Blog


  • চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    সবুজে গড়ি পরিবেশ, সুন্দর হোক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। এর অংশ হিসেবে রোববার (২৮ জুন) সকাল ১১ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ব্র্যাক সূত্রে জানা যায়, এ বছর জেলায় ব্র্যাক পরিচালিত ৬৩টি প্রাইমারি স্কুল এবং ১০০টি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ১৩ হাজার ৪৮৪টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে।

    এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবীরের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার রাজ কেশর রায়।

    বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফেরদৌস হোসেন তালুকদার, জেলা প্রতিনিধি মোছা. মোমেনা খাতুন, উপজেলা ব্যবস্থাপক এস. এম. রফিকুল ইসলাম এবং কর্মসূচি সংগঠক মো. সাইফুল ইসলাম। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে এবং ভবিষ্যতে সবুজ বাংলাদেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

  • নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা

    নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা। রবিবার সকাল ৯টায় দুর্গাপুরে ফুটবলপ্রেমীরা প্রতীকীভাবে মাদককে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।এদিকে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে ফুটবলপ্রেমীদের নিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। রবিবার সকাল ৯টায় দুর্গাপুর সাংবাদিক সমিতি কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে ফুটবলপ্রেমীরা শপথ গ্রহণের পাশাপাশি প্রতীকীভাবে মাদককে ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।

    এসময় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহীনুর ইসলাম তালুকদার। তিনি বলেন, ‘ফুটবলে লাল কার্ড যেমন মাঠ থেকে বহিষ্কারের প্রতীক, তেমনি সমাজ থেকেও মাদককে চিরতরে বহিষ্কার করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক বিকাশই ঘটায় না, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলে। মাঠের এই লাল কার্ড যেন সবার মনে মাদকের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধ গড়ে তোলে। পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ।’

    এদিকে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, ‘মাদক একটি জাতিকে রুগ্ন ও মেধাশূন্য করে দেয়। শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতাই পারে এই ব্যাধি দূর করতে। এ লক্ষ্যে আমরা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি।

    ফুটবলপ্রেমীদের মাধ্যমে প্রতীকীভাবে মাদককে লাল কার্ড দেখানো হয়েছে। সবাই সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুললে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এসময় উক্ত অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

  • সদরপুরে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

    ফরিদপুর প্রতিনিধি:
    আজ ২৮ জুন ২০২৬, রবিবার, দুপুরে স্থানীয় অর্থনীতি, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়নে আধুনিক ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় নিয়ে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি পরিকল্পিত ও আধুনিক হাট-বাজার শুধু ব্যবসা-বাণিজ্যের প্রসারই ঘটায় না, বরং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করে এবং কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ কামনা করেন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু এবং সদস্য সচিব তারিকুল ইসলাম কবির মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। নতুন এ হাট-বাজার স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।

  • সিরাজগঞ্জে বিধবা নারীর ঘরে মসজিদের ইমাম আটক এলাকা জুড়ে সমালোচনার ঝড়


    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক নারীর ঘর থেকে একটি মসজিদের ইমামকে আটকের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের (টাঙ্গাইলপাড়া) ইমাম মো. সেলিমকে মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের ঘরে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী সেখানে গিয়ে তাঁকে আটক করেন বলে অভিযোগ ওঠে।

    এলাকাবাসী ও মসজিদের কয়েকজন মুসল্লির দাবি, মো. সেলিম প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এমন ঘটনায় তাঁরা বিস্ময় ও হতাশা প্রকাশ করেন।

    স্থানীয়দের ভাষ্য, শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকেই ইমাম সেলিমের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে এলাকায় বিভিন্ন আলোচনা চলছিল।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. সেলিম বলেন, শানু বেগম “গত প্রায় দেড় মাস ধরে আমার সাথে মোবাইল ফোনে বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করে আসছিল। পরে শনিবার রাতে আমি তাঁর বাসায় গেলে স্থানীয় লোকজন এসে আমাকে আটক করেন।”

