
আলমাস হোসাইন (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তাঞ্জিলা বেগম (৩৫) নামে এক নারী পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ট্রাক ও এর চালককে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকায় নবীনগর–চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুল ইসলাম।
পুলিশ জানায়, সকালে তাঞ্জিলা বেগম ব্যাটারিচালিত একটি ইজিবাইকে করে ডিইপিজেডের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২৫০৩৩) ইজিবাইকটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি ধাওয়া করে আটক করেন এবং চালক আব্বির হোসেনকে সাভার হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ ট্রাকটিও জব্দ করেছে।
নিহত তাঞ্জিলা বেগমের পরিচয় নিশ্চিত করে পুলিশ জানায়, তিনি ‘গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
এসআই মুশফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবার উপস্থিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।