Author: swadeshdarpon

  • ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া করলো পাকিস্তানি ফাইটার জেট

    ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া করলো পাকিস্তানি ফাইটার জেট

    আন্তর্জাতিক ডেস্ক:   এবার লাইন অব কন্ট্রোলে ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া করলো পাকিস্তানের ফাইটারজেট। মঙ্গলবার (২৯ এপ্রিল) মধ্যরাতে জম্মু-কাশ্মিরে দু’দেশের সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলে এ ঘটনা ঘটে।

    নিরাপত্তা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম পিটিভি নিউজ।

    গণমাধ্যমটি জানিয়েছে, আকাশসীমা লঙ্ঘন না করলেও নিয়ন্ত্রণরেখার খুবই কাছে টহল দিচ্ছিলো যুদ্ধবিমানগুলো। যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করেনি।

    তবে, পাকিস্তান বিমানবাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে। তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

    এই ঘটনায় কয়েকঘণ্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গণমাধ্যমকে জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত।

    উল্লেখ্য, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গত এক সপ্তাহ ধরেই পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে উত্তেজনা ছড়াচ্ছেন দুই দেশের রাজনীতিবিদরা। সরকারকে সরাসরি যুদ্ধে জড়ানোর উসকানিও দিচ্ছেন কেউ কেউ।

    মূলত, দেশভাগের পর থেকেই বৈরি সম্পর্ক দুই দেশের মধ্যে। সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে প্রতিবেশী দুই দেশের শত্রুতা পৌঁছেছে নতুন মাত্রায়।;

  • ভারত-পাকিস্তান যুদ্ধ শুরুর আশঙ্কায় যুদ্ধের প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী : প্রধান উপদেষ্টা

    ভারত-পাকিস্তান যুদ্ধ শুরুর আশঙ্কায় যুদ্ধের প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী : প্রধান উপদেষ্টা

    নিউজ ডেস্ক:   ভারত-পাকিস্তান যুদ্ধ শুরুর আশঙ্কা আছে। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী। এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে ছিল বার্ষিক মহড়া। ‘আকাশ বিজয়’ নামে হয় এ বছরের বাৎসরিক মহড়া। সেখানে অন্তর্বর্তী সরকারপ্রধানকে গার্ড অব অনার দেয়া হয়।

    অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, প্রতিনিয়ত আসছে যুদ্ধের হুমকি। এ অবস্থায় নিজেদের প্রস্তুতি না নেয়াটা হবে আত্মঘাতী। এ অবস্থায় শান্তির দিকে হাত বাড়াতে হবে।

    প্রধান উপদেষ্টা আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক বিমান বাহিনী করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

    এর আগে, সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দেয়া এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যাকবলিত পরিবারের মাঝে পুনর্বাসনকৃত ঘরের চাবি হস্তান্তর করা হয়।;

  • ’ইন ব্লিসফুল হেল’ দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে

    ’ইন ব্লিসফুল হেল’ দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে

    বিনোদন ডেস্ক:   তাহসিন মাহিন পরিচালিত প্রামাণ্যচিত্র ‘ইন ব্লিসফুল হেল’ দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে। প্রামাণ্যচিত্রটি এবার অফিসিয়াল সিলেকশন পেয়েছে বুলগেরিয়ার স্বনামধন্য গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভাল ২০২৫ এ।

    চলচ্চিত্রটি আগামী ৭ জুন ২০২৫, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবস্থিত সোফিয়া ব্যালকান প্যালেসের “Royal” হলে প্রদর্শিত হবে। এছাড়াও, প্রদর্শনী গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভালের অফিসিয়াল ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

    এর আগে ‘ইন ব্লিসফুল হেল’ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ প্রদর্শিত হয়েছে এবং প্রামাণ্যচিত্র পরিষদ-এর আনুষ্ঠানিক নির্বাচনেও জায়গা করে নিয়েছে।

    একটি অসামান্য মানবিক গল্প, যেখানে দারিদ্র্য, সংগ্রাম ও বিশ্বাসের মাঝে জীবনের সৌন্দর্য খুঁজে নেওয়ার কথা উঠে এসেছে, সেই গল্পই এখন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।;

  • সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ থেকে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট

    সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ থেকে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট

    আন্তর্জাতিক  ডেস্ক: সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ থেকে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট। মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় সকালে ৪১৪ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইটটি জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে অবতরণ করে।

    এসময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার এনায়েত হোসেন সরকার বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান।

    একইদিন হজযাত্রীদের বহনকারী সৌদি এয়ারলাইন্স ও ফ্লাই নাসের আরও দুটি ফ্লাইট জেদ্দা এবং মদিনায় পৌঁছায়।;

  • জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সাংগঠনিক টিম গঠন

    জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সাংগঠনিক টিম গঠন

    নিউজ ডেস্ক:  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সাংগঠনিক টিম গঠন করেছে। জানা গেছে, জেলা সমূহের কমিটি গঠন করতেই কাজ করবে অনুমোদন পাওয়া এই সাংগঠনিক টিম।

    মঙ্গলবার (২৯ এপ্রিল) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই কমিটির অনুমোদন দেন।

    দক্ষিণাঞ্চলের আওতায় পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা দক্ষিণ (মহানগর ও জেলা) অঞ্চলের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।;

  • পহেলগাম হামলা নিয়ে ভারতের অভিযোগ ভিত্তিহীন : মহাপরিচালক আইএসপিআর

    পহেলগাম হামলা নিয়ে ভারতের অভিযোগ ভিত্তিহীন : মহাপরিচালক আইএসপিআর

    আন্তর্জাতিক ডেস্ক:   পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পহেলগাম হামলা নিয়ে ভারতের অভিযোগ ভিত্তিহীন। দেশটি অভিযোগের পক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি। পাকিস্তানের অভ্যন্তরে সীমান্ত সন্ত্রাসবাদ পরিচালনায় ভারত জড়িত ছিল বলেও অভিযোগ করেন তিনি।

    মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

    লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, পাকিস্তানের সামরিক বাহিনীর পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদেরও লক্ষ্য করে ভারত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছে বলে জানা গেছে। নেটওয়ার্কটিকে বিস্ফোরক, আইইডিসহ অন্যান্য উপকরণ সরবরাহ করছে ভারত। বিষয়টি সবার সামনে উপস্থাপন করা হবে।

    তিনি আরও বলেন, গত ২৫ এপ্রিল ভারতে প্রশিক্ষিত একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সে একজন পাকিস্তানি নাগরিক। তার কাছ থেকে একটি আইইডি ও বাড়ি থেকে ভারতের তৈরি ড্রোন পাওয়া গেছে। উদ্ধারকৃত উপকরণের ফরেনসিক বিশ্লেষণে ভারতীয় সন্ত্রাসবাদের প্রমাণ মিলেছে। এটি যেকোনো স্বাধীন সংস্থা তদন্ত করতে পারে।

    প্রসঙ্গত, গত মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন।

    ;

  • ইরানের ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০

    ইরানের ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০

    আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। এছাড়াও আহতের সংখ্যা ১২শ’ ৫জন ছাড়িয়েছে। এই ঘটনায় দেশটির ন্যাশনাল ওয়াটার কায়াকিং চ্যাম্পিয়ন আরমান নোজারেজাদেহ নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এ তথ্য জানায়।

    ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আরমান নোজারেজাদেহ হরমোজগান প্রদেশের জাতীয় ক্যানোয়িং চ্যাম্পিয়ন ছিলেন। দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রণায় তার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতিতে নোজারেজাদেহকে ‘ইরানের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্রদের একজন বলে উল্লেখ করেছে। এই বিবৃতি তাসনিম বার্তা সংস্থার মাধ্যমে প্রকাশিত হয়।

    উল্লেখ্য, ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি বার্তা সংস্থা আইএলএনএ-কে বলেন, কনটেইনারের ভেতর থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবর অনুযায়ী, দেশটির সংসদের সামাজিক কমিটির সদস্য আহমাদ ফাতেমি এই ঘটনা তদন্ত করতে ‘নিরীক্ষণ সংস্থা ও বিচার বিভাগ’-এর প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়াও রাজাই বন্দরে বিস্ফোরণের সাথে জড়িত ব্যর্থতার জন্য সবাইকে স্পষ্ট জবাবদিহিতা দাবি করেছেন।;

  • ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

    ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

    আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, প্রাথমিকভাবে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়েছে। যা আগামী ৮ মে স্থানীয় সময় সকাল থেকে ১১ মে পর্যন্ত চলবে।

    ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, মানবিক দিক বিবেচনা করে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তবে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। রাশিয়া মনে করে সামনে ইউক্রেনীয় পক্ষের এমন উদাহরণ অনুসরণ করা উচিত। ইউক্রেন যদি যুদ্ধবিরতির ঘোষণা অমান্য করে তাহলে কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেন যদি যুদ্ধবিরতির ঘোষণা লঙ্ঘন করে তাহলে কঠোর জবাব দেবে রুশ সামরিক বাহিনী। ইউক্রেনের সংকট দূর করতে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পূর্বশর্ত ছাড়াই শান্তি আলোচনার প্রস্তুতি ঘোষণা করেছে রাশিয়া।;

  • ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

    ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

    নিউজ ডেস্ক:   অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক এবং সফর রাজ হোসেনও বৈঠকে অংশ নেন।

    বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অগ্রগতির বিষয়ে বৈঠকে পর্যালোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব আলোচনা হয়েছে সে ব্যাপারে কমিশনপ্রধান ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করেন। সেই আলোকে পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।;

  • জাতীয় সংসদ ভবনে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন

    জাতীয় সংসদ ভবনে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন

    নিউজ ডেস্ক:   ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার (২৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।

    জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে এতে যোগ দেন ১০ সদস্যের প্রতিনিধি দল।

    বৈঠকে সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ফ্যাসিবাদ নিরসনে জামায়াতের ভূমিকাকে স্বীকার করেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে কাজ চলমান রয়েছে। জাতির আকাঙ্ক্ষা পূরণে কমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিশ্বাসযোগ্য ও টেকসই গণতন্ত্রের জন্য কমিশনকে সহযোগিতা করবে জামায়াত।

    তিনি আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

    প্রসঙ্গত, গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী।;