    অন্যদিকে শানু বেগম বলেন, “আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। আমারা একেঅপরের ভালোবাসি, আমি তাঁকে বিয়ে করতে চাই।”

    এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত নই। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

    ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনার চেয়ে
    সমালোচনার সৃষ্টি হয়েছে বেশি। তবে এ ঘটনা লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি এবং পুলিশও কাউকে গ্রেপ্তার করেনি।

  • আফ্রিকার মোজাম্বিক প্রবাসী যুবদল নেতা ইলিয়াছকে লোহাগাড়ায় সংবর্ধনা


    লোহাগাড়ার প্রতিনিধি:
    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সন্তান, আফ্রিকার মোজাম্বিক প্রবাসী যুবদল নেতা মো. ইলিয়াছ দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    শনিবার (২৭ জুন) রাতে উপজেলার একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু।

    এসময় তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দেশের বাইরে থেকেও তারা নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে অবদান রাখছেন। মোজাম্বিক প্রবাসী যুবদল নেতা মো. ইলিয়াছের মতো তরুণরা প্রবাসে থেকেও দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের পরিচয় দিচ্ছেন।

    তিনি আরও বলেন, সংগঠনের প্রতি আনুগত্য, মানুষের কল্যাণে কাজ করা এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ভূমিকা রাখতে হবে। তিনি মো. ইলিয়াছের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তাজউদ্দিন আল নাজের ও মোরশেদ আলম।

    এসময় আরও উপস্থিত ছিলেন পুটিবিলা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির জয়, যুগ্ম আহ্বায়ক সাইমুন সেলিম, ছাত্রদল নেতা সাকিব আল হাসান, যুবদল নেতা আবু ছিদ্দিক, মোজাহেরুল হক, কুতুব উদ্দিন সওদাগর, আব্দুল মোনাফ, লিয়াকত হাফেজ আহমদ সওদাগর, পুটিবিলা ইউনিয়ন যুবদল নেতা নুরুল আমিন, মো. পিয়ারু ও আব্দুল আজিজসহ অনেকে।

    অনুষ্ঠানে বক্তারা প্রবাসী যুবদল নেতা মো. ইলিয়াছের সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার আগামীর সফলতা কামনা করেন।

  • রামগড়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি আটক

    খাগড়াছড়ি প্রতিনিধি:
    খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া এলাকায় এক মাদ্রাসায় সপ্তম শ্রেণির (১৩) পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ওমর ফারুক (৪৫)-কে আটক করেছে পুলিশ।

    ভুক্তভোগীর পরিবারের অভিযোগে জানা যায়, শুক্রবার (২৬ জুন) দুপুরে মেয়েটি তার নানাবাড়ির রান্নাঘরে একা রান্না-বান্না কাজ করছিল। তখন অভিযুক্ত ব্যক্তি জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিবেশী ওমর ফারুক রান্নাঘরে প্রবেশ করে প্রথমে তাকে কুপ্রস্তাব দেন।

    কুপ্রস্তাব রাজি না হওয়া তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন এবং টানাহেঁচড়ার করেন। একপর্যায়ে ভুক্তভোগীর পরনের কাপড় ছিঁড়ে ফেলে । ঘটনা সময় মেয়েটির চিৎকার করলে ঘটনাস্থল থেকে পালিয়ে দ্রুত পালিয়ে যায়।

    ভুক্তভোগীর আত্মীয় মইন জানান, অভিযুক্ত ব্যক্তির মেয়ে সহপাঠী। ঘটনার সময় ভুক্তভোগীর নানি পাশের জলাশয়ে মাছ ধরছিলেন এবং পরিবারের অন্য সদস্যরা আত্মীয়ের বাড়িতে ছিলেন। এ সুযোগে মেয়েটিকে একা পেয়ে চেষ্টা করেন।

    এই ঘটনা শুক্রবার রাতেই ভুক্তভোগীর মামা বাদী হয়ে রামগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে শনিবার সন্ধ্যায় দিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে । প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান।

