীব দেবনাথ (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করে রানীনগর থানা পুলিশ।
    আটক সজীব দেবনাথ করজগ্রাম হিন্দুপাড়া গ্রামের অসিত চন্দ্র দেবনাথের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
    পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার অভিযোগের প্রেক্ষিতে নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সজীবের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
    রানীনগর থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
    স্থানীয়দের দাবি, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।

  • গাজীপুরের কালীগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    গাজীপুর জেলা প্রতিনিধি:

    গাজীপুরের কালীগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি নানা আয়োজনের পর বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এ.টি.এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আন্দোলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, বৈষম্যের বিরুদ্ধে তরুণ সমাজের এই ত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • উৎসবমুখর পরিবেশে নিয়ামতপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও মিলনমেলা

    নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

    নওগাঁর নিয়ামতপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিয়ামতপুর প্রেসক্লাবের সদস্যদের আয়োজনে বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (১৭ জুলাই) উপজেলার জনপ্রিয় বিনোদন কেন্দ্র ‘সাথী পার্কে’ দিনব্যাপী এ আয়োজনে গণমাধ্যমকর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।
    প্রেসক্লাবের সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই বনভোজনে ছিল নানান আয়োজন। দুপুরের মধ্যাহ্নভোজের পর সাংবাদিকরা ও তাঁদের পরিবারের সদস্যরা এক আনন্দঘন ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে উপজেলার ছাতড়া বিলে মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন।
    সবশেষে ঘুঘুডাঙ্গা তালতলীর নয়নাভিরাম সৌন্দর্য ঘুরে সান্ধ্যকালীন দিনটির আনুষ্ঠানিকতা শেষ করা হয়।
    নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহাজাহান সাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই মিলনমেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রঞ্জিত মিনস সদস্য জাকির হোসেন, এস এম রকিবুল, আব্দুল করিম, তৈয়বুর রহমান, নাজমুল প্রমুখ।
    ব্যক্তিগত ও জরুরি ব্যস্ততার কারণে কমিটির অন্য সদস্যরা বনভোজনে উপস্থিত থাকতে পারেননি।
    আয়োজক সূত্রে জানা গেছে, প্রেসক্লাবের সদস্য সবুজ সরকার চিকিৎসার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন, সহ-সভাপতি রুহুল আমিন শেখ জরুরি দাপ্তরিক কাজে ঢাকায় এবং নির্বাহী সদস্য রেজাউল ইসলাম সেলিম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে বিশ্রামে থাকায় তাঁরা উপস্থিত হতে পারেনি।
    দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সাংবাদিকদের মাঝে কর্মব্যস্ততার ক্লান্তি দূর হয়ে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা সঞ্চারিত হয়েছে বলে অংশগ্রহণকারীরা জানান।