Author: DBC

  • চরভদ্রাসনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত


    চরভদ্রাসন প্রতিনিধি: আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে মঙ্গলবার সকাল ১০টায় এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।

    সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী, সাংবাদিক লিয়াকত আলী লাভলু, আব্দুস সালাম মোল্যা ও মেজবাহ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সারাদেশের ন্যায় চরভদ্রাসন উপজেলাতেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১১ হাজার ৬১০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    লক্ষ্যমাত্রা অর্জনে উপজেলায় মোট ৯৭টি কেন্দ্র স্থাপন করা হবে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে রাতকানা রোগ প্রতিরোধ, স্বাভাবিক শারীরিক বৃদ্ধি নিশ্চিতকরণ, রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব।

    সভায় বক্তারা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং নির্ধারিত বয়সী শিশুদের ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

  • চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জ শহরে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুরে পৌর এলাকার মেডিকেল রোড এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকসংক্রান্ত বিরোধের জের ধরেই এই নৃশংস ঘটনাটি ঘটেছে।

    ​নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বাবুর ছেলে।

    ​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রজব আলীর সাথে দীর্ঘদিন ধরেই তার এক বন্ধুর মাদকসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে মেডিকেল রোড এলাকায় তাদের মধ্যে বিষয়টি নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে অভিযুক্ত বন্ধু নিশান ধারালো অস্ত্র দিয়ে রজব আলীর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন।

    ​স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রজব আলীকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ​ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন বলেন, “আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, মাদককে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    ​এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে আগুন এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে 


    ‎
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া আশপাশের আরও কয়েকটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

    ‎আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত একটি রাজশাহী স্টোর নামক গার্মেন্টস  দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে

    ‎প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের ব্যবসায়ীরা চিৎকার শুরু করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন| খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

    ‎প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন| প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ˆবদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

    ‎চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে| তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। 

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনা রশিদ সাবেক এমপি এবং চাঁপাইনবাবগঞ্জের এক ও তিন নম্বর আসনের এমপি মহোদয় অগ্নিকাণ্ডের পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে সান্ত্বনা দেন, 

    ‎তবে আগুনে চারটি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে এবং কয়েকটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

  • ‎কলমাকান্দায় পাতিমঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাগজে কলমে ছাত্র ছাত্রীর উপস্থিতি ১৫০ থাকলেও বাস্তবে তার উপস্থিতি শূন্য ‎


    নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় পাতিমঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতা মেইনটেইন করে বেতন নিলেও শিক্ষকরা নিয়মিত থাকছে অনুপস্থিতি।সরেজমিনে গিয়ে জানা যায়,নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের পাতিমঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে কার্যত শিক্ষার্থীশূন্য অবস্থায় দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মনগড়া কমিটিকে কেন্দ্র করে স্থানীয় নুর মিয়া নামের এক ব্যক্তি পাতিমঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে উপজেলার নির্বাহী অফিসার বরাবর প্রধান শিক্ষক আছির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায় করেছেন।

    অভিযোগে, তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে শিক্ষকদের নিয়মিত অনুপস্থিতি, দায়িত্বহীনতা এবং পাঠদানে অনীহাই বিদ্যালয়টিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এই বিদ্যালয়ে কাগজে-কলমে শিক্ষার্থী ১৫০ জন, শিক্ষক ৫ জন। কিন্তু বাস্তবের চিত্র ঠিক উল্টো, শ্রেণিকক্ষে থাকে মাত্র তিন চারজন শিক্ষার্থী। এর মধ্যে কোনো কোনো শ্রেণিতে কোনো শিক্ষার্থীই নেই।

    এদিকে অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাচঁ শিক্ষকের মধ্যে ৪ জন উপস্থিত ছিলেন, আর একজন শিক্ষিকা প্রশিক্ষণে। তবে শিক্ষার্থী উপস্থিতি ছিল প্রায় শূন্যের কোটায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর শিক্ষকরা শুধু হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন-ভাতা নিয়ে যাচ্ছেন, কিন্তু নিয়মিত ক্লাস নেই। অনিয়মিত পাঠদান আর অবহেলার কারণে অভিভাবকরা বাধ্য হয়ে তাদের সন্তানদের অন্যত্র স্কুল ও মাদরাসায় ভর্তি করিয়েছেন। তাদের ভাষায়, “স্কুলে শিক্ষক ও পড়াশোনা থাকলে ছাত্রও থাকত।”

    সরেজমিনে গিয়ে জানা গেছে, প্রধান শিক্ষক আছির উদ্দিনের আচরণও তেমন একটা ভালো না। তিনি এনজিওর চাকরি ছেড়ে ১/১/২০১৪ ইং সালে জাতীয়করণের ভিত্তিতে পাতিমঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মো: আছির উদ্দিন।

    এলাকার স্থানীয় অভিভাবকদের ভাষ্য মতে একজন প্রধান শিক্ষকের শিষ্টাচার আচার-আচরণ এত আপত্তিকর খুবই দুঃখজনক! কমিটির কথা বলে রাতের আঁধারে স্বজন প্রীতির মাধ্যমে কাউকে না জানিয়ে কমিটি করা নিয়ে প্রশ্ন উঠেছে প্রধান শিক্ষক আছির উদ্দিনের দিকে। অভিযুক্ত প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি কিছুটা বদলানোর চেষ্টা করছি কিন্তু অভিভাবকদের অনাগ্রহই বড় সমস্যা।

    তিনি জানান, “আমরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের ডেকেছি, চেষ্টা করছি শিক্ষার্থী বাড়াতে।” কিন্তু স্থানীয়দের ভাষ্যমতে, বিদ্যালয়ের এই সংকট নতুন নয়। বছরের পর বছর শিক্ষকরা নিয়ম অনুযায়ী স্কুলে উপস্থিত না থাকায় এবং পাঠদান না করায় আজ এই দুরবস্থা তৈরি হয়েছে। তাদের দাবি, উর্ধতন কতৃপক্ষের নিকট দ্রুত তদন্ত করে দায়িত্বহীন শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিদ্যালয়টি পুরোপুরি অচল হয়ে যাবে অচিরেই।

    ২৪/০৬/২০২৬ ইং

  • ফরিদপুরের সদরপুরে মহিলা কলেজে ২০২৬ সালের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় ও দুআ অনুষ্ঠান অনুষ্ঠিত


    জেলা প্রতিনিধি, ফরিদপুর:
    ২০২৬ সালের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বুধবার (২৪ জুন) সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর মহিলা কলেজের অডিটোরিয়ামে এক বিদায় ও দুআ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. মান্নান হাওলাদার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর মো. ইছহাক মিয়া এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস মোল্লা।

    অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও কল্যাণ কামনা করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ২০২৬ সালের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দুআ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক মোয়াজ্জেম হোসেন। শেষে দেশ, জাতি এবং বিদায়ী পরীক্ষার্থীদের সফলতা ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে চরভদ্রাসনে বিএনপি ও অঙ্গসংগঠনের মৌন মিছিল


    চরভদ্রাসন ফরিদপুর প্রতিনিধি:
    ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মৌন মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

    সোমবার (২৩ জুন) বেলা ১২টার দিকে চরভদ্রাসন উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রশাসনিক এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস (ভিপি বাদশা), উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মনজুরুল হক মৃধা ও রহমত দেওয়ান, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    পথসভায় বক্তারা বলেন, “ফ্যাসিবাদের দোসররা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং অপপ্রচারের মাধ্যমে রাজনীতিকে কলুষিত করার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ তাদের এসব ষড়যন্ত্র সম্পর্কে সচেতন। বাংলার জমিনে ফ্যাসিবাদ ও তার দোসরদের আর কোনো স্থান হবে না।”

    বক্তারা আরও বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

    অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

  • নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

    নোয়াখালী প্রতিনিধি:
    নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কে বালুবাহী পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিকআপেরভ্যানের নিচে চাপা পড়ে কোম্পানীগঞ্জের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। জানা যায় তারা দুজন বন্ধু ছিলো।

    ২৩ জুন (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার দিকে সোনাপুর-কবিরহাট সড়কের বারী পুকুর পাড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
    সড়ক দূর্ঘটনায় নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাশেম ব্যাপারী বাড়ীর কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু(১৬)
    এবং পৌরসভার ৯ নং ওয়ার্ডের গফুর আলী জমাদার বাড়ীর রহমত উল্যাহর ছেলে জিহাদ হোসেন(২০)।

    পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, কবিরহাট সোনাপুর সড়কের বারি পুকুর পাড় এলাকায় একটি দ্রুতগতির বালুবাহী পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেলের চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

    কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নিজাম উদ্দীন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ থানায় নিয়ে আসে। পিক-আপভ্যানের চালক মহিউদ্দিন মাহমুদ ও সালাউদ্দিন দুজনকে আটক করা হয়েছে। আটক দুই চালকের বাড়ি জেলার সদর উপজেলায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলমান রয়েছে।

  • পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মঙ্গলবার (২৩ জুন ) সকাল ১১টায় পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন।

    পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহতা, ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব, শিশু সুরক্ষা এবং আদর্শ নাগরিক হিসেবে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

    তিনি শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া, নৈতিক মূল্যবোধ চর্চা এবং আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। এসময় তিনি সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি শিশুদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে সচেতন থাকারও পরামর্শ দেন।

    শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি একটি নিরাপদ, মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। নতুন প্রজন্মকে মাদকমুক্ত, আইন-সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পুলিশ সুপারের এ উদ্যোগকে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশংসনীয় বলে অভিহিত করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুল হক-এর তত্ত্বাবধানে ডিবির একটি দল গত সোমবার (২২ জুন) রাতে অভিযান পরিচালনা করে। ডিবির এসআই (নিঃ) মো. ফয়সাল হাসান-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সুন্দরপুর ইউনিয়নের বাগচর এলাকার রামকৃষ্ণপুর গ্রামের মমিন মোড় সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালায়। অভিযানের সময় মো. শরীফুল ইসলাম বাবু (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত শরীফুল ইসলাম বাবু সদর উপজেলার চরবাগডাঙ্গা গড়াইপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।

    জেলা পুলিশ কর্মকর্তা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মাদকবিরোধী দিবস উপলক্ষে হামিদুল্লাহ স্কুলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় সদর উপজেলার রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওবায়দুল্লাহ, মো. শফি উদ্দিন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম।

    আলোচনা সভায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই।মাদকাসক্তির কারণে তরুণদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এবং সিগারেটই মাদকাসক্তির প্রথম ধাপ।

    প্রধান অতিথি চৌধুরী ইমরুল হাসান মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি ডোপ টেস্টের গুরুত্ব সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করেন। অনুষ্ঠান শেষে সংগীতশিল্পী বাবলু মাদকবিরোধী গান পরিবেশন করেন এবং শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার আহ্বান জানান।

    এ সময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি ৭ম থেকে ১০ম শ্রেণির প্রথম স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ‘মাদককে না বলুন’ লেখা ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
    পরে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন এবং শপথবাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।