
আশুলিয়া প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাকির হোসেন (৩৯) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে আশুলিয়ার পাবনাটেক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করলে ভুক্তভোগী তা দিতে অস্বীকৃতি জানান। এর জেরে হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। হামলার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগীর অভিযোগ, দেলোয়ার ফরাজীর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত দেলোয়ার ফরাজী (পিতা: সিরাজ ফরাজী) পাবনাটেক এলাকায় নিজেকে একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আহত ব্যবসায়ী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।