Author: swadeshdarpon

  • মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মোঃ মনির হোসেন সরকার

    মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মোঃ মনির হোসেন সরকার

    নিজস্ব প্রতিনিধি : রংধনু মিডিয়া এ্যাডভারটাইজিং এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির হোসেন সরকার কে ৩য় বারের মত মরিচাকান্দা জিয়া স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা নির্বাচিত করা হয়েছে। সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসী, সংশ্লিষ্ট শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি জানান, ১৯৯২ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে মরিচাকান্দা জিয়া স্মৃতি উচ্চ বিদ্যালয়টি উপজেলা ছাত্রদলের সহ সভাপতি হিসেবে আমি নিজে এবং এলাকাবাসীসহ নিঃস্বার্থে স্কুলটি প্রতিষ্ঠা করি। বিগত ১৬ বছর পতিত স্বৈরশাসকের রোষানলে পরে শুধু নামের কারণে স্কুলটিতে নূন্যতম উন্নয়ন হয়নি। স্কুলটি উন্নয়নের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।;

  • ‘কোরবানির পশুর চামড়ার দাম বাড়বে, মূল্য নির্ধারণ বৃহস্পতিবার

    ‘কোরবানির পশুর চামড়ার দাম বাড়বে, মূল্য নির্ধারণ বৃহস্পতিবার

    নিজস্ব প্রতিনিধি: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে গত বছরের চেয়ে এ বছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে।

    বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

    বাণিজ্য উপদেষ্টা বলেন, চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে গত বছরের চেয়ে এ বছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার চামড়ার মূল্য নির্ধারণী সভায় মূল্য চূড়ান্ত করা হবে।

    তিনি বলেন, চামড়া মজুত কিংবা ব্যবস্থাপনায় কোনোভাবেই যাতে সিন্ডিকেট কাজ করতে না পারে সে জন্য তৎপর রয়েছে সরকার। এ বছর চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে এতিমখানা এবং মাদ্রাসায় বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে।

    বিডি প্রতিদিন/কেএ;

  • এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ ও চেয়ারম্যানের অপসারণ দাবি

    এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ ও চেয়ারম্যানের অপসারণ দাবি

    নিজস্ব প্রতিনিধি:  এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজস্ব প্রশাসনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বুধবার থেকে সংস্থাটির চেয়ারম্যানকে লাগাতার অসহযোগিতার কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

    পাশাপাশি তাদের তিনটি প্রধান দাবি হলো— জারিকৃত অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও পরামর্শক কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ করা।

    ১২ মে সরকার এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারি করে। এই অধ্যাদেশের বিরুদ্ধে এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। এর ধারাবাহিকতায় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এসব দাবি জানিয়েছে।

    এর আগে দুপুরে এনবিআর কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা।

    আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, এত বড় প্রশাসনিক পরিবর্তন অত্যন্ত গোপন প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, গবেষণাপ্রতিষ্ঠান, এমনকি এনবিআরের নিজস্ব কর্মকর্তাদের মতামত না নিয়েই অধ্যাদেশটি চূড়ান্ত করা হয়। ফলে এর স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

    এর আগে ১৪-১৫ ও ১৭-১৯ মে পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন দফতরে আংশিক কলমবিরতি পালন করা হয়। তবে ২০ মে অর্থ উপদেষ্টার সঙ্গে সভার কারণে কর্মসূচি এক দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল।

    সভায় আলোচনার পর হতাশ প্রতিনিধিদল

    ২০ মে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একটি সভা অনুষ্ঠিত হয়। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল ওই সভায় অংশ নেয়। সভায় অর্থ উপদেষ্টা ছাড়াও দু’জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সদস্য, এনবিআরের সাবেক সদস্য, অর্থ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান।

    প্রতিনিধিদলের অভিযোগ, ১৩ সদস্যের মধ্যে মাত্র দু’জনকে কথা বলার সুযোগ দেওয়া হয়। অর্থ উপদেষ্টা সভার শুরুতেই জানান, তিনি দীর্ঘ আলোচনা করবেন না এবং ছয় থেকে সাত মিনিটের মধ্যে বক্তব্য শেষ করতে হবে।

    সভায় রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সদস্যরা বলেন, জারিকৃত অধ্যাদেশ তাদের সুপারিশের প্রতিফলন নয়। তারা এনবিআর অক্ষুণ্ন রেখে কর্মকর্তাদের মধ্য থেকেই নতুন দুই প্রতিষ্ঠানের নেতৃত্ব নির্ধারণের পক্ষে মত দেন। অন্যদিকে সভায় উপস্থিত দু’জন উপদেষ্টা অধ্যাদেশের পক্ষে অবস্থান নেন।

    সভা শেষে অর্থ উপদেষ্টা গণমাধ্যমকে জানান, ব্যবসায়ীদের স্বার্থে এই অধ্যাদেশ জারি হয়েছে এবং তা বহাল থাকবে। তবে পরামর্শক কমিটির মাধ্যমে কিছু বিষয় সমন্বয়ের চেষ্টা করা হবে। এমনকি তিনি এ–ও বলেন, আন্দোলন চলমান থাকবে কি না, তাতে কিছু আসে–যায় না। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বলেছে, সভায় কথার সুযোগ না দিয়ে একতরফাভাবে ‘ফলপ্রসূ’ বলার প্রচেষ্টা তাদের আহত করেছে।

    পরিস্থিতি পর্যবেক্ষণ করে আন্দোলন আরও সংগঠিত করার লক্ষ্যে এনবিআরের তিন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। বৃহস্পতিবার গ্রেড-১০ ও তদূর্ধ্ব কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হবে।

    আন্দোলনকারীদের দাবি, এনবিআর চেয়ারম্যান সরকারের নীতিনির্ধারকদের কাছে সঠিক তথ্য উপস্থাপন না করে প্রকৃত অবস্থা আড়াল করেছেন। ফলে এই সংকট সৃষ্টি হয়েছে।

    এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পরবর্তী কর্মসূচি

    ১. ২১ মে সংবাদ সম্মেলনের পর থেকে এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে লাগাতার অসহযোগ কর্মসূচি পালন করা হবে;

    ২. ২২ মে দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান;

    ৩. ২২ মে এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে নিজ নিজ দফতরে অবস্থান কর্মসূচি পালন। তবে রফতানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে;

    ৪. ২৪ ও ২৫ মে কাস্টম হাউস, এলসি স্টেশন ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে পূর্ণাঙ্গ কর্মবিরতি। এই দুই দিন কাস্টম হাউস, এলসি স্টেশনগুলোয় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে রফতানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে;

    ৫. ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।;

  • মানবাধিকার সমুন্নত রেখে র‌্যাবকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

    মানবাধিকার সমুন্নত রেখে র‌্যাবকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

    নিজস্ব প্রতিনিধি:  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) আইন মেনে ও মানবাধিকার সমুন্নত রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

    বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় র‌্যাব সদরদপ্তরে র‌্যাব ফোর্সেস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।

    জাহাঙ্গীর চৌধুরী বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সুশাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার র‌্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার এবং পুনর্গঠনে কাজ করছে। আশা করি, জনগণ শিগগিরই এর সুফল ভোগ করবে। র‌্যাব সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করতে হবে।

     

    তিনি বলেন, র‌্যাবকে যখন থেকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিশেষ করে প্রতিপক্ষকে দমন ও নিপীড়নের স্বার্থে ব্যবহার করা শুরু হয়, তখন থেকে এই বাহিনীর বিরুদ্ধে গুম, খুনসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। যা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তাই র‌্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা সম্পূর্ণরুপে বন্ধ করতে হবে।

     

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে র‌্যাব দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

     

    অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন র‌্যাবের মহাপরিচালক (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান। এতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, আইজিপি বাহারুল আলমসহ সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

     

    অনুষ্ঠানে র‌্যাবের কার্যক্রম সম্পর্কে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপদেষ্টা কেক কাটেন ও ফটোসেশনে অংশগ্রহণ করেন।;

  • ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করবো না: মাসুদ পেজেশকিয়ান

    ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করবো না: মাসুদ পেজেশকিয়ান

    আন্তর্জাতিক ডেস্ক:   সম্প্রতি কাতার সফরে ইরান নিয়ে বেশকিছু মন্তব্য করে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতি উত্তরে ইরানও ছেড়ে কথা বললো না। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানালেন, ট্রাম্পের কোনো হুমকির কাছে মাথা নত করবে না ইরান।

    বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। তিন দিনের উপসাগরীয় সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের সমালোচনা করলে তার জবাবেই এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন পেজেশকিয়ান।

    বুধবার (১৪ মে) রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচারিত বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমাদের জন্য শহীদ হওয়া বিছানায় মৃত্যুর চেয়ে অনেক মধুর। আমরা কোনও হুমকির কাছে মাথা নত করব না।

    এর আগে, মঙ্গলবার রিয়াদে জিসিসি শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানের সাথে চুক্তি করতে হলে আগে দেশটিকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। রক্তাক্ত প্রক্সি যুদ্ধ বন্ধ করতে হবে। স্থায়ীভাবে বন্ধ করতে হবে পারমাণবিক অস্ত্র বানানো।

    ট্রাম্প আরও বলেন, যদি ইরান এই শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

    এরইমধ্যে ওয়াশিংটন এবং তেহরান ওমানের মধ্যস্থতায় পারমাণবিক কর্মসূচি নিয়ে চারটি বৈঠক করেছে। যদিও এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি দেশ দুটি।;

  • দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণা

    দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণা

    নিউজ ডেস্ক:   দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণা করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন। বৃহস্পতিবার (১৫ মে) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে কাকরাইলে চলমান আন্দোলনে এ ঘোষণা দেন তিনি।

    ড. রইস উদ্দিন বলেন, আমাদের তিন দফা দাবির সঙ্গে আরও একটি দাবি যোগ করেছি। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হওয়া হামলার বিচার আমাদেরকে দিতে হবে। এসব দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা ক্যাম্পাসে ফিরে যাবো না। সে অর্থে ক্যাম্পাস শাটডাউন থাকবে।

    এর আগে, বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে যাত্রা করে কয়েকশত শিক্ষার্থী। পথিমধ্যে পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

    তবে, কাকরাইল মোড় পৌঁছালে সেখানে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এসময় আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ আহত হয় অন্তত ৩৮ জন।

    এরপর রাত ১০টার দিকে আন্দোলরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান উপদেষ্টা মাহফুজ। সেখানে তার ওপর বোতল ছুড়ে মারে এক ক্ষুব্ধ শিক্ষার্থী।

    তবে প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দ্রুতই প্রধান উপদেষ্টা বৈঠক করবে। বৈঠকে শিক্ষার্থীদের ৩ দফা দাবির বিষয়ে সমাধান করার চেষ্টা করা হবে। যেকোনো যৌক্তিক আন্দোলনের বিষয়ে সরকার কথা শুনবে।

    উপদেষ্টার আশ্বাসেও আন্দোলন থামায়নি জবি শিক্ষার্থীরা। গভীর রাতেও রাজপথে অনড় অবস্থানে ছিলেন তারা। দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন।

    সরেজমিন দেখা গেছে, গভীর রাতেও কাকরাইলে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। অনেকে রাত কাটিয়েছেন সড়কে শুয়ে, সড়কেও ঘুমিয়েছেন অনেকে। গভীর রাতেও থেমে থেমে স্লোগান দিতে দেখা গেছে তাদের।

    জানা গেছে, গত সোমবার শিক্ষার্থীদের দাবি আদায়ে ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর আজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে জবির বাজেট বৃদ্ধি ও আবাসন সংকট নিরসন বিষয়ে আলোচনা হলেও দাবি মানা হয়নি বলে অভিযোগ তোলে শিক্ষার্থীরা।

    তাদের ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী সংশ্লিষ্ট দাবিগুলো যথাযথভাবে উপস্থাপন করলেও ইউজিসি বরাবরের মতোই দায়সারা আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে দিয়েছে। সেখান থেকে ক্যাম্পাসে ফিরে বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনের প্রতিনিধিরা একত্রে আলোচনা করে ‘লং মার্চ টু যমুনা’র ঘোষণা দেয়।

    শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

    ১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জবির ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

    ২. জবির ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।

    ৩. জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

    নতুন যুক্ত হওয়া দাবিটি হলো—

    ৪. শিক্ষক ও শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার যথাযথ বিচার ও ব্যবস্থা গ্রহণ করতে হবে।;

  • সাময়িক বন্ধের পর পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করছে নভোএয়ার

    সাময়িক বন্ধের পর পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করছে নভোএয়ার

    নিউজ ডেস্ক:  সাময়িক বন্ধের পর আগামী ২১ মে থেকে পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করছে নভোএয়ার। পাশাপাশি টিকেটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে, গত ২ মে থেকে ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রেখেছিল নভোএয়ার।

    বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

    তিনি বলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২১ মে থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছি। ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিল। সাময়িক বিরতিকালে আমরা সম্মানিত যাত্রী এবং শুভানুধ্যায়ীদের অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি।

    নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক বলেন, উন্নত যাত্রীসেবায় আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপদ ভ্রমণ সেবা প্রদানই আমাদের অগ্রাধিকার। আমরা সবাইকে আবার স্বাগত জানাতে প্রস্তুত।

    এদিকে, টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের অফারটি পেতে যাত্রীদের নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে VQWEBAPP লিখে টিকিট ক্রয় করতে হবে।

    যাত্রীরা আজ বৃহস্পতিবার থেকেই নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, নভোএয়ার সেলস অফিস অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন।;

  • ২শ কেজি গাঁজাসহ দুই নারী আটক

    ২শ কেজি গাঁজাসহ দুই নারী আটক

    কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ২শ কেজি গাঁজাসহ তাসলিমা বেগম (৩৭) ও ইসরাত জাহান (১৯) নামে দুই নারীকে আটক করেছে পুলিশ। তারা সম্পর্কে মা ও মেয়ে।

    বুধবার (১৪ মে) ভোরে জেলার আদর্শ সদর উপজেলার মির্জানগর গ্রামের প্রবাসী মোতালেব মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

    কোতোয়ালি থানা পুলিশ জানায়, বুধবার ভোর রাতে মির্জানগর গ্রামের প্রবাসী মোতালেবের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ি থেকে ৫ মণ (২০০ কেজি) গাঁজা জব্দ করে পুলিশ। আটক করা হয় ইসরাত জাহান ও তার মেয়ে তাসলিমা বেগমকে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমর ফারুক, হান্নান ও আমজাদ নামের তিন অভিযুক্ত মাদক কারবারি পালিয়ে যায়।

    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, তাসলিমা বেগমের বিরুদ্ধে একটি মাদকের মামলা রয়েছে। এবার মা-মেয়ে দুজনকে আটক হলো। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটক মা-মেয়েকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।;

  • সাড়ে ছয় ঘণ্টা অবস্থানের পর শাহবাগ মোড় থেকে নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দেয়া হয়েছে

    সাড়ে ছয় ঘণ্টা অবস্থানের পর শাহবাগ মোড় থেকে নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দেয়া হয়েছে

    নিউজ ডেস্ক:  প্রায় সাড়ে ছয় ঘণ্টা অবস্থানের পর শাহবাগ মোড় থেকে নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দেয়া হয়েছে। এ সময় নার্সিং শিক্ষার্থীদের সাথে পুলিশের হাতাহাতি ও ধস্তাধস্তি হয়।

    বুধবার (১৪ মে) রাত ৮টার পরে শিক্ষার্থীরা সরিয়ে দেয়া হলে ওই এলাকা দিয়ে যান চালাচল শুরু হয়।

    বুধবার দুপুর থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও সড়ক থেকে সরছিলেন না আন্দোলনকারী শিক্ষার্থীরা। একপর্যায়ে রাত সোয়া আটটার দিকে পুলিশ শিক্ষার্থীদের ঘিরে ফেলে এবং মূল সড়ক থেকে সরে যেতে বাধ্য করে। পুলিশ বলছে, অ্যাকশন নয় কৌশলেই তাদের সরিয়ে দেয়া হয়েছে।

    এর আগে, বুধবার দুপুরে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের একদফা দাবিতে জাতীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে নার্সিং শিক্ষার্থীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রোগী, সাধারণ মানুষ ও অফিস ফেরত মানুষেরা চরম দুর্ভোগে পড়েন।

    বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, দেশে নার্সিং পেশায় ডিপ্লোমাধারী নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা নার্সরা পেশাগত ও প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রিধারীদের মতো মূল্যায়ন না পাওয়ায় চাকরির ক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হতে হচ্ছে। এ নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনও কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।;

  • নেত্রকোণায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

    নেত্রকোণায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

    নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় বজ্রপাতে রাকিব হাসান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের সাটিয়া গ্রামের এ ঘটনা ঘটে।

    নিহত রাকিব হাসান ওই গ্রামের আব্দুল বারিক এর ছেলে। তিনি পেশায় ভাঙারির ব্যবসা করতেন।

    এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রাকিব হাসান ভ্যান গাড়ি নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে পুরাতন লোহা ভাঙা প্লাস্টিকসহ জিনিসপত্র সংগ্রহের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে বাড়ি থেকে তিনি ভ্যান গাড়ি নিয়ে বের হন। কিছু দূর গেলে হঠাৎ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

    নেত্রকোণা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন পুলিশ পাঠানো হয়েছে।

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক বলেন, বজ্রপাতে মারা যাওয়া রাকিবের দাফন কাফনের জন্য পরিবারকে প্রাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।;