Blog

  • লোহাগাড়ায় পুলিশের চার অভিযানে ৬৩ হাজার ৬৮ পিস ইয়াবা জব্দ, দম্পতিসহ গ্রেপ্তার ৬


    লোহাগাড়ার প্রতিনিধি:
    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে পরিচালিত পুলিশের পৃথক চারটি অভিযানে মোট ৬৩ হাজার ৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি দম্পতি, বিলাসবহুল টয়োটা জিপের চালকসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে একটি বিলাসবহুল টয়োটা জিপের বিশেষভাবে তৈরি গোপন চেম্বার তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া পৃথক দুটি অভিযানে একটি মোটরসাইকেলের গিয়ার বক্সের ভেতর এবং এক মাদক পাচারকারীর পেটের ভেতর লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।

    অভিযানে ব্যবহৃত একটি টয়োটা জিপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার রোধে নিয়মিত তল্লাশি, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

  • সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নে এম,এ ওয়াহাব সাধারণ সম্পাদক নির্বাচিত


    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
    সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে এম,এ ওয়াহাব সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের (এ্যাডহক কমিটির) আহ্বায়ক এম,এ ওয়াহাব প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতিমধ্যে ভোটার তালিকা প্রণয়ন সদস্যদের তথ্য হালনাগাদসহ বিভিন্ন নির্বাচনী কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৩০ জুলাই ২০২৬ সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের অন্যান্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির নির্দেশনা অনুযায়ী একটি সুষ্ঠ, নিরপেক্ষ অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্ততি সম্পূর্ণ করা হয়েছে।

    এম,এ ওয়াহাব আরও বলেন, শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী ঐক্যবদ্ধ ও কার্যকর করতে, অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক সদস্যকে সময়মত চাঁদা পরিষদ, তথ্য হালনাগাদ এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সকলের সহযোগিতা সম্প্রীতি ও অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দিতে চাই। শ্রমিকদের ঐক্যই আমাদের শক্তি আর সেই শক্তি আরও সুসংহত করতেই এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

  • শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের অভিযোগের পর উধাও সাব-রেজিস্ট্রার শাহিন আলম

    যশোর প্রতিনিধি:
    যশোরের শার্শা সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি খাস জমি ব্যক্তি মালিকানায় রেজিস্ট্রি, রাজস্ব ফাঁকি এবং দলিল নিবন্ধনে অনিয়মের অভিযোগে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া সাব-রেজিস্ট্রার মো. শাহিন আলমকে গত ২১ জুন ২০২৬-এর পর থেকে জনসমক্ষে দেখা যাচ্ছে না বলে স্থানীয় সূত্রের দাবি। এতে তার বর্তমান অবস্থান, চলমান তদন্তের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

    এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি খাস জমি ব্যক্তি মালিকানায় রেজিস্ট্রি, রাজস্ব ফাঁকি এবং দলিল নিবন্ধনে অনিয়মের অভিযোগ উঠে আসে। অভিযোগের পর নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনায় জেলা রেজিস্ট্রার কার্যালয় মো. শাহিন আলমকে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। একই সঙ্গে অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্তের উদ্যোগ নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    স্থানীয়দের দাবি, দায়িত্ব থেকে অব্যাহতির পর থেকে শাহিন আলমকে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসে আর দেখা যায়নি। তিনি বর্তমানে কোথায় কর্মরত, ছুটিতে রয়েছেন কি না অথবা অন্য কোনো প্রশাসনিক দায়িত্বে যোগ দিয়েছেন কি না—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
    এদিকে অভিযোগের তদন্তের অগ্রগতিও জনসমক্ষে প্রকাশ না হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে এসব আলোচনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

    জেলা রেজিস্ট্রার কার্যালয়, নিবন্ধন অধিদপ্তর এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তদন্তের সর্বশেষ অবস্থা জানার চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

    স্থানীয় সচেতন মহলের মতে, জনস্বার্থসংশ্লিষ্ট এ ঘটনায় তদন্তের অগ্রগতি, অভিযুক্ত কর্মকর্তার প্রশাসনিক অবস্থান এবং অভিযোগের বিষয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থান দ্রুত প্রকাশ করা প্রয়োজন। এতে গুজবের অবসানের পাশাপাশি প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।

    তবে শাহিন আলমের অনুপস্থিতির কারণ রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত, নাকি এটি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ—এ বিষয়ে কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন নয়।

    তথ্যসূত্র: রূপালী বাংলাদেশে প্রকাশিত প্রতিবেদন, স্থানীয় সূত্র এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে প্রাপ্ত তথ্য।

    দৈনিক বাংলাদেশ ক্রাইম নিউজ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার চেষ্টা অব্যাহত রাখবে। বক্তব্য পাওয়া গেলে তা হুবহু ও যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

  • বাংলা একাডেমিতে জুলাই গণ-অভ্যুত্থান কবিতা পাঠ অনুষ্ঠিত

    যাত্রাবাড়ি-ঢাকা প্রতিনিধি:
    জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষ উপলক্ষে বাংলা একাডেমিতে জুলাই গণ্যঅভ্যূথান-২০২৬ স্বরচিত কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে দেশের প্রায় ৯০ জন কবি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও প্রেক্ষাপট নিয়ে নিজেদের লেখা স্বরচিত কবিতা পাঠ করেন।

    সভাপ্রধানের বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, “যে কোনো বড় ধরনের গণ-অভ্যুত্থানে নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ থাকে। চব্বিশের গণ-অভ্যুত্থানও এর ব্যতিক্রম নয়।” তিনি আরও উল্লেখ করেন যে, গণ-অভ্যুত্থান নিয়ে এ ধরনের আয়োজন নিঃসন্দেহে জুলাই আন্দোলন বিষয়ে নানামাত্রিক মূল্যায়নের সুযোগ সৃষ্টি করবে।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ।

  • সুন্দরবন কুরিয়ার পার্সেলে মাদক, ডিএনসির অভিযানে গ্রেপ্তার ১

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লাগামী একটি কুরিয়ার পার্সেলে আমের ক্যারেটের ভেতরে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় ১০০ বোতল এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে শাপলা সিনেমা হলের সামনে চাঁপাইনবাবগঞ্জ কানসাট সড়কের পূর্ব পাশে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এ অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আসমাউল হক ওরফে জুয়েল (২০)। তিনি শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কুমিল্লাগামী একটি কুরিয়ার পার্সেল তল্লাশি করে আমের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আসমাউল হককে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। এ

    ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

  • ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ষান্মাসিক শূরা অধিবেশন অনুষ্ঠিত


    ফরিদপুর প্রতিনিধি:
    বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ষান্মাসিক শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) শহরের গোয়ালচামট এলাকার বাবরি মসজিদ কমপ্লেক্সে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

    জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

    সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ অধিবেশনে জেলা শাখার অধীন ৯টি উপজেলা শাখার দায়িত্বশীলরা জানুয়ারি থেকে জুন ২০২৬ সময়কালের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া সংগঠনের বিগত ছয় মাসের কার্যক্রম মূল্যায়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

    বক্তারা বলেন, ফরিদপুর জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের কাছে খেলাফতের দাওয়াত পৌঁছে দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

    অধিবেশনে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • দিয়াড় মহাবিদ্যালয়ের নতুন রাস্তা ও বাউন্ডারির প্রতিশ্রুতি দিলেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ


    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের দিয়াড় মহাবিদ্যালয়ের জন্য নতুন সংযোগ সড়ক ও বাউন্ডারি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিয়াড় মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক সাদিকুল ইসলাম, অধ্যক্ষ সাজেমান আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রকৌশলী রবিউল আওয়াল, দেবীনগর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস (পলাশ)সহ মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৯৬ সালে এমপিওভুক্ত হলেও মহাবিদ্যালয়টির এখনো নিজস্ব কোনো প্রবেশ সড়ক নেই। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের ইউনিয়ন পরিষদের রাস্তা ব্যবহার করে যাতায়াত করতে হয়, ফলে দীর্ঘদিন ধরে তারা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া কলেজে সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে।

    প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ হারুন বলেন, “আপনারা কলেজের জন্য প্রয়োজনীয় জায়গা নির্ধারণ করুন। আমি দ্রুতই নতুন রাস্তা, বাউন্ডারি নির্মাণসহ মহাবিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ব্যবস্থা করব।”তার এ ঘোষণায় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তারা দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

  • ‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেফতার ‎ ‎


    ‎ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
    ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ নাসিরনগর উপজেলা যুবলীগ নেতা শিবলী চৌধুরীকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।

    ‎আজ বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুরে নাসিরনগর থানার পুলিশ শিবলী চৌধুরীকে  (৪৩) গ্রেফতার করে। 
    ‎নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শিবলী চৌধুরী (৪৩) নাসিরনগর উপজেলা সদরের বাসিন্দা। কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের নেতা।
    ‎তার বিরুদ্ধে নাসিরনগর থানায় বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

    ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। নাসিরনগর থানার  মামলা নং-০২ তারিখ-২/৯/২০২৪ ইং, ধারা -৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪৩৬/৪২৭/৪০৯/ পেনাল কোড তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি আইনের এজাহারভুক্ত আসামী।

    ‎উল্লেখ্য , গত ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার এজাহার ভুক্ত আসামি, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুব লীগের নেতা ছিলেন শিবলী চৌধুরী ।

  • সিলেটে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের ডাকে আগামী ২৫ জুলাই

    বিশ্বনাথ প্রতিনিধি:
    বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা ইউনিয়নের আমতৈল, বৈরাগী ও রামপাশা বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে।

    লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা আমীর এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।

    এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুল মুকসিত আখতার, উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারী মোহাম্মদ আশিকুর রহমান, রামপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মিয়া মোহাম্মদ সাহেদ, ইউনিয়ন জামায়াতের সভাপতি জামায়াত নেতা রজব আলী,মাওলানা আসাব উদ্দিন,তানবির আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    নেতৃবৃন্দ লিফলেট বিতরণের মাধ্যমে সর্বস্তরের জনগণকে আগামী বিভাগীয় সমাবেশে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানান এবং সমাবেশ সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

  • নাচোলে টিসিবির গোডাউনে আগুন নিভাতে গিয়ে মৃত্যু ১

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর এক ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডে নয়ন আলী (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাটবাকইল এলাকায় একটি দ্বিতল ভবনের নিচতলায় থাকা টিসিবির গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    নিহত নয়ন আলী উপজেলার হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এমদাদুল হক জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে উদ্ধার অভিযান চালিয়ে গোডাউনের ভেতর থেকে নয়ন আলীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

    অগ্নিকাণ্ডে প্রায় দেড় লাখ টাকার টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হলেও প্রায় ১০ লাখ টাকার পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, আগুন নেভাতে গিয়ে নয়ন আলীর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।