আশুলিয়া প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. আহসানুল্লাহ সরকার।
অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়া থানাধীন বাইপাইল মৌজার সিএস ও এসএ ৩৩৭, আরএস ৭৮০ এবং বিআরএস ৯২০৭, ৯২১৭, ৯২১৮ ও ৯২০৪ নম্বর দাগে মোট ২৫ শতাংশ জমির বৈধ মালিক মো. আহসানুল্লাহ সরকার। তিনি পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ওই জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগে বলা হয়, জহিদুজ্জামান (৬৫) নামের এক ব্যক্তি অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে উক্ত জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এ সময় অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ৩১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে অভিযুক্তরা জমিতে অনধিকার প্রবেশ করে জহিদুজ্জামানের নাম সম্বলিত একটি সাইনবোর্ড স্থাপন করেন বলে অভিযোগ করেন মো. আহসানুল্লাহ সরকার।
পরদিন ১ জানুয়ারি ২০২৬ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জমিতে গিয়ে ওই সাইনবোর্ড দেখতে পান তিনি। তাঁর দাবি, অভিযুক্ত ও তার সহযোগীরা জোরপূর্বক জমি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে, যা তার জন্য যেকোনো সময় অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে।
অভিযোগকারী আরও জানান, বিষয়টি প্রথমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যদের অবহিত করে সমাধানের চেষ্টা করা হয়। তবে কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত তিনি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত জহিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কয়েকজন মিলে ৬ দশমিক ২৫ শতাংশ জমি ক্রয় করেছি এবং ওই জমির খাজনা ও খারিজ সম্পন্ন রয়েছে। যদি তার কোনো আপত্তি থাকে, তাহলে কাগজপত্র নিয়ে আমাদের সঙ্গে বসলে বিষয়টি পরিষ্কার হবে।
এ প্রসঙ্গে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Blog
-

আশুলিয়ায় জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
-

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন
আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।
বিকেল সাড়ে তিনটার দিকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী গাড়িবহরসহ জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।এ সময় প্রধান বিচারপতির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি রেজাউল হক, ফারাহ মাহবুব ও এস এম এমদাদুল হক। জাতীয় স্মৃতিসৌধে তাদের আগমন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এবং ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান।
প্রধান বিচারপতির আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে দুপুর থেকে সাময়িকভাবে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়। তবে মাননীয় প্রধান বিচারপতি স্মৃতিসৌধ ত্যাগ করার পর পুনরায় দর্শনার্থীদের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। -

সাভারে ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি
ঢাকার সাভারে অভিযান চালিয়ে ডাকাত ও ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম।
তিনি জানান, এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানাধীন সিআরপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকা জেলার ধামরাই থানার কুরুঙ্গী এলাকার ফজল মিয়ার ছেলে সুজন মিয়া, সাভার থানার চাপাইন এলাকার আঃ রহিমের ছেলে আসলাম (৩৮), সাভার থানার সিআরপি এলাকার নাছির খান বিহারীর ছেলে সুজন খান বিহারী (৩৭) এবং মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গাউদ্দা এলাকার মো. বাবুলের ছেলে শাহীন (২১)। শাহীন বর্তমানে সাভারের সিআরপি এলাকায় বসবাস করছিলেন।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—তারা মূলত সাভার, ধামরাই ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত ছিল।
এছাড়া গ্রেপ্তার আসামিদের পিসিপিআর (পুলিশ ক্রাইম প্রোফাইল রিপোর্ট) পর্যালোচনায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানান ডিবি পুলিশের কর্মকর্তারা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। -

ধামরাইয়ে পুকুরে ডুবে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু
আলমাস হোসাইন (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার ধামরাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে সন্ধ্যা রানী পাল (৬৫) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) সকালে সন্ধ্যা রানী পাল বাড়ি থেকে নিখোঁজ হন। দীর্ঘ সময়েও তার সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি সবাইকে জানান।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহতের স্বজনরা জানান, সন্ধ্যা রানী পাল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, সবার অগোচরে পুকুরপাড়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান। সাঁতার না জানার কারণে তিনি আর উঠে আসতে পারেননি।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক সুরতহাল শেষে ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। -

ছাত্র হত্যাকাণ্ডে জড়িত ‘মাছ ব্যবসায়ী’ আওয়ামী লীগ নেতা ফারুক গ্রেপ্তার
আত্মগোপনে থেকেও চলছিল প্রভাব ও সিন্ডিকেট
আলমাস হোসাইন : ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি চালিয়ে এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম পলাতক আসামি, আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য মোঃ ফারুক হোসেন (৫০)কে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি নেপথ্যে সক্রিয় ছিলেন বলে অভিযোগ উঠেছে।
গ্রেপ্তারকৃত ফারুক হোসেন ঢাকা জেলার আশুলিয়া থানার ঘুঘুদিয়া গ্রামের আকত আলীর ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাছ ব্যবসাকে আড়াল করে আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। এই সিন্ডিকেটের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ ও সম্পদের মালিক বনে যান তিনি—যা নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সাভার নিউমার্কেটের সামনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাইয়ুমকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৩১ নম্বর আসামি ছিলেন ফারুক হোসেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পরপরই তিনি আত্মগোপনে চলে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।
সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র-জনতার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও দুটি মামলা রয়েছে।
স্থানীয়দের দাবি, ফারুক হোসেন গ্রেপ্তার হওয়ায় এলাকায় দীর্ঘদিনের ভয় ও দাপটের অবসান ঘটবে। তবে তার সঙ্গে জড়িত সহযোগী ও অর্থের উৎস তদন্তের আওতায় না এলে প্রকৃত সত্য উন্মোচন হবে না বলে মনে করছেন সচেতন মহল।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর পাশাপাশি তার অপরাধ নেটওয়ার্ক ও অবৈধ সম্পদের উৎস খতিয়ে দেখা হচ্ছে। -

দীর্ঘদিনের চাঁদাবাজি ও বিশৃঙ্খলার অবসান: আশুলিয়ায় অটোরিকশা চলাচলে নতুন শৃঙ্খলা ব্যবস্থা
আলমাস হোসাইন (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ার ডিইপিজেড–ভাদাইল আঞ্চলিক সড়কে দীর্ঘদিন ধরে চলে আসা চাঁদাবাজি ও যান চলাচলের বিশৃঙ্খলার বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছেন অটোরিকশা মালিকরা। যানজট নিয়ন্ত্রণ, যাত্রী দুর্ভোগ লাঘব এবং অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে নিজেদের উদ্যোগে নিরাপত্তা প্রহরী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মো. ইসরাফিল হোসেনের নেতৃত্বে ক্লাবের সদস্য ও এলাকাবাসী সম্মিলিতভাবে সড়কের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখেন। ওই সময় ফুটপাত দখলমুক্ত করা হয়, অটোরিকশাগুলো নির্দিষ্ট লাইনে দাঁড় করানো হয় এবং যাত্রীদের সুবিধার্থে নির্মাণ করা হয় দুটি যাত্রী ছাউনি। এসব উদ্যোগের ফলে দীর্ঘদিনের ভয়াবহ যানজট অনেকটাই নিরসন হয় এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসে।
অটোরিকশা মালিকদের অভিযোগ, এর আগে এই সড়কে চলাচলকারী প্রতিটি অটোরিকশা থেকে মাসিক তিন থেকে চার হাজার টাকা করে চাঁদা আদায় করা হতো। এতে প্রতি মাসে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা চাঁদাবাজি করত পতিত সরকারের অনুসারী একটি প্রভাবশালী চক্র। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অটোরিকশা চলাচলে বাধা দেওয়া, হুমকি প্রদান এমনকি মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা।
অটোরিকশা চালক মো. সাইফুল ইসলাম বলেন,
আগে প্রতিটি গাড়ি থেকে তিন–চার হাজার টাকা করে চাঁদা দিতে বাধ্য করা হতো। এখন আর সেই অন্যায় মেনে নেব না। আমরা সবাই মিলে মাসে তিনশ টাকা করে দিয়ে নিরাপত্তা প্রহরী রাখার সিদ্ধান্ত নিয়েছি।
ভাদাইল অটোরিকশা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জানান,
“আওয়ামী লীগের আমলে আমরা দীর্ঘদিন চাঁদাবাজির শিকার হয়েছি। এখন আর সেই অন্যায় সহ্য করব না। ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের সভাপতির সঙ্গে আলোচনা করেই নিরাপত্তা প্রহরী নিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলাকাবাসীও অটোরিকশা মালিকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা ইয়ার হোসেন বলেন,
অটোরিকশা মালিক ও এলাকাবাসীর এই ঐক্য যদি টিকে থাকে, তাহলে শুধু যানজটই নয়—দীর্ঘদিনের চাঁদাবাজির সংস্কৃতিও বন্ধ হবে। ডিইপিজেড–ভাদাইল সড়কে স্থায়ীভাবে ফিরবে শৃঙ্খলা ও স্বস্তি।
ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মো. ইসরাফিল হোসেন বলেন,
প্রায় দুই মাস ধরে আমরা যানজট নিরসনে কাজ করছি। একসময় পাঁচ মিনিটের পথ পার হতে এক থেকে দেড় ঘণ্টা লেগে যেত। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছিল। অটোরিকশাগুলো কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না।
তিনি আরও বলেন,
এলাকাবাসী ও ক্লাবের সদস্যদের সহযোগিতায় ফুটপাত দখলমুক্ত করা হয়েছে, অটোরিকশাগুলো লাইনে দাঁড় করানো হয়েছে এবং যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে। কিন্তু আগের মতো তিন থেকে চার হাজার টাকা করে চাঁদা আদায়ের উদ্দেশ্যে নতুন করে একটি চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা কোনোভাবেই সেই অপচেষ্টা সফল হতে দেব না। -

ডিবির অভিযানে সাভারে ডাকাত দলের পাঁচ সদস্য আটক
আলমাস হোসাইন : ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ধারালো অস্ত্রসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সাভারের পাকিজা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার পুতাজিয়া এলাকার মোঃ আনিস শেখের ছেলে রাজিব (৩০),
গোপালগঞ্জ সদর থানার কংশুর এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে রবিউল মিয়া (৩৫),
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বনগাঁও এলাকার মোঃ জালাল মিয়ার ছেলে পাভেল (২৮),
মানিকগঞ্জ সদর থানার নারী খুলি এলাকার ঈমান বেপারীর ছেলে আবুল বাশার (৩৬) এবং
গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার জাপর এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মনির হোসেন (২৮)।
ডিবি পুলিশের তথ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয় সদস্য। চক্রটি মূলত সাভার, ধামরাই ও আশুলিয়া এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত।
এছাড়া গ্রেপ্তার আসামিদের পিসিপিআর (Police Criminal Profile Record) পর্যালোচনায় দেখা যায়, রাজিব, আবুল বাশার ও মনির হোসেনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসংক্রান্ত একাধিক মামলা বিভিন্ন থানায় বিচারাধীন রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে গোয়েন্দা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। -

শরিফ উসমান হাদী হত্যার বিচারের দাবিতে সাভারে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
আলমাস হোসাইন (ঢাকা) প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদী হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে প্রতিবাদী জনতা।
শুক্রবার জুমার নামাজ শেষে সাভার এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি সাভার মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে ঢাকা–আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ ইয়ামিন চত্বরে এসে সমাবেশ ও মহাসড়ক অবরোধের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
প্রতিবাদী জনতা বলেন, শরিফ উসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক আসামিদের দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, ভয়ভীতি ও হুমকি দিয়ে ছাত্রজনতার ন্যায্য আন্দোলন দমন করা যাবে না।
এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
-

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
আলমাস হোসাইন (ঢাকা) প্রতিনিধি
আগামীকাল মহান বিজয় দিবস। এদিন মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নামবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে।
দিবসটি ঘিরে সৌন্দর্যবর্ধন, সংস্কার ও নিরাপত্তাসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নতুন রূপে সেজে উঠেছে স্মৃতিসৌধ এলাকা। একই সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর পর্যায়ক্রমে অন্যান্য উপদেষ্টা, কূটনৈতিক, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। দিনভর সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনে মুখর থাকবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ১০৮ একর আয়তনের জাতীয় স্মৃতিসৌধ এলাকাজুড়ে মাসব্যাপী সৌন্দর্যবর্ধন কার্যক্রম চালানো হয়েছে। অর্ধশতাধিক কর্মীর নিরলস পরিশ্রমে নতুন করে রং করা হয়েছে স্মৃতিসৌধের সাতটি মিনার, পুষ্পবেদী, গণসমাধী ও কৃত্রিম হ্রদ। বাহারি ফুল ও বর্ণিল সাজে সৌধ চত্বর পেয়েছে নতুন নান্দনিক রূপ। একই সঙ্গে শেষ হয়েছে আলোকসজ্জার কাজ।
সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ও জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শক আনোয়ার খান আনু বলেন, সৌন্দর্যবর্ধন, সিসি ক্যামেরা স্থাপনসহ সব ধরনের প্রস্তুতি শতভাগ সম্পন্ন করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে আগামীকাল থেকে জাতীয় স্মৃতিসৌধ পুনরায় উন্মুক্ত থাকবে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করীম মল্লিক বলেন, বিজয় দিবসে আগত সাধারণ দর্শনার্থীসহ দেশের গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকে প্রায় চার হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। শান্তিপূর্ণভাবে দিবসটি উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।
-

আশুলিয়া থানা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন, সভাপতি সানোয়ার ও সম্পাদক ইসমাইল
আলমাস হোসাইন (ঢাকা) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর শাখার আওতাধীন আশুলিয়া থানা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো. সানোয়ার হোসেনকে সভাপতি এবং মো. ইসমাইল হাবিবকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের যৌথ স্বাক্ষরে এ কমিটি প্রকাশ করা হয়। অনুমোদিত আংশিক কমিটিতে বিভিন্ন পদে মোট ১১৬ জন নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে আশুলিয়া থানায় ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও বিস্তৃত হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর নবনির্বাচিত সভাপতি মো. সানোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হাবিব কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং ছাত্রসমাজের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।