  • লোহাগাড়ায় পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিল দ্বিগুণ বিল আসার অভিযোগ


    লোহাগাড়ার প্রতিনিধি:
    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পল্লী বিদ্যুতের অস্বাভাবিক ও অতিরিক্ত বিদ্যুৎ বিল, যা স্থানীয়দের ভাষায় ‘ভূতুড়ে বিল’ নামে পরিচিত, তা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক।

    চলতি মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য গ্রাহকের হাতে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল পৌঁছেছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুতের ব্যবহার আগের মতোই থাকলেও হঠাৎ করেই কয়েক হাজার থেকে শুরু করে অনেক টাকা পর্যন্ত বিল এসেছে।

    আমিরাবাদ ইউনিয়ন এলাকার পল্লী বিদ্যুৎ গ্রাহক রাকেশ শর্মা বলেন, গত মাসে তাঁর বাড়িতে বিল এসেছিল ১ হাজার ২৬৮ টাকা। কিন্তু চলতি মাসে বিদ্যুতের অতিরিক্ত বিলের কপি হাতে পেয়ে তিনি অবাক। সেখানে বিল দেখা যায় ২ হাজার ৮৫৪ টাকা। এটি কীভাবে সম্ভব, তা বুঝতে পারছেন না বলে জানান রাকেশ শর্মা। তিনি আরও বলেন, অভিযোগ দিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি।

    গৃহিণী হাফছা বেগম জানান, তাঁরা ভাড়া বাসায় থাকেন। গত মাসের বিলে এসেছিল ৭০০ টাকা। কিন্তু এই মাসে বিলের কপি হাতে পেয়ে দেখেন ১ হাজার ৬০০ টাকা, যা গতবারের তুলনায় দ্বিগুণেরও বেশি বলে অভিযোগ করেন হাফছা বেগম।

    ওসমান গনি নামের এক গ্রাহক জানান, তাঁর গত মাসের বিলে এসেছিল ১ হাজার ৭০০ টাকা। চলতি মাসের বিলের কপি হাতে পেয়ে দেখেন ২ হাজার ৯৯০ টাকা। সংসারের খরচ চালাতেই হিমশিম খেতে হচ্ছে, তার ওপর অতিরিক্ত বিলের চাপে পড়েছেন বলে জানান ওসমান গনি।
    লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম হোসাইন মেহেদী জানান, গত মাসের তুলনায় চলতি মাসের বিলের কপিতে দ্বিগুণ বিল এসেছে। এই অতিরিক্ত বিল দেখে তিনি হতবাক হয়েছেন বলে জানান।

    একাধিক গ্রাহক জানিয়েছেন, মাসে যেখানে এক থেকে দুই হাজার টাকার মধ্যে বিল পরিশোধ করতেন, সেখানে এবার পাঁচ, সাত কিংবা দশ হাজার টাকারও বেশি বিল এসেছে। এমন পরিস্থিতিতে পরিবার চালানোর পাশাপাশি বিদ্যুতের অতিরিক্ত বিল পরিশোধ করা তাঁদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

    ভুক্তভোগীদের অভিযোগ, বিল সংশোধনের আবেদন নিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে গেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় অভিযোগ গ্রহণ করা হলেও দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ফলে একদিকে অতিরিক্ত বিলের চাপ, অন্যদিকে অফিসে বারবার যাতায়াত—দুই দিক থেকেই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকেরা।

    এ বিষয়ে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যান

  • ফুলবাড়িয়া নগর প্লাজা-২ মার্কেটঃ জামায়াত নেতা সুমন গংদের দখলে

    ফুলবাড়িয়া প্রতিনিধি:
    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ ব্লক বি নগর প্লাজায় কাজ করতে পারছে না জেলা সমবায় কার্যালয় ঢাকার নিয়োগকৃত অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি। ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ ব্লক বি নগর প্লাজা মার্কেটটি এখন যেন অভিভাবকহীন হয়ে পড়েছে।

    নেই কোনো পরিচালনা কমিটি। যে যার মতো নিজেদের মনে করে ব্যবহার করছে মার্কেটটি। রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া এলকায় অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ ব্লক-এ সিটি প্লাজা, ব্ল-বি নগর প্লাজা ও ব্লক-সি জাকের সুপার মার্কেট। সিটি প্লাজা ও জাকের সুপার মার্কেট পরিচালিত হয় শ্রম অধিদপ্তরের আওতায় নির্বাচিত কমিটি দ্বারা। মার্কেট দু’টির কমিটি অনেক বছর আগেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সাধারণ দোকান মালিক ও ব্যবসায়ীরা নির্বাচিত কমিটির দাবি জানালেও মেয়াদ উত্তীর্ণ কমিটি ও বিভাগীয় শ্রম দপ্তর, ঢাকা এ ব্যাপারে কার্যকরী কোনো ভূমিকা পালন করছে না।

    নগর প্লাজা মার্কেটটি পরিচালিত হয় সমবায় অধিদপ্তর এর আওতায় নগর প্লাজা ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ ব্লক-বি দোকান মালিক সমবায় সমিতি লি. (রেজি নং ৩০৪ তারিখ-০৩-০৯-১৯৮২) দ্বারা দোকান মালিক সমবায় সমিতির সদস্যদের কোন প্রকার অংশগ্রহণ ছাড়াই আওয়ামী সরকারের প্রভাবে সাজানো নির্বাচনের কমিটি ১৮ বছর ধরে মার্কেটটি পরিচালনা করে আসছে। এ ব‍্যাপারে দোকান মালিক ও ব্যবসায়ীরা বার বার প্রতিবাদ জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

    সমিতির সদস্যদের আবেদন ও আদালতে নির্দেশনা নিষ্পত্তিতে সমবায় আইন অনুযায়ী জেলা সমবায় কার্যালয়, ঢাকা সমিতির দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও সদস্যদের অংশগ্রহণে অতি দ্রুত নির্বাচন কার্যক্রম গ্রহণ করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করার জন্য ৫ সদস্যের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিযোগ প্রদান করে। কমিটির সদস্যরা দায়িত্বভার গ্রহণ করার জন্য সমিতির অফিসে গেলে মেয়াদ উত্তীর্ন কমিটির লোকজন মো. সুমন, হানিফ বাচ্চু, আলমগীর হোসেন, ফারুক হোসেন সরকার, নাছিম, আবুল হাসান, আ. আউয়াল, আলী হোসাইন দেওয়ান অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে মারমুখী আচরণ করেন বলে জানা গেছে।

    এ ব্যপারে মেট্রো থানা সমবায় অফিস রমনা, ঢাকায় যোগাযোগ করে জানা যায়, একটি প্রভাবশালী মহল আওয়ামী সরকারের গোপন নির্দেশনায় ১৯৮২ সালে গঠিত সমিতির বদলে একটি নতুন সমিতি গঠন করে মার্কেট-সমিতি দখলে রাখার অপচেষ্টা করছে। সাধারণ দোকান মালিকরা বলছেন, ১৯৮২ সালে গঠিত সমিতি থাকা অবস্থায়, কিভাবে জেলা সমবায় কার্যালয়, ঢাকা আরেকটি সমিতি নিবন্ধন দেয়ার আয়োজন করে। এতে যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

    মার্কেট সমিতির স্বাভাবিক কার্যক্রমসহ অতিদ্রুত নির্বাচন কার্যক্রম গ্রহণ করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করার ব্যাপারে প্রশাসন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতা কামনা করছেন সরকার নিয়োজিত অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দোকান মালিক ব্যবসায়ীরা।

    নাম প্রকাশ না করার শর্তে নগরপ্লাজা মার্কেটের এক ব্যবসায়ী বলেন, যে মার্কেটের বর্তমানে বিদ্যুৎ বিল, ওয়াসা বিল, সিকিউরিটি বিল, ময়লা পরিস্কারের বিল উত্তোলনে সংশ্লিষ্ট যারা আছেন তারা কেউ মার্কেটের দোকান মালিক না। তারা আগের কমিটির নাম ব্যবহার করে সম্পূর্ণ নিয়মবহির্ভূত ভাবে অতিরিক্ত বিল আদায় করছে যা এক প্রকার নীরব চাঁদাবাজি।

    আরেকজন দোকান মালিক বলেন, এখন যারা আছেন তারা জোরপূর্বক মার্কেট দখল করে দোকানের সামনে, করিডোরে, ফাঁকা জায়গায় অবৈধভাবে অস্থায়ী দোকানপাট বসিয়ে মূল দোকানের মালিকদের ব্যবসার ক্ষতি করছেন। প্রতিবাদ করতে গেলে নিজেদের জামায়াত নেতা বলে পরিচয় দেন এবং বিভিন্ন রকমের হুমকি-ধমকি দেয়।

  • বাজারে চালসহ সব দ্রব্যের মূল্য স্থিতিশীল : খাদ্য প্রতিমন্ত্রী


    ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

    বাজারে চালসহ সব ধরনের দ্রব্যের মূল্য স্থিতিশীল বলে জানিয়েছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী।

    শনিবার (২৭ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়নের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে বলে সংসদে আলোচনায় উঠে এসেছে।

    জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন খাদ্য প্রতিমন্ত্রী। তার মতে, প্রস্তাবিত বাজেট দেশের টেকসই উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করার পথ সুগম করবে।

    প্রতিমন্ত্রী বলেন, আগে ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। এটাকে ঠিক করা হচ্ছে। জ্বালানি নিয়ে সংকটে ছিলাম। এই জন্য দীর্ঘ মেয়াদী সংরক্ষণে নজর দিয়েছি। গ্রামীণ অর্থনীতি চাঙা করা হয়েছে। গ্রামীণ অর্থনীতি যত দৃঢ় হবে ততোই মূল্যস্ফীতি কমবে। বর্তমানে দ্রব্যমূল্য স্থিতিশীল। হঠাৎ করে বলা হলো চালের দাম বেড়ে গেছে। আমরা বাজারে দেখলাম চালের দাম স্থিতিশীল।

    তিনি আরও বলেন, দেশে আঙ্গুর, স্ট্রবেরি, অ্যাভোকাডো চাষ হচ্ছে। মানুষকে কাজ করার সুযোগ দিলে দেশ আরও উন্নত হবে।

    সুশাসন প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বারী বলেন, কথা আসছে সুশাসন নিয়ে। সব নিয়োগ পদায়নে সততা দক্ষতা মেধার ওপরে গুরুত্ব দেেয়া হচ্ছে। মেধাবী সৎ দক্ষ প্রশাসন ছাড়া এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। ১৭ বছর প্রশাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এটা থেকে উত্তরণে আমরা কাজ করছি। বাজেটের একটা টাকাও যেন অপচয় না হয় সেই বিষয়ে দেখা হচ্ছে। বাজেটের টাকা সঠিকভাবে ব্যবহার হলে কর্মসংস্থান ও দেশে আয় বাড়বে। এর ফলে আমরা উন্নত দেশের দিকে এগিয়ে যেতে পারবো।

  • পাটিখালঘাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সানাউল হক মিলন


    ঝালকাঠি প্রতিনিধি
    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ২নং পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

    বিভিন্ন অনানুষ্ঠানিক জরিপ, জনমত এবং স্থানীয়দের আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত নাম হচ্ছে মো. সানাউল হক মিলন।

    দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার ফলে এলাকায় তার একটি শক্ত অবস্থান গড়ে উঠেছে।

    বর্তমানে তিনি কাঁঠালিয়া উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় রাজনৈতিক ভূমিকা রেখে চলেছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, একজন সফল ব্যক্তি হিসেবে সানাউল হক মিলন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

    এলাকার উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ততা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

    যদিও এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি এবং তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি, তবুও ২নং পাটিখালঘাটা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মুখে মুখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নামই ঘুরছে।

    স্থানীয়দের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মো. সানাউল হক মিলন ইতোমধ্যে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যা আসন্ন নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে।