আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নারী নিহত

Written by

in

আলমাস হোসাইন (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো দায়ের কোপে রূপবান বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) দুপুরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে আশুলিয়ার তাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশ।

নিহত রূপবান বেগম তাজপুর এলাকার জয়নাল সরকারের স্ত্রী। অভিযুক্ত মো. আলিয়া সরকার (৫৫) একই এলাকার মৃত সুলতান সরকারের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রূপবানের একটি ছাগল মো. আলিয়া সরকারের বাড়ির উঠানে গিয়ে ঘাস খেতে শুরু করে। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে আলিয়া সরকার ছাগলটিকে কুপিয়ে মেরে ফেলে। পরে বিষয়টি জানতে রূপবান বেগম অভিযুক্তের কাছে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে আলিয়া সরকার তার হাতে থাকা ধারালো দা দিয়ে রূপবান বেগমের পায়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে জামগড়া পুলিশ ফাঁড়ির এসআই আবু তালিব বলেন, ঘটনায় মামলা হয়েছে বলে শুনেছি, তবে বিস্তারিত জানা নেই।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনার দিনই মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *