Category: অপরাধ

  • ঘুষ বাণিজ্যে অব্যাহত চট্টগ্রাম বিআরটিএর সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থী

    ঘুষ বাণিজ্যে অব্যাহত চট্টগ্রাম বিআরটিএর সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থী

    স্টাফ রিপোর্টারঃ


    ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন বিআরটিএ অফিসে দুর্নীতির অভিযোগে অনেক কর্মকর্তা-কর্মচারী বদলি হলেও এখনো চট্টগ্রাম জেলা সার্কেলে বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থী।

    ২০২৫ সালের ৭ মে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ অভিযান চালায়। এ সময় রায়হানা আক্তার উর্থীর অফিসেও তল্লাশি করা হয়। সেখানে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিটসহ বিভিন্ন সেবায় ঘুষ গ্রহণের প্রমাণ মেলে।

    সূত্র জানায়, রায়হানা আক্তার উর্থী এর আগে চট্টগ্রাম মেট্রো সার্কেল-১ ও ২ এবং জেলা সার্কেল মিলিয়ে প্রায় ৯ বছর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আবারো চট্টগ্রাম জেলা সার্কেলে কর্মরত।

    অভিযোগ রয়েছে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তিনি সবসময় প্রভাব বিস্তার করে আসছেন। শেখ হাসিনা সরকারের সময় চাকরিতে যোগদানকারী এই কর্মকর্তা আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহলে পরিচিত। চাকরিজীবনের পুরোটা সময় মূলত চট্টগ্রাম ও ঢাকা হেড অফিস ছাড়া অন্য কোথাও বদলি হননি।

    সাবেক যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ মহলের সঙ্গে যোগাযোগ থাকার কারণেই তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ সার্কেলে টিকে থাকতে পেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    সরকার পরিবর্তনের পরও রায়হানা আক্তার উর্থী ঘুষের মাধ্যমে সেবা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। বলা হয়, রেজিস্ট্রেশন ও ফিটনেসের মতো সেবা ঘুষ ছাড়া কোনোভাবে অনুমোদন করা হয় না। তার অফিস কক্ষ সবসময় বন্ধ থাকে এবং দালাল ছাড়া সেখানে প্রবেশ করা যায় না।

    ঘুষের বিনিময়ে মালিক বা যানবাহন উপস্থিত না থাকলেও কাগজপত্রে রেজিস্ট্রেশন বা ফিটনেস সম্পন্ন করে দেওয়া হয়। অথচ সরকারি নিয়ম অনুযায়ী, এসব সেবার সময় মালিক ও যানবাহনের উপস্থিতি বাধ্যতামূলক।

    একজন ভুক্তভোগী জানান, দালাল ছাড়া ফাইল জমা দিলে নানা অজুহাতে তা ফেরত দেওয়া হয়। অথচ দালালের মাধ্যমে ২৫ থেকে ৩০ হাজার টাকা দিলে ত্রুটিপূর্ণ কাগজও অনুমোদন হয়ে যায়।

    এ ছাড়া অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক ছত্রছায়ায় কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। ভুয়া ফিটনেস সনদ, নকল রেজিস্ট্রেশন ছাড়পত্র, সরকারি সিল জালিয়াতি এবং ঘুষ বাণিজ্যের একাধিক প্রমাণও পাওয়া গেছে।

    সম্প্রতি এক জাতীয় দৈনিকের অনুসন্ধানে দেখা যায়, চট্টগ্রাম বিআরটিএ অফিসে ড্রাইভারদের রানার কার্ডে কিছু না লিখেই ফেরত পাঠানো হচ্ছে। পরে দালালরা যাদের নাম রাত্রে লিখে রাখে, তারাই পাশ করছে।

    একজন ভুক্তভোগী বলেন, “প্রতিদিন অসংখ্য ড্রাইভার কেঁদে ফিরে যায় এখান থেকে। টাকা না দিলে দক্ষ চালকরাও ফেল হয়ে যায়, আর টাকা দিলে নামমাত্র পরীক্ষা দিয়েই পাশ।”

    দালালরা প্রতিজন চালকের কাছ থেকে ৩,৫০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত নেয়।

    এভাবে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন রায়হানা আক্তার উর্থী ও তার দালাল চক্র।

    বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তার নামে-বেনামে ঢাকায় রয়েছে একাধিক ফ্ল্যাট ও জমি, এছাড়াও ব্যাংক হিসাবে কোটি কোটি টাকার অপ্রদর্শিত অর্থ মজুদ রয়েছে।

    চট্টগ্রামের সৎ কর্মকর্তা ও সচেতন নাগরিকরা দ্রুত এই কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

    ;

  • চট্টগ্রাম বিআরটিএ অফিসে দুর্নীতির শাসন চালাচ্ছেন আব্দুল মতিন

    চট্টগ্রাম বিআরটিএ অফিসে দুর্নীতির শাসন চালাচ্ছেন আব্দুল মতিন

    স্টাফ রিপোর্টার:

    বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চট্টগ্রাম মেট্রো-২ অফিসের মালিকানা বদল শাখায় অব্যাহত রয়েছে দাপট ও দুর্নীতির রাজত্ব। এখানে সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন সিন্ডিকেটের মাধ্যমে অফিসের যাবতীয় কার্যক্রম এককভাবে নিয়ন্ত্রণ করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মতিন পূর্বে যশোর ও পিরোজপুর বিআরটিএ অফিসেও একই কৌশলে নিজের আধিপত্য বিস্তার করে কোটি কোটি টাকার অনিয়ম করেছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন চট্টগ্রাম অফিসে একই প্যাটার্নে সিন্ডিকেট গড়ে তোলেন এবং দৌরাত্ম্য চালাচ্ছেন। চট্টগ্রামে মোটরযান পরিদর্শকের দায়িত্ব পালনকারী অন্যান্য কর্মকর্তাদের কার্যক্রমও মূলত তার নিয়ন্ত্রণাধীন বলে জানা গেছে।

    ভুক্তভোগীরা জানান, যশোর ও পিরোজপুরে মোটরযান পরিদর্শকের পদ শূন্য থাকায় তিনি নিজেই সকল কাজ দেখাশোনা করতেন, আর কারো মাথায় হাত তোলা হত না। এই সব সুযোগ-সুবিধা তাকে দিয়েছে তার ক্ষমতাধর রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। তার ঘনিষ্ঠ আত্মীয় তথা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এডি হবিগঞ্জ আব্দুর রশিদের নাম তার পেছনে জড়িয়ে রয়েছে। স্থানীয়রা দাবি করেন, এডি হবিগঞ্জই তার ‘ক্লোজ রিলেটিভ’ এবং সেই সম্পর্কের জোরে আব্দুল মতিন এ অবস্থানে রয়েছে।

    সেবা নিতে আসা সাধারণ মানুষ জানায়, এখানে নিয়ম কানুন না মেনেই তাদের বিভিন্ন অজুহাতে হয়রানি করা হয়। কেউ যদি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তাদের হুমকি-ধামকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এছাড়া দুর্নীতির মাধ্যমে নিজের জন্য গড়ে তুলেছেন বহুমূল্য স্থাবর ও অস্থাবর সম্পদ। চাকরি ও বদলির নামে তদবির ব্যবসাও চালাচ্ছেন আব্দুল মতিন, যেখানে ঘুষের বিনিময়ে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে ইচ্ছেমতো বদলি করিয়ে দেন।

    অভিযোগের সত্যতা জানতে চেয়ে মোবাইলে যোগাযোগ করা হলে আব্দুল মতিন বেশ কিছু অভিযোগ স্বীকার করেছেন বলে জানা গেছে।

    চট্টগ্রাম থেকে আমাদের প্রতিবেদক এই বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। আগামী সংখ্যায় আরও বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করা হবে। দুর্নীতিবাজ এই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। কারণ, দীর্ঘদিনের এই অনিয়ম ও দুর্নীতির কারণে সেবা নিতে গিয়ে তারা চরম দুর্ভোগে পড়ছেন।

    চট্টগ্রাম বিআরটিএ অফিসের দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ না নিলে সড়ক পরিবহন ব্যবস্থার স্বচ্ছতা ও সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে।

    ;

  • টাঙ্গাইলে এটিএন বাংলার ক্যামেরা পারসন সুজনকে পিটিয়ে হত্যার চেষ্টা

    টাঙ্গাইলে এটিএন বাংলার ক্যামেরা পারসন সুজনকে পিটিয়ে হত্যার চেষ্টা

    টাঙ্গাইল প্রতিনিধি: 

    টাঙ্গাইলে এটিএন বাংলার ক্যামেরা পারসন সুজন মিয়াকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার চর পাকুল্যা গ্রামে এ ঘটনা ঘটে।
    এ ঘটনায় রাতে আহত সুজন মিয়া টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে জানা যায়, শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার চর পাকুল্যা গ্রামে হাডুডু খেলা খেলা চলছিলো। এসময় সুজন মিয়া খেলার নিউজ কাভার করছিলেন। এক পর্যায়ে খেলার রেফারীর ছেলে রোমান সুজনকে অশ্লীল গালিগালাজ করে।
    সুজন এর প্রতিবাদ করলে রোমান প্রথমে মুখে এলোপাথারী ভাবে কিল ও ঘুষি মারে। পরে আরো কয়েকজন মিলে সুজনকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথারীভাবে শরীরের বিভিন্নস্থানে পিটাতে থাকে। এসময় সুজনের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় টাঙ্গাইল সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেয় সুজন।
    এ ব্যাপারে এটিএন বাংলার ক্যামেরা পারসন সুজন মিয়া বলেন, খেলার নিউজ কাভারের এক পর্যায়ে হঠাৎ করেই আমাকে হত্যার উদ্দেশ্য পিটিয়ে আহত করা হয়েছে। বিষয়টি পূর্ব পরিকল্পিত মনে হয়েছে আমার।
    এক পর্যায়ে আমাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয় তারা। আমি এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। আমি দোষীদের গ্রেপ্তারের দাবি করছি। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

    ;

  • ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন দানবের আগমন, নিয়োগ বাণিজ্য সম্পন্ন করার জন্য (ডিএডি জলিল)

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন দানবের আগমন, নিয়োগ বাণিজ্য সম্পন্ন করার জন্য (ডিএডি জলিল)

    ওয়াহিদ হোসেন: 

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রিফর্ম সেলে উন্নয়নের কথা বলে (মূল পোস্টিং বগুড়া) বগুড়া জেলা খালি রেখে উপসহকারী পরিচালক আ. জলিলকে ঢাকা নিয়ে এসেছেন অধিদপ্তরের গুটিকয়েক অফিসার তাদের স্বার্থ উদ্ধার করার জন্য। কে এই জলিল? তিনি একাধারে দীর্ঘদিন সিনিয়র স্টেশন অফিসার হিসাবে সিদ্দিকবাজারে কর্মরত ছিলেন এবং সাবেক ডিজি আলী আহমদের সাথে তার ঘনিষ্ঠতা ছিল। তার কথা ছাড়া সাবেক ডিজি চলতেন না। সেই সুযোগে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য—এমন কিছু নাই যা সে করেনি।

    সে অধিদপ্তরের প্রশিক্ষণ শাখায় ডিএডি হিসাবে কর্মরত থাকার সময় ৫০ কোটি টাকার হিসাব দিতে না পারায় তাকে বগুড়া বদলি করা হয়। পুরো টাকা তিনি একাই আত্মসাৎ করেন, কোটি কোটি টাকা আয় করে ডলার বানিয়ে তার আমেরিকা প্রবাসী ভাইয়ের নিকট পাঠান, ভাই আবার দেশে পাঠায়। এ ছাড়া সে নিজেকে ব্যাপক বুদ্ধিজীবী মনে করে ফায়ার সার্ভিসকে ধ্বংসের পায়তারা করছে।

    ইতিমধ্যে মহাপরিচালক মহোদয়—যিনি একজন ভদ্রলোক—তাকে কুবুদ্ধি দিয়ে ৪২ কোটি টাকা ফেরত প্রদান করেছেন কোনো কেনাকাটা না করে। ফলে গামবুট, হেলমেট, ডেলিভারি হোজ, ব্রাঞ্চ পাইপের অভাবে ভুগছে স্টেশনগুলো। তিনি কৌশলে বদলি ও তদন্ত কমিটির সদস্য সচিব হয়েছেন। তা ছাড়া সমস্ত দলবাজীর অন্যতম হোতা এই জলিল। দ্রুত গতিতে তাকে অধিদপ্তর থেকে না সরালে যেকোনো মুহূর্তে বিডিআর বিদ্রোহের মতো ঘটনা ঘটতে পারে।

    সমস্ত অফিসার হতবাক—এই দালাল কিভাবে আবার অধিদপ্তরে এল? এ বিষয়ে তাকে ফোন করলে বলেন, “সুযোগ ছিল, টাকা কামাইছি, আপনার সমস্যা কি?”

    পরবর্তীতে থাকবে বিস্তারিত… চলবে।

    ;

  • চানখাঁরপুলের গণহত্যা: ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল

    চানখাঁরপুলের গণহত্যা: ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল

    অনলাইন ডেস্ক: রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ৬ জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বিভাগ।

    রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দাখিল করার মধ্য দিয়ে এ বিচার প্রক্রিয়া শুরু হয়। বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চে এটি দাখিল করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন বিভাগ।

    অভিযুক্তদের মধ্যে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম ও মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। তাদের মধ্যে শেষের চারজন বর্তমানে কারাগারে রয়েছেন, বাকিরা পলাতক রয়েছেন।

    উল্লেখ্য, গত ২০ এপ্রিল এই মামলায় ৮ জনকে অভিযুক্ত করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।;

  • অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা

    অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা

    স্টাফ রিপোর্ট :  খাগড়াছড়িতে বিজু উৎসব থেকে ফেরার পথে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা।

    মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- পিসিপি চবি শাখার সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগ ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিব্যি চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লংঙি ম্রো।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহৃত পাঁচ শিক্ষার্থীর মুক্তির দাবিতে সাধারণ শিক্ষার্থী, প্রগতিশীল ব্যক্তি ও ছাত্রসংগঠন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তোলেন। অবশেষে ব্যাপক জনরোষের মুখে পড়ে অপহরণকারীরা কয়েক দফায় মুক্তি দিয়েছে।

    বিবৃতিতে পিসিপি শিক্ষার্থীদের মুক্তির আন্দোলনে সোচ্চার থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে।

    পাঁচ পাহাড়ি শিক্ষার্থী অপহরণের ঘটনায় শুরু থেকে ইউপিডিএফকে দায়ী করে আসছে জেএসএস–সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপুন ত্রিপুরা। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন ইউপিডিএফের অন্যতম জেলা সংগঠক অংগ্য মারমা।;