অপহরণের ১৮ দিন পর শিশুকে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর রূপনগর থেকে অপহৃত ছয় বছরের শিশু বায়জিদকে ১৮ দিন পর গাজীপুরের টঙ্গী থেকে জীবিত উদ্ধার করেছে এসআরবি-৪। অপহরণের পর শিশুটিকে একাধিক জায়গায় বিক্রির চেষ্টা করে ব্যর্থ হয়ে রাস্তায় ফেলে যায় অপহরণকারীরা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে স্থানীয় পুলিশ শিশুটিকে উদ্ধার করে গাজীপুরের আদর্শনগরে একটি শিশু পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ওই কেন্দ্র থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়।

এসআরবি-৪ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, গত ১৮ সেপ্টেম্বর রূপনগর থানার দুয়ারীপাড়া এলাকার একটি বাসা থেকে শিশু বায়জিদ অপহৃত হয়। ঘটনার পর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে শিশুটিকে উদ্ধারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৪।

তিনি জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অপহরণের পর শিশুটিকে প্রায় দেড় কিলোমিটার দূরে স্কয়ার নার্সিং হোম ক্লিনিকের দিকে নিয়ে যাওয়া হয়। পরে ক্লিনিকের সিসিটিভি ফুটেজে লিপি ও নাসরিনকে শিশুটির হাত ধরে নিয়ে যেতে দেখা যায়। এরপর আর কোনো ফুটেজ পাওয়া যায়নি।

তদন্তে এসআরবি-৪ জানতে পারে, শিশু বায়জিদের বাবা রফিকুল ইসলামের পাশের বাসার ভাড়াটিয়া কুলসুমের মেয়ে নাসরিন কয়েক দিন ধরে ওই বাসায় অবস্থান করছিলেন। প্রাথমিক তদন্তে নাসরিনের একটি শিশু চুরি চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানায় সংস্থাটি।

পরে নাসরিন ও লিপি মিলে শিশুটিকে বিক্রির উদ্দেশ্যে গাজীপুরে নিয়ে যায় বলে তদন্তে তথ্য পাওয়া যায়। সেখানে শিশুটিকে বিক্রি করতে ব্যর্থ হয়ে রাস্তায় ফেলে যায় তারা বলে জানানো হয়েছে।

এ ঘটনায় কুলসুমকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে এসআরবি-৪।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *