আশুলিয়ায় আসামি গ্রেপ্তারকালে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, এসআই আহত

Written by

in

আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় মামলার আসামি গ্রেপ্তারের সময় পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় আশুলিয়া থানার এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।
আহত পুলিশ সদস্যের নাম এসআই মনিরুল ইসলাম। তিনি আশুলিয়া থানায় কর্মরত।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মনিরুল ইসলাম একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে রাত সাড়ে ৯টার দিকে গোমাইল বাংলাবাজার এলাকায় অভিযানে যান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা প্রদান করছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন,
আমি ঘটনাস্থলে এসে বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছি। পুলিশের ওপর হামলার ঘটনা অত্যন্ত গুরুতর। কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
পুলিশের